ভোক্তাদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে রোজাদারদের দুর্গতি। যেকোনো অনুষ্ঠান-উৎসব সামনে রেখে দ্রব্যসামগ্রীর মূল্যবৃদ্ধি অনেকটা রেওয়াজে পরিণত হয়েছে। রোজার মাস এলেই বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রবণতা ছিল এত দিন। কয়েক বছর ধরে সেই প্রবণতায় যেন নতুন মাত্রা যোগ হয়েছে। এখন রমজান আসার আগেই জিনিসপত্রের দাম বেড়ে যায়। এতে রোজায় নতুন করে পণ্যের দাম না বাড়লেও মতলববাজ ব্যবসায়ীদের যা মুনাফা লোটার তা তাঁরা লুটে নিতে পারেন। আর এসব অসাধু ব্যবসায়ীকে এ রকম অসৎ পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দেন সরকারের নীতিনির্ধারকেরা। আর তা যদি না-ই বা হবে, তাহলে আগে থেকেই বাজারে বিভিন্ন পণ্যের ঘাটতি হবে কেন?
প্রতিবছরের মতো এ বছরও রোজাকে উপলক্ষ করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম বেড়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুসারে, রোজার সময় চাহিদাসম্পন্ন পণ্যের দাম রোজা শুরুর দুই সপ্তাহেরও বেশি সময় আগে থেকে বাড়তে শুরু করেছে। ক্রেতাসাধারণ অনেকটা দিশেহারা অবস্থার মধ্যে পড়েছে। রোজার আগেই পেঁয়াজ, রসুন, আদা, ছোলা, ডাল, বেসন, ভোজ্যতেল ও চিনির দাম কেজিপ্রতি ১০ টাকা করে বেড়েছে। ধারণা করা হচ্ছে, আরও বাড়বে। বাজার পর্যবেক্ষণ ও স্থিতিশীল রাখার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সংস্থা টিসিবির তথ্যানুযায়ী, এক মাসের ব্যবধানে এসব পণ্যের দাম ৫ থেকে ১৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। আমরা এ থেকে নিস্তার চাই৷
নজরুল ইসলাম, রাজশাহী৷