মধ্যম আয়ের ফানুস এবং ত্রাণের ডাক
নিম্নবিত্তের সঙ্গে মধ্যবিত্তের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে প্রান্তিকতা। প্রান্তিকতা এমন একটা অবস্থা, যা সামান্য দুর্যোগে আপনাকে খাদের কিনারায় ঠেলে দেবে।
একটা ঘূর্ণিঝড়, একটা বন্যা, একটা ভূমিধসের পরবর্তী ধাক্কা সামলাতে মেয়েকে পাঠিয়ে দিতে হবে ঢাকা শহরে বান্দিগিরি করতে, মায়ের চোখের ছানির অপারেশনটা বাদ দিয়ে দিতে হবে অথবা কন্যার বিয়ের যৌতুকের টাকার জন্য হাত পাততে হবে ক্ষুদ্রঋণ সংস্থার কাছে। যার প্রভাবে সাপ্তাহিক কিস্তি বেড়ে যাবে, যা নতুন একটা চাপ হিসেবে আসবে জীবনে। যে দুর্যোগের ফলে মেয়েকে বিয়ে না দিয়ে ঢাকায় গার্মেন্টসে পাঠিয়ে দিতে হয়, ক্লাস ফাইভ শেষে ছেলেকে একটা ওয়ার্কশপে কাজ শিখতে পাঠিয়ে দিতে হয়, বেচতে হয় হালের গরু অথবা নিতে হয় উচ্চ সুদে জামানতবিহীন ক্ষুদ্রঋণ।
তাই মধ্যবিত্ত হওয়ার প্রথম শর্ত হচ্ছে কিছু সঞ্চয়। হতে পারে সেটা ব্যাংকে চল্লিশ হাজার টাকা, হতে পারে সেটা বিয়ের পাঁচ ভরি গয়না, হতে পারে উত্তরাধিকার সূত্রে পাওয়া গ্রামের একটা ছোট্ট জমি, হতে পারে পরিবারের কোনো সদস্যের একটা নিয়মিত চাকরি, যার থেকে মাসে ত্রিশ, চল্লিশ হাজার টাকা আসে, যেখান থেকে প্রতি মাসে অল্প হলেও সঞ্চয় করা যায় বা কোনো মাসে খরচ কমিয়ে কোনো একটা বিপদ সামাল দেওয়া যায়।
বর্তমান পৃথিবীতে কৃষিতে প্রযুক্তিগত উন্নয়ন এবং যোগাযোগ প্রযুক্তির আবির্ভাবে এমন একটা বিশ্বব্যবস্থা গড়ে উঠেছে, এখানে যুদ্ধবিগ্রহ বাদে পৃথিবীর কোনো দেশে কেউ আর না খেয়ে মরে না। সবার জন্যই এখন ২০ টাকায় কোক পাওয়া যায়, যা একজন কোটিপতিও খায়, একজন নিম্নবিত্তও অনেক ক্লান্তিতে খেতে পারে। যে-কেউ পারে যেকোনো রোগে বিশ টাকার প্যারাসিটামল কিনে খেতে।
আমাদের দেশে মৌসুমি বায়ুর কারণে বার্ষিক বৃষ্টি, নদী থেকে আসা পলি এবং রাসায়নিক সারের কারণে যেকোনো অঞ্চলেই দুবার ফসলের চাষ করা যায়, যা থেকে আসা ধান দিয়ে গ্রামের একটি নিম্নবিত্ত পরিবার জীবন ধারণ করতে পারে। ঘরের কিনারায় অল্প কিছু সবজি, পুকুরের পাশের কচুশাক, বাজার থেকে ২০ টাকার টমেটো কিনে তিনবেলা খেতে সবচেয়ে প্রান্তিক মানুষটাও এখন অসমর্থ নয়। এই পরিবর্তন শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই।
