
পৃথিবীর আর কোনো দেশ গত রোববারে এতটা অসন্তোষজনক বিচ্ছিন্নতায় নিপতিত হতে পারত না, যতটা ছিল বাংলাদেশ। পৃথিবী এমন এক নির্বাচনের সাক্ষী হলো, যা বিরোধী দল বয়কট করেছে, অন্তত ১০০টি ভোটকেন্দ্রে আগুন জ্বলেছে, অজস্র ভোটকেন্দ্র ছিল ভোটারশূন্য। বাংলাদেশের রাজনৈতিক শ্রেণী, বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপি সত্যি সত্যিই দারুণভাবে গণতন্ত্রের মৃত্যুসংবাদ রচনা করেছে। হলফ করে বলা যায়, জাতিসংঘ স্বতঃ মধ্যস্থতাকারীর ভূমিকায় ব্যর্থ হয়েছে। আর সত্যের কাছাকাছি সত্য হলো, জাতিসংঘ প্রতিনিধিকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনায় কাজ করতে দেওয়া হয়নি। ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষক না পাঠিয়ে খোলাখুলি বার্তা জানিয়ে দিয়েছে। সত্যিকার অর্থে, আন্তর্জাতিক মহল আত্মপ্রতারণার এই মারাত্মক চর্চার অংশ হতে চায়নি। নির্বাচনী স্বচ্ছতার মানদণ্ডে—বাস্তবে যা খুবই সামান্য দৃশ্যমান—শেখ হাসিনার বিজয় সামান্য অর্থই বহন করে। এটা আরেকটি প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন, যা মূলত প্রাতিষ্ঠানিক আহাম্মকি। স্বচ্ছতা থাকবে না বলেই, সব সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শর্তে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় নারাজ হয়ে নিজের মতো চলেছেন। এর মাধ্যমে তিনি হয়তো স্বল্প মেয়াদে এগিয়ে থাকলেন। এটা এমন এক ভেজাল বিজয়, যাকে স্বাগত জানিয়েছে সহিংসতা, হত্যাকাণ্ড ও লাগাতার অবরোধ। আগাগোড়া অর্থহীন নির্বাচনের পথে ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে গত রোববারের ট্র্যাজেডি আরও গভীরই হলো।
নিজের ছকে পাওয়া বিজয়ের উল্লাসের মুহূর্তে হাসিনা নিজেকেই এমনভাবে আহত করেছেন, যাকে ব্যান্ডেজ করা সহজ হবে না। নিছক প্রশাসনিক কাঠামোর ভেঙে পড়াই আন্তর্জাতিক উদ্বেগের কারণ হবে না; দেশটির স্বাধীনতা আনয়নকারী পরিবারের বংশধর হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে শেখ হাসিনার এবং অবশ্যই আওয়ামী লীগের বিশ্বাসযোগ্যতা বিনষ্ট হয়েছে। এ এক নিষ্ঠুর পরিহাস।
দুঃখজনক যে ভারতকে তার পূর্বপ্রান্তে এমন এক প্রতিবেশীর সঙ্গে কারবার করতে হবে, যার ক্ষমতার ভিত্তি হলো গণতন্ত্রের প্রতিশ্রুতির প্রতি এই পরিহাস। একদলীয় নির্বাচনের মাধ্যমে এই ধোঁকাবাজি পূর্ণ হলো। হ্যাঁ, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত করার জন্য যথেষ্ট সাংসদ এখন সংসদে রয়েছেন। কিন্তু পূর্বনির্ধারিত ফলাফল দেশে ও বিদেশে এই সরকারের বৈধতার ঘাটতি ঘটাবেই। আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা অর্জনে সক্ষম একটি নতুন নির্বাচন করার পরামর্শ দেওয়া যত সহজ, তা বাস্তবায়ন করা ততই কঠিন। মর্মান্তিক বাস্তবতা হলো, বাংলাদেশের রাজনীতি অতিমাত্রায় অকার্যকর হয়ে পড়েছে।
দ্য স্টেটসম্যান, ৭ জানুয়ারি ২০১৪