ভোট উৎসবের সাতকাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে ভোটই সবচেয়ে সেরা পার্বণ
ভারতে ভোটই সবচেয়ে সেরা পার্বণ

আজ শুধু ভোটের গল্প শোনাব। ভারতের ভোটের গল্প। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটই সবচেয়ে সেরা পার্বণ। বিশেষ করে লোকসভার ভোট।
কিছুদিন আগে এই কাগজেই এক নিবন্ধে লিখেছিলাম, অমাবস্যা-পূর্ণিমায় যেমন বাতের ব্যথা বাড়ে, ঠিক তেমনই ভারতে লোকসভা ভোট এগিয়ে এলে কংগ্রেস ও বিজেপিকে ‘অপছন্দ’ করা দলগুলো তৃতীয় ফ্রন্ট অথবা বিকল্প সরকার গঠনের তোড়জোড় শুরু করে দেয়। তারপর হয় ভোট শুরুর আগেই কুয়াশা কেটে যাওয়ার মতো মিলিয়ে যায় তৃতীয় ফ্রন্টের কল্পিত অবয়ব, নয়তো হাঁটি হাঁটি পা পা করতে করতে ঢলে পড়ে অনন্ত গহ্বরে। যতবার এ দেশে বিকল্প সরকার হয়েছে, প্রতিবারই চিত্রনাট্য যেন একে অন্যের জলছবি!
এবারও ভোটের কিছুদিন আগে থেকে তৃতীয় ফ্রন্ট গঠনের তোড়জোড় শুরু হলো। উদ্যোগের সলতে পাকানোর দায়িত্বটা সব সময় বামপন্থীরাই নেন। এবারও তার অন্যথা হয়নি। জানুয়ারি মাসে প্রথম যখন তাঁরা নড়েচড়ে বসেন, তখনই এক নিবন্ধে ওই অমাবস্যা-পূর্ণিমার উদাহরণ টেনেছিলাম। ভোট শুরুর এক মাস আগেই দেখা যাচ্ছে, ১১ দলের তৃতীয় ফ্রন্ট যাত্রা শুরুর আগেই ঝুরঝুর করে ঝরে পড়ছে।
ফ্রন্টের কফিনে প্রথম পেরেকটা ঠুকলেন প্রধানমন্ত্রিত্বের স্বপ্নে হঠাৎই বিভোর হওয়া তামিল সম্রাজ্ঞী জয়ললিতা। অথচ তাঁর সঙ্গে চেন্নাই গিয়ে দেখা করেছিলেন সিপিএমের প্রকাশ কারাত ও সিপিআইয়ের এ বি বর্ধনেরা। খুব গদগদ হয়ে তাঁরা ছবি তুলেছিলেন ‘আম্মা’র সঙ্গে। তৃতীয় ফ্রন্ট গড়ার উদ্যোগটা যদি হয় রথ দেখা, তাহলে কলা বেচাটা ছিল জয়ললিতার আঙুল ধরে তামিলনাড়ুতে দু-একটা আসন বাগিয়ে নেওয়া। আম্মা সেই আশ্বাসও নাকি দিয়েছিলেন। দুই দলকে দুটি করে চারটি আসন ছাড়বেন। অথচ কলা দেখাতে দেরি করলেন না। প্রকাশ-বর্ধনেরা এখন রাগে গরগর করছেন।
জয়ললিতার মতো ওডিশায় বিজু জনতা দলের (বিজেডি) একচ্ছত্র অধিপতি নবীন পট্টনায়কও বাম নেতাদের ওপরে তুলে মইটা নড়বড়ে করে সরে দাঁড়ালেন। তিন-তিনবার প্রতিনিধি পাঠিয়েও তিনি আপাতত নির্বাক। আম্মার মতো প্রধানমন্ত্রিত্বের স্বপ্ন তিনি দেখছেন না। কিন্তু ভোটের আগেই তুরুপের সব কটা তাস দেখানোর পাত্রও তিনি নন।
উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির অবিসংবাদী কান্ডারি মুলায়ম সিং যাদব সাপ ও ব্যাঙ—দুইয়ের মুখেই চুমু খেতে ওস্তাদ। কংগ্রেসের সঙ্গে থেকেও অবলীলায় না-থাকার ভান করতে যেমন পারেন, তেমনই বামপন্থীদের বুদ্ধু বানাতেও তাঁর জুড়ি মেলা ভার। তৃতীয় ফ্রন্ট গড়তে বামপন্থীদের তোল্লা দিয়ে এখন তিনি বলছেন, যা হবে ভোটের পরে। আগে কিছু নয়। মুলায়মের মতোই একই সুর সংযুক্ত জনতা দলের নীতিশ কুমারের গলায়। ভোট শেষ হওয়ার আগে তাঁরাও গলা বাড়াতে রাজি নন। ফলে তৃতীয় ফ্রন্টের অবস্থাটা অনেকটা সেই হারাধনের দশটি ছেলের গল্পের মতো হয়ে দাঁড়াচ্ছে। শেষ পর্যন্ত কমিউনিস্টরা ছাড়া বাকি সব পগার পার।