এই সামর্থ্যকেই যদি এই রাষ্ট্র উন্নয়ন বলে, আমাদের বাধা দেওয়ার কিছু নেই। সত্তর বা আশির দশকের মতো না খেয়ে অপুষ্টিতে মরে যাচ্ছে না, ঈদের পালা-পার্বণে সন্তানকে ১২০ টাকার বাটা স্যান্ডেল কিনতে পারছে, স্ত্রীকে ২৫০ টাকার শাড়ি কিনে দিতে পারছে, এইটা অবশ্যই উন্নয়ন।
কিন্তু একটা যদি বন্যা হয়, একটা যদি ঘূর্ণিঝড় হয়, একটা যদি ভূমিধস হয়, এই উন্নয়ন পেছনের দিকে পালিয়ে যায় এবং কোটি কোটি মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য হয়ে ওঠে তার প্রান্তিকতা। প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক সেই টাকা-পূর্ব আমলের প্রাচীন সভ্যতার মতো লেনাদেনার। প্রকৃতি দিলে সে রাজা। প্রকৃতি কেড়ে নিলেই পতন।
আশ্রয়কেন্দ্রে তখন পঙ্গপালের মতো মেটে শাড়ি, মাথায় ছাগল আর কোলে পাগল মাকে নিয়ে উন্নয়নেরা আশ্রয় নেয়। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ। মাত্র একটা ফসলহানি বা একটা বন্যার ফলে তার জীবনে নামে আসে ঘোর দুর্যোগ—সবকিছু এলোমেলো হয়ে যাওয়া। রাষ্ট্রের উন্নয়নের পরিসংখ্যানের সঙ্গে বিসদৃশ তার জীবন। কারণ, তার নিম্ন আয়ের কারণেই রাষ্ট্রের ১৬ কোটি মানুষের মাথাপিছু গড় আয় নিচের দিকে নেমে যায়।
একলা সে নয়। তার অস্তিত্ব পালে পালে, হাজারে হাজারে, লক্ষে লক্ষে। মৌচাকে ধোঁয়া দিলে যেভাবে বের হয়ে আসে হাজার হাজার মৌমাছি, ঠিক তেমনি একটা ঝড়, বন্যা, ভূমিধস তাকে বের করে নিয়ে আসে পরিসংখ্যানের ধামাচাপা দেওয়া গড় থেকে।
তখন তাকে দেখা যায় আশ্রয়কেন্দ্রের পথে বা বাঁধের ওপর। কয়েকটা হাঁড়ি, একটা গরু, কিছু কাপড়, একটা ছোট বাক্স অথবা শাড়ি প্যাঁচানো পুঁটলি—এ-ই তার জীবন। হেলিকপ্টারে দেখলে সবার চেহারা এক। ক্যামেরা সামনে এলে সেও হেসে ওঠে। তাদের সবার গল্পও যেন এক।
কিন্তু এই বন্যা বা দুর্যোগের আগে তাদের দেখা যায় না। রাষ্ট্র তাদের লুকিয়ে রাখে, গড় আয়ের আড়ালে। তারা নিজেরাও লুকিয়ে থাকে। কী দেখানোর আছে এই রাষ্ট্রীয় গড় থেকে নিম্ন আয়ের জীবনের? কিছু নেই।
নিম্ন আয়ের মানুষের সঙ্গে মধ্য আয়ের মানুষের পার্থক্য যেভাবে সঞ্চয়, ঠিক তেমনি নিম্ন আয়ের রাষ্ট্রের সঙ্গে মধ্য আয়ের রাষ্ট্রের পার্থক্য হলো সঞ্চয় বা ডিসপোজেবল ইনকাম। মধ্য আয়ের রাষ্ট্র তার রাস্তা-ঘাট-ব্রিজ-পাওয়ার প্ল্যান্ট নিজের আয়ে বানাতে পারে। কিন্তু নিম্ন আয়ের রাষ্ট্রকে চীন, ভারত, ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফের কাছে হাত পাততে হয়। একটা বন্যা হলে রাষ্ট্র এগিয়ে গিয়ে মানুষকে শুধু ত্রাণ দেওয়া নয়, পুনর্বাসনও করতে পারে।
