ভোটের নামে যে তামাশা হবে, এটা সরকারও জানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবাদ
প্রতিবাদ

অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি,
অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক
দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।
ফুলে-ফেঁপে উঠেছে সম্পদ
নির্বাচন কমিশনে প্রার্থীদের দেওয়া হলফনামা থেকে জানা গেছে, পাঁচ বছর ক্ষমতায় থেকে অনেক মন্ত্রী-সাংসদ আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। এ নিয়ে প্রকাশিত খবরে মতামত জানিয়ে শাফিউল সালমান লিখেছেন: হাসিনার হাতে এখন আলাদিনের আশ্চর্য প্রদীপ।
হালিম শাহ: এ রিপোর্ট দেখে নেতারা উদ্বিগ্ন হবেন বলে মনে হয় না। আওয়ামী লীগ গত পাঁচ বছরে বিএনপির কোনো নেতাকে দুর্নীতির দায়ে সাজা দেয়নি। আর খালেদা জিয়া কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের নেতাদের প্রতি ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। সমঝোতাটা পরিষ্কার বোঝা যায়। পাঁচ বছর একদল খাবে, তো পরের পাঁচ বছর আরেক দল। জনগণ কি শুধুই দর্শক?
সালেকিন: এ দেশে একবার কেউ একটা খারাপ কাজ করলে, পরে সব দল মিলে সেটিকে আরও বড় করবে। যদিও ভালো কাজটাকে নীরবে খুন করে। এরশাদের হাজারো খারাপ কাজের মাঝে বিরাট ভালো কাজ ওষুধ নীতি। অবশ্য সেটা আজ ওষুধ ব্যবসার নীতিতে পরিণত হয়েছে। সাংসদেরা দুর্নীতি ও লুটপাটকে একেবারে উচ্চমার্গীয় সংগীতের মতো উঁচু স্থানে নিয়ে গেছেন। হায়রে বাংলাদেশ! হায় গণতন্ত্র!
মাহবুব নুর: কী বলব ভাই। বুঝলাম, এটাই ‘চেতনার বাংলাদেশ, ডিজিটাল ও পরিবর্তনের বাংলাদেশ।’
সাইফ আল খান: দেশের সম্পদ বাড়বে, কিন্তু জনগণের কারও কারও সম্পদ তত দ্রুত বাড়বে না, তা তো হয় না!
ফখরুল ইসলাম: শুধু মুখেই স্বাধীনতার সপক্ষের শক্তি। কিন্তু কাজ দেখে মনে হয়, টাকা বানানোতেই তাঁদের (মন্ত্রী-সাংসদদের) মুক্তি।

