খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল, পানিতে ভেজাল, বাতাসে ভেজাল। যেন ভেজালের উৎসব চলছে। তবে খাদ্যে ভেজাল সব ভেজালকেই ছাড়িয়ে গেছে, যার ভুক্তভোগী আমরা সবাই, যার পরিণতিও ভয়ংকর। খাদ্যে ভেজাল এমন একটি নীরব ঘাতক, যা ধীরে ধীরে সুস্থ মানুষকে সুস্থ ধারা থেকে ছিনিয়ে নিচ্ছে। তাজা ফলমূল দেখে খেতে ইচ্ছা হলেও ফরমালিনের ভয়ে ইচ্ছেকে দমন করতে হয়। অনেক পথ ভ্রমণ করে আনা মাছকে নিয়েও সন্দেহ হয়। তরতাজা মাছ, এতে থাকবে এক ধরনের বিষ, ভাবতে খুবই খারাপ লাগে। শাকসবজি খাই ভিটামিনের অভাব পূরণের জন্য, কিন্তু সন্দেহ হয় এই শাকসবজির সঙ্গে আর কী যেন অদৃশ্য ক্ষতিকর উপাদান খাচ্ছি। দুধ, ডিম, এতেও নাকি ভেজাল দেওয়া হচ্ছে। গুঁড়া দুধে মেলামিন, ডিমে রাসায়নিক রং মেশানোটা আর নতুন কিছু নয়।
অপ্রিয় হলেও সত্য, আজকাল কিছু মানুষের আচরণেও ভেজাল দেখা যায়। খাদ্যে ভেজালের ফলে মানুষের মনে ভেজাল সৃষ্টি হচ্ছে, নাকি মানুষের মনের ভেজালের কারণে খাদ্যে ভেজাল হচ্ছে! এটি সত্য যে কিছু অসাধু, অতি মুনাফালোভী, স্বার্থপর মহল এত সব ভেজালের সঙ্গে জড়িত। দিনের পর দিন তারা এই ভেজাল অপকর্ম নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে। অবস্থা এতই বেহাল যে আজ ফরমালিনমুক্ত বাজার ঘোষণা করতে হয়। সাইনবোর্ডে ফরমালিনমুক্ত লিখে মানুষকে আশ্বস্ত করতে হয়। ভেজালকারীরা যেন ধরাছোঁয়ার বাইরে। খাদ্যে ভেজাল প্রতিরোধে বিশেষ আইন করা হবে বলে অনেক দিন ধরে শুনে আসছি। কিন্তু কেন যে দেরি হচ্ছে, তা নীতিনির্ধারকেরাই ভালো বলতে পারবেন।
ইতিমধ্যে ভেজালবিরোধী অসংখ্য মানববন্ধন, আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণা হয়েছে এবং হচ্ছে। সবকিছুর মূল কথা, ভেজাল প্রতিরোধে একটি বিশেষ আইন তৈরি করে তা কার্যকর করা হোক। ভেজাল প্রতিরোধ ও প্রতিকারে সবাই এগিয়ে আসুক।
শফিকুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়।