সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এই বলে হুঁশিয়ারি দিয়েছেন যে ১০ দিনের মধ্যে মগবাজার-মৌচাক সড়কের সংস্কার না করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তিনি প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দেবেন। মন্ত্রীর এই অন্তঃসারশূন্য গর্জনে ক্ষমতাধর ফ্লাইওভার নির্মাণকারীরা বিন্দুমাত্র বিচলিত হবেন কি না সন্দেহ। তা ছাড়া, প্রধানমন্ত্রীর কাছে নালিশ করারই বা কী আছে। তিনি তো প্রতিদিনই দেখছেন, ওই এলাকার মানুষ মাসের পর মাস ধরে কী মহা মুসিবতেই না আছে। পত্রপত্রিকায় তো কম খবর বেরোচ্ছে না। তাহলে আবার বলতে হবে কেন।
এখানে বলাবলির কিছু নেই। স্বেচ্ছাচারী নির্মাণকারীরা তাদের কাজ করে যাচ্ছে, মন্ত্রীকেও তাঁর কাজ করে যেতে হবে। ওরা ওদের মর্জিমাফিক রাস্তা কেটে, গর্ত খুঁড়ে, যেখানে-সেখানে নির্মাণসামগ্রী রেখে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে চলেছে। এটাই ওদের স্বভাব। আর মন্ত্রীর দায়িত্ব হলো শর্তানুযায়ী কাজ সুষ্ঠুভাবে না করলে ব্যবস্থা নেওয়া। প্রধানমন্ত্রীর দোহাই দিয়ে নিজের দায় এড়ানোর চেষ্টা হাস্যকর।
ব্যস্ত সড়কে কাজ করার একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো বিকল্প ব্যবস্থা প্রথমে তৈরি করা। প্রকল্পের শর্তের মধ্যেই তা থাকার কথা। বিদেশে এ ধরনের প্রকল্পের ক্ষেত্রে তা–ই করা হয়। আমাদের মন্ত্রীরা বড় বড় প্রকল্প শুরুর আগে বিদেশভ্রমণে যান অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। সে অভিজ্ঞতা কাজে লাগালে তো এমন হওয়ার কথা নয়। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে দুটি বিদেশি কোম্পানির সঙ্গে মিলে এর নির্মাণকাজ করছে তমা কনস্ট্রাকশনস ও নাভানা। বিকল্প সড়ক না হলেও মোটামুটি যাতায়াতের সুব্যবস্থা করা হবে না কেন?
এই জনদুর্ভোগ সৃষ্টির জন্য কোনো অজুহাতই মানুষ শুনতে চায় না। নির্মাণপ্রতিষ্ঠানকে সোজা জরিমানা করা হোক। তারপর সাত দিনের সময় বেঁধে দিয়ে জানিয়ে দেওয়া হোক যে রাস্তা ঠিক করা না হলে কঠোর ব্যবস্থা।