কিন্তু আমরা নিম্ন আয় রাষ্ট্র থেকে মধ্য আয় হয়েছি অথচ এখনো আমাদের বার্ষিক উন্নয়ন বাজেট বাদে প্রতিটা বড় স্থাপনা, সামরিক বাহিনীর সুন্দর যুদ্ধবিমান, আমলাদের পারফরমেন্স ইম্প্রুভমেন্ট প্রোগ্রামসহ সরকারের অধিকাংশ কার্যক্রম আন্তর্জাতিক সংস্থার ঋণ নিয়ে করতে হয়।
এই ঋণ নেওয়া রাষ্ট্রকে হাতিয়ে নিয়ে আজকে অনেকে উচ্চ আয় হয়ে গেছে, কিন্তু এই গড় আয়ের নিচে বাস করা লাখো মানুষের জন্য এখনো প্রান্তিকতাটাই নিত্যতা। গত এক বছরে হাওরের বন্যায় আর পাহাড়ের ভূমিধসে এই গড় আয়ের নিচের জনগোষ্ঠী রাষ্ট্রকে বিপদে ফেলেছে। বলা হচ্ছে, বিগত কয়েক দশকে এমন বন্যা হয়নি। কিন্তু নিম্ন আয়ের মানুষের এই দুর্দশার লাঘবে মধ্যমে আয়ের রাষ্ট্রকে এখনো সক্রিয়ে মনে হচ্ছে না। কারণ, এটা নাকি স্বাভাবিক একটা বন্যা।
সামরিক স্বৈরশাসকদের আমলেও নেতাদের জন্য এক একটা বন্যা বা ঘূর্ণিঝড় ছিল দেশের মানুষের কাছে নিজের বৈধতা প্রমাণ করার সুযোগ। সারা দিন টিভির সামনে, ক্যামেরার সামনে তারা দিন কাটাত ত্রাণকার্যে, এমনকি বিরোধী দলও এগিয়ে আসত—মানুষের দুর্দশা লাঘবে। সরকার আর বিরোধী দলকে মাঠে দেখে সাধারণ মানুষও এগিয়ে আসত। ফলে যার উদ্দেশ্য যা-ই থাকুক, আশির দশকেও এক একটা বন্যা বা ঘূর্ণিঝড় সারা দেশের মানুষের জন্য মানবিকতার উৎসবে পরিণত হতো—চেষ্টা করা হতো একজন প্রান্তিক মানুষও যেন ত্রাণসাহায্য থেকে বঞ্চিত না হয়।
কিন্তু আজকে নিয়ম রক্ষার জন্য নির্বাচিত সরকারকে উন্নয়ন এবং মানুষের সুখ দেখিয়ে যেতে হয়। দেখাতে হয় কোনো প্রান্তিকতা নেই, দুর্যোগ নেই—সবাই সুখে-শান্তিতে দিনাতিপাত করছে। সবকিছু স্বাভাবিক। রাষ্ট্র তাই চায় কিছুদিন চোখ বন্ধ করে রাখতে, যেন এর মধ্যে বন্যার পানি নেমে যায়। এবং প্রান্তিক মানুষেরা আবার ফিরে যায় তাদের সাপ্তাহিক কিস্তির লুকিয়ে রাখা জীবনে, না খেয়ে মরে না যাওয়ার উৎসবে। কিন্তু রাষ্ট্র চোখ বন্ধ করে থাকলেই এই বন্যার্তদের দুর্দশা এখনো লাঘব হচ্ছে না। তাই উত্তরবঙ্গের এই বন্যাদুর্গত প্রান্তিক মানুষের আজকে আপনার সাহায্য প্রয়োজন।
আজকে তাই সব সমর্থ মানুষের উচিত, যে যা পারে তা নিয়ে এগিয়ে যাওয়া, এই প্রান্তিক জীবনের লোকজনকে সাহায্য করতে এগিয়ে আসা। এক মুঠো গুড়ও তার জন্য অনেক। ১০০ টাকাও তার জন্য অনেক বড় কিছু।
আজকে আসুন আমরা সবাই এগিয়ে আসি গড় আয়ের নিচে বেঁচে থাকা বন্যার্ত প্রান্তিক এই জনগোষ্ঠীকে সাহায্য করতে।