রাজশাহীর মৃত্তিকা উন্নয়ন ইনস্টিিটউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা কতটা বৈজ্ঞানিক, সে বিষয়ে সংশয় থাকলেও তাঁরা ভেজাল সার আসল করতে যথেষ্ট তৎপরতা দেখিয়েছেন; যদিও শেষরক্ষা হয়নি দিনাজপুরের জেলা প্রশাসকের হস্তক্ষেপের কারণে৷
দিনাজপুর সীমান্ত দিয়ে তিন হাজার ৪৯৫ মেট্রিক টন সার পাচার হয়ে আসে বাংলাদেশে৷ এসব ভেজাল সার যাতে কৃষকের হাতে না পৌঁছায়, সে জন্য কর্তৃপক্ষ আটক করে বিভিন্ন গুদামে রেখে দেয়৷ পরে একজন সার ব্যবসায়ী এসব সার মানসম্পন্ন দাবি করে নমুনা পাঠান রাজশাহীর মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউটে পরীক্ষার জন্য৷ আর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবু তোয়াব খন্দকার ও তাঁর সহযোগী আইয়ুবুর রহমান প্রথমে এই সারকে ভেজাল বললেও ১৫ দিনের মাথায় ফের তা ভালো বলে সার্টিফিকেট দেন৷ গত ৫ এপ্রিল প্রথম আলোয় ‘ভেজাল সার ১৫ িদন পরই ভালো হয়ে গেল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়৷ এরপর দিনাজপুরের জেলা প্রশাসক সার পরীক্ষার জন্য নমুনা পাঠান ঢাকায় এবং সার ভেজাল বলেই প্রমাণিত হয়৷
ধারণা করা অমূলক নয় যে অসাধু ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশেই রাজশাহীর দুই বৈজ্ঞানিক কর্মকর্তা ভেজাল সারকে আসল বলে চালিয়ে দিয়েছিলেন৷ একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা এ ধরনের অন্যায় কাজ করতে পারেন, ভাবতেও কষ্ট হয়৷ রাজশাহীর মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউটকে যে সংশ্লিষ্ট ব্যক্তিরা বাপ-দাদার সম্পত্তি ঠাহর করেছেন, তার প্রমাণ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একনাগাড়ে ২৩ বছর একই স্থানে পদায়িত ছিলেন৷
যাঁরা এই ভেজাল সারকে আসল বলে কৃষক ও কৃষির সর্বনাশ করতে যাচ্ছিলেন, তাঁদের কী শাস্তি হওয়া উচিত? খবর অনুযায়ী রাজশাহীর বৈজ্ঞানিক কর্মকর্তাদের অন্যত্র বদলি করা হয়েছে৷ বদলি তো শাস্তি নয়৷ এ ব্যাপারে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দিতে হবে৷ অন্যথায় তাঁরা বদলি স্থানে গিয়েও একই দুষ্কর্মে লিপ্ত হবেন৷
আমরা বৈজ্ঞানিক কর্মকর্তাদের কাছে বস্তুনিষ্ঠ বৈজ্ঞানিক পরীক্ষাই আশা করি, ভেজাল বা নকল সারকে আসল বানানো নয়৷