গর্ভাবস্থায় ভ্রূণের মৃত্যু-মুহূর্তে আম্মার ফোন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতাও তাঁকে প্রধানমন্ত্রী পদে সমর্থনের কথা জানিয়ে দিলেন। আম্মা গদগদ। কারাতদের দিকে তাকিয়ে মুচকি হেসে মমতা মনে মনে বললেন, এবার বোঝো ঠেলা।
মমতার রাজনীতির ঠেলার টের প্রকাশ-বুদ্ধ-বিমানের মতো পেলেন তাঁর দলের নেতারাও। নিত্যদিন যাঁরা তাঁর জন্য প্রাণপাত করছেন, তাঁদের দিকে না তাকিয়ে দিব্যি তিনি মুনমুন সেন, সন্ধ্যা রায়, দেব, বাইচুংদের টেনে আনলেন! বিনোদন জগতের মানুষদের জন্য তাঁর এত দরদ কেউ কি আগে বুঝেছিল? মমতার লোকসভার টিকিট বিলির কায়দাটাই হয়ে গেল এক দারুণ বিনোদনের খোরাক। জেলায় জেলায় ব্লকে ব্লকে তৃণমূলের যে নেতারা দিদির কৃপা পেতে এত দিন লাঠালাঠি করে গেলেন, তাঁদের এখন একমুখ মাছি। গালে হাত দিয়ে তাঁরা এখন দিদির রাজনীতির হদিস খুঁজতে ব্যস্ত।
ভারতের ভোট মানে দুই শ মজা। কে কার প্রতি কত নিবেদিত, কে কতখানি নীতি-অন্তপ্রাণ, কে কার কতখানি আপনার, কে কার প্রতি কতটা বিশ্বস্ত, ভোটই হলো তার কষ্টিপাথর। এই যে এত ঝুঁকি নিয়ে সংসদীয় রাজনীতির রীতিনীতির বারোটা বাজিয়ে সীমান্তে কংগ্রেসের সাইনবোর্ড খুলে দেওয়ার জোগাড় করে সোনিয়া-রাহুলেরা তেলেঙ্গানা তৈরি করলেন, টিআরএস নেতা চন্দ্রশেখর রাও কিন্তু পিঠটান দিলেন। অথচ কী ঢাকঢোলই না পিটিয়ে তিনি জানিয়েছিলেন, যেদিন তেলেঙ্গানা হবে, সেদিনই দল গুটিয়ে কংগ্রেসে মিশে যাবেন! কংগ্রেসের এখন না আছে পেছানোর উপায়, না আছে গোসাঘরে খিল দেওয়ার হাল। কিল হজম করেই তাঁদের থাকতে হবে। রাজনীতিতে প্রতিশ্রুতি ও বিশ্বাসের স্থান কোথায়, অতঃপর সেই রচনা লিখতে গেলে তেলেঙ্গানার উদাহরণ টানতেই হবে।
বাংলাদেশের ভোটের আগে এরশাদ সাহেবের অহরহ ভোল বদল বেশ কৌতুক ও কৌতূহল সৃষ্টি করেছিল। মানুষজন বেশ মজা পেয়েছিলেন। ভারতের রাজ্যে রাজ্যে গন্ডা গন্ডা এরশাদ এখন নিত্যদিন ভোল পাল্টাচ্ছেন। ভোটের আগে দলবদল রংবদল ভারতীয় রাজনীতির এক
চিরায়ত ব্যাধি। এই যে এত নীতিনিষ্ঠ বামপন্থীরা, মমতায় মুগ্ধ হয়ে তাঁরাও দেখি কুলত্যাগী হচ্ছেন! খোদ পশ্চিমবঙ্গেই রাজ্যসভা ভোটের আগে আমরা গোল গোল চোখে তা দেখলাম। কংগ্রেস এবার টিকিট বিলির আগে খুব সজাগ সজাগ ভাব করছে। বিশেষ করে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে। অথচ তিন দুর্নীতিগ্রস্তকে কলমে টিকিট দেওয়া নিয়ে কংগ্রেসে তুলকালাম চলছে। ওই যে কথায় বলে না, ভালোবাসা ও যুদ্ধে সবকিছুই চলে?
