ভোলার অসহায় গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামের এক গৃহবধূর নির্যাতনের ঘটনাটি বিশেষ গুরুত্ববহ। তিনি ও তাঁর স্বামী দরিদ্র, ক্ষমতাহীন, দুর্বল—এসব সত্যের চেয়েও বড় সত্য হলো তিনি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সদস্য। জসিম মোল্লা নামের যে ব্যক্তি ১৩ সেপ্টেম্বর তাঁকে যৌন ও শারীরিকভাবে নির্যাতন করেছেন, তাঁর বাবা ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সাবেক চেয়ারম্যান। ওই গৃহবধূকে পরিবারসহ তাঁদের বসতভিটা থেকে উচ্ছেদ করার লক্ষ্যেই যে জসিম মোল্লা তাঁর ওপর নির্যাতন ও হয়রানি চালিয়ে আসছেন—এটা বেশ স্পষ্ট।
পানের বরজের দিনমজুরের স্ত্রী ওই গৃহবধূর ওপর জসিম মোল্লার নির্যাতন চলছে বছর দেড়েক আগে থেকে, যখন তাঁদের উঠানের আরেক পাশে তাঁদের এক শরিকের ভিটের ওপর বাড়ি করেছেন জসিম মোল্লা। ২০০১ সালের নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ওপর নির্যাতন শুরু হলে ওই গৃহবধূর শরিকেরা ভিটেমাটি বিক্রি করে ভারতে চলে যাওয়া শুরু করেন। জসিম মোল্লা ও তাঁর পরিবার সেসব কিনতে থাকেন। এভাবে গৃহবধূটির প্রায় সব শরিক দেশান্তরিত; এখন আছেন শুধু তাঁর স্বামী ও ভাশুরের পরিবার। এখন জসিম মোল্লার শ্যেনদৃষ্টি পড়েছে তাঁদের ভিটেমাটির ওপরও।
১৩ সেপ্টেম্বরের ঘটনার দুই দিন পর গৃহবধূ তাঁর বিরুদ্ধে মামলা করলে জসিম তাঁর ঘরের দরজায় লাথি মেরে তাঁকে দেশছাড়া করার হুমকি দেন। এখন গৃহবধূর স্বামী ও ভাশুর ঘরে ফিরতে পারছেন না আর বাড়িতে পুরুষ লোকের অনুপস্থিতিতে অসহায় গৃহবধূটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। জসিম মোল্লা, তাঁর পরিজন এবং ইউপির চেয়ারম্যান ও স্থানীয় বিএনপির নেতা মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে চাপ দিচ্ছেন।
জসিম মোল্লা এখনো গ্রেপ্তার হননি। জানা গেছে, হাইকোর্ট থেকে জামিন নেওয়ার উদ্দেশ্যে তিনি ঢাকা এসেছেন। জামিন পেলে তিনি ফিরে গিয়ে ওই গৃহবধূ ও তাঁর পরিবারের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেবেন, শেষ পর্যন্ত তাঁদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে দেশছাড়া করবেন—এমন ঘোষণা তিনি দিয়েই রেখেছেন। তাঁকে জামিন দেওয়ার তো প্রশ্নই আসে না, বরং আর এক মুহূর্ত দেরি না করে গ্রেপ্তার করা হোক। সংখ্যালঘু ওই পরিবারটি যেন নিজেদের বসতভিটা থেকে উচ্ছেদ হয়ে দেশ ছাড়তে বাধ্য না হয়, তা এই রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।