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইইউ
আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ সংবাদে প্রতিক্রিয়া জানিয়ে গোলাম মাহমুদ লিখেছেন: এ নির্বাচনে পর্যবেক্ষণ করার কিছু নেই।
বাতেন: ১৫৪টি আসনের (মোট আসনের অর্ধেকেরও বেশি) প্রার্থীরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন। এভাবে নির্বাচন নিয়ে তামাশা করার কোনো দরকার আছে?
রাসেল মাহমুদ: জননেত্রী দেশের জনগণের বেশির ভাগ অংশকেই যেখানে ভোটদান থেকে বঞ্চিত করেছেন, সেখানে ইউরোপীয় ইউনিয়নের আসা বা না আসা কোনো ব্যাপার নয়।
জমশেদ পাটোয়ারি: মানুষ ভোট দিতে যাবে না, এটা ঠিক। কিন্তু পর্যবেক্ষক এলে কীভাবে ভোটকেন্দ্র মানুষে-মানুষে পূর্ণ করতে হয়, তা আওয়ামী লীগ খুব ভালোভাবেই জানে। ১৫৪ আসনে সরকার ও তার মিত্ররা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পরও ১৮ হাজার কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের বেশ কিছুতে সরকারি ব্যবস্থাপনায় আগে থেকে দীর্ঘ লাইনে ভোটারদের দাঁড় করিয়ে রাখা হবে। আর ওগুলোতেই পর্যবেক্ষকদের নিয়ে যাওয়া হবে। ব্যস, হয়ে গেল। আসলে, ভোটের নামে যে তামাশা হবে, এটা সরকারও জানে।
মাহমুদ: এখন শেখ হাসিনা নিশ্চয়ই বলবেন যে ইইউ স্বাধীনতাবিরোধী, বাংলাদেশের উন্নতি চায় না ইত্যাদি।
বনমালী ঘোষ: অশনিসংকেত। আমাদের নেতাদের সুমতি হোক।
সমঝোতা হলে দশম সংসদ ভেঙে নতুন নির্বাচন: হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলের সঙ্গে খুব দ্রুত সমঝোতা হয়ে গেলে, দশম সংসদ ভেঙে নতুন নির্বাচন দেবে তাঁর সরকার। এ প্রসঙ্গে রুপম লিখেছেন: দশম সংসদ নির্বাচন-প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর হয়তো এ প্রস্তাব রাখলে ভালো হতো। যেখানে দশম সংসদ গঠিতই হয়নি, সেখানে তা ভাঙার প্রশ্ন উঠছে কেন? যদি একান্তই প্রয়োজন হয়, তবে আলাপ-আলোচনার মাধ্যমে নতুন সংসদ নির্বাচন হতে কারও আপত্তি থাকার কথা নয়।
রাহেবুল হাসান: নাটক আর কত করবেন আপনারা দুজন (খালেদা-হাসিনা) মিলে? একজন ১৯৯৬ সালে একতরফা নির্বাচন করেছিলেন, আর এখন আরেকজন জেদ করে তা পূর্ণ করছেন। দেশের জন্য ভালো কিছু করতে পারেন না আপনারা?
ফখরুল ইসলাম: ভোটারবিহীন নির্বাচন-নির্বাচন খেলা বাবদ প্রায় ৬০০ কোটি টাকা অপচয় না করে, এ টাকায় ঢাকা মহানগরের কয়েকটি খেলার মাঠের উন্নয়ন করে তাতে শিশু-কিশোরদের খেলার ব্যবস্থা করে দিন।
এম রহমান: ক্লাসে ছাত্র মাত্র একজন, সে-ই আবার ফার্স্ট! আওয়ামী লীগের বিশাল বটবৃক্ষের এ কী করুণ দশা!

বিশ্বজিৎ হত্যা: ছাত্রলীগের আটজনের ফাঁসি, ১৩ জনের যাবজ্জীবন
দরজি বিশ্বজিৎকে হত্যা মামলার রায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ জন কর্মীর মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ সংবাদে শফিক মন্তব্য করেছেন: জাতি এমন একটি রায়ের অপেক্ষায় ছিল।
কামরুল হাসান: বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করলে এভাবে ন্যায়বিচার পাবে জনগণ। আমরা আশা করি সব অপরাধীর যেন শাস্তি হয়। আর কোনো বিশ্বজিৎকে যেন এভাবে প্রাণ দিতে না হয়।
মনিরুজ্জামান: খুব ভালো লাগছে সঠিক বিচারের রায়ে। এর সঙ্গে গত দুই মাসে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ১০০ জনের বেশি সাধারণ মানুষকে পুড়িয়ে ও কুপিয়ে হত্যাকারীদের বিচারও চাই।
মাসুদ: সত্যি আওয়ামী লীগকে অভিনন্দন। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে এ পদক্ষেপ যুগান্তকারী হয়ে থাকবে। এ প্রক্রিয়া ধারাবাহিকভাবে দলমত-নির্বিশেষে সবার অনুসরণ করা উচিত। অপরাধীর কোনো দল থাকতে পারে না।

পাকিস্তানের হাইকমিশনারকে তলব, ঢাকার কড়া প্রতিবাদ
যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় পরিষদের প্রতিক্রিয়ার জবাবে ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সংবাদে মতামত জানিয়ে সোলায়মান লিখেছেন: হাইকমিশনারকে বহিষ্কার করা হোক। ওদের কাছে আমাদের পাওনা দেড় লাখ কোটি টাকা চাওয়া হোক। ১৯৫ জন যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তার বিচার করা হোক।
অক্ষর: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক।
সাব্বির: পাকিস্তানের কাছে আমাদের কি কিছু আশা করা উচিত? তাহলে খামোখা কেন আমরা পানি ঘোলা করছি। ওদের নিজের দেশে যে অশান্তি সেটাই তো ওরা সামাল দিতে পারে না। ওদেরকে পাত্তা দেওয়াটাই তো আমাদের ভুল।
মোমিনুল ইসলাম: কড়া ভাষায় জানিয়ে দেওয়া হোক, আমরা স্বাধীন, আমাদের দেশে কোনো অপরাধী বিনা সাজায় পার পাবে না।

(পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)