ভোট তো যুদ্ধই। তাতে জেতাটাই আসল কথা। বাকি সব তুচ্ছ।
আর তাই দারুণ দারুণ সব ঘটনা ঘটছে। কংগ্রেসের টিকিটে নাম উঠল মধ্য প্রদেশের ভগীরথ প্রসাদের। রাত সাড়ে নয়টায় নাম ঘোষণা হলো, ২৪ ঘণ্টাও কাটল না, পরের দিন সকালে ভোপালে বিজেপি নেতাদের সঙ্গে বসে তিনি বিজেপিতে যোগ দিলেন। কংগ্রেসের হাল সত্যিই খুব খারাপ। রাজ্যে রাজ্যে তাই কংগ্রেসত্যাগের ধুম পড়েছে। করুণানিধিও কলকে দিচ্ছেন না কংগ্রেসকে। যাঁদের নিয়ে কংগ্রেস তাঁকে জেরবার করল, সেই কন্যা কানিমোলি ও তাঁর অতি কাছের মানুষ এ রাজাকে টিকিট দিয়ে করুণানিধি বোঝালেন, দুর্নীতি তাঁর কাছে আদৌ কোনো বিষয় নয়।
এর চেয়ে বড় খবর করুণানিধি নিজের ‘বদ ছেলে’ আলাগিরিকে টিকিট থেকে বঞ্চিত করলেন। আলাগিরিও নতুন দল গড়ার কথা জানিয়ে রাখলেন জয়ললিতার হাসি চওড়া করে। লালু প্রসাদ খুব হইহই করে তাঁর স্ত্রী ও কন্যাকে প্রার্থী করলেন, রাগে-দুঃখে তাঁর সঙ্গ ছাড়লেন তাঁর ২০ বছরের অতি বিশ্বস্ত সঙ্গী রামকৃপাল। বিহারে আয়ারাম গয়ারামদের এখন নিত্য আনাগোনা। কে কোথায় চললেন আগাম আন্দাজই কঠিন হয়ে যাচ্ছে। আন্না হাজারে এক দিনের জন্যও অরবিন্দ কেজরিওয়ালদের জন্য নির্বাচনী প্রচারে যাননি। ভোটের রাজনীতি নাকি তাঁর পছন্দ নয়। মমতার মধ্যে সেই আন্না কী দেখলেন তিনিই জানেন, মমতার প্রার্থীদের জেতাতে জানমান বাজি ধরেছেন। মমতার দলের হয়ে তিনি বিজ্ঞাপনও করে ফেললেন! রামলীলায় জনসভাও। এমন একটাও রাজ্য নেই, ভোটের আগে যেখানে নতুন নতুন সমীকরণ হচ্ছে না। নতুন জোট, নতুন আশা, নতুন সঙ্গী, নতুন প্রতিশ্রুতি।
প্রতিটি ভোটের আগেই জনমত সমীক্ষা বা জরিপ করা এ দেশে রীতিমতো নিয়ম হয়ে দাঁড়িয়েছে। টাকাপয়সা দিয়ে সেই জরিপে কারচুপি করার অভিযোগ এবার মিডিয়া থেকেই উঠল। তবে সব কটি জরিপেই বিজেপি ও নরেন্দ্র মোদি এগিয়ে। মোদি যত এগোচ্ছেন, বিজেপিতে মোদির বিরোধীরাও হচ্ছেন তত বেশি সক্রিয়। এ এক অদ্ভুত খেলা চলছে বিজেপিতে। মোদি চাইছেন গুজরাটের পাশাপাশি উত্তর প্রদেশ থেকেও দাঁড়াতে। তাঁকে পছন্দসই আসন ছাড়তে অন্য নেতারা আবার নারাজ। সংঘের নেতাদের কালঘাম ছুটে যাচ্ছে বারানসির জন্য মুরলী মনোহর জোশিকে বাগে আনতে। মোদিকে বারানসি ছেড়ে জোশি কানপুরে যেতে রাজি নন। রাজনাথ সিং বিজেপির সভাপতি হলেও ভোটের বাজারে তাঁর আকর্ষণ মোদির মতো অবশ্যই নয়। তার ওপর তাঁর কেন্দ্র গাজিয়াবাদ হলো আম আদমি পার্টির আঁতুড়ঘর।
অরবিন্দ কেজরিওয়ালের বাড়িই শুধু গাজিয়াবাদ নয়, পার্টির সদর দপ্তরও সেখানেই। ফলে রাজনাথ কেন্দ্র পাল্টে লক্ষ্নৌ যেতে চাইছেন। ওদিকে লক্ষ্নৌ ছাড়তে একেবারেই রাজি নন লালজি ট্যান্ডন। কলরাজ মিশ্রও বড় নেতা। তিনি রাজ্যসভার সদস্য হলেও কানপুরে ভোটে দাঁড়াতে আগ্রহী। মজাটা হলো, মোদি-রাজনাথকে আটকাতে মুরলী মনোহর-লালজি ট্যান্ডন-কলরাজ মিশ্র হাত মিলিয়ে ফেলেছেন। পেছনে রয়েছেন লালকৃষ্ণ আদভানি। এ যেন ঠিক ঘরের মধ্যে ঘর।
এক-দুই করে এবারের ভোটের আগ্রহের তালিকাগুলো এভাবে সাজানো যেতে পারে। ১. নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে পারবেন কি না। ২. বিজেপি একা ডাবল সেঞ্চুরির রেকর্ড করতে পারবে কি না। ৩. মোদিকে রেখে বিজেপি বাড়তি সাথি জোটাতে পারবে, নাকি শেষ বেলায় সারথি বদলাবে। ৪. কংগ্রেসের আসনসংখ্যা ১০০ পেরোয় কি না। ৫. দলগতভাবে তৃতীয় স্থানে কে দাঁড়াবেন, মমতা, জয়ললিতা, মায়াবতী না মুলায়ম। ৬. বিজেপিকে রুখতে শেষ পর্যন্ত আঞ্চলিক দলগুলো একজোট হয়ে বাইরে থেকে কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়বে কি না।
আরেকটা আগ্রহও রয়েছে। সাম্প্রতিক অতীতে ভারতীয় রাজনীতিতে হইচই ফেলে দেওয়া আম আদমি পার্টির হাল ভোটের পরে কী হয়, তা জানতেও মানুষের আগ্রহ অসীম। অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তি একটু টাল খেলেও কোনো দলই তাঁকে না পারছে গিলতে, না পারছে উগরাতে। রাজনীতিতে তিনি নবাগত। সাধারণ মানুষকে তিনি সার্থকভাবে স্বপ্ন ফেরি করেছেন। নানা শ্রেণী ও পেশার মানুষের ঢল এখনো
আম আদমি পার্টির চাকচিক্যকে অমলিন রেখেছে। বহু মানুষ ভরসাও করছে। তাদের মনে কী হয় কী হয় টেনশন।
ভোটটা কেটে গেলে এত আগ্রহের নিরসন হয়ে গেলে এই দুই শ মজাও আচমকা হারিয়ে যাবে। জীবনটা ফের হয়ে যাবে ফ্যাকাশে, ম্যাড়মেড়ে, পানসে।

সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।