বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে রাজনীতি নিয়ে বড় বড় মাথা অনেক চিন্তা করছে। তবু রাজনীতি নিয়ে রাজনৈতিক দলের প্রধানেরা সমঝোতায় আসতে পারছেন না। আমি ভাবছি, মানুষের মনের চিকিৎসা করা হলে দেশের অস্থিরতার অবসান হবে। মনের চিকিৎসার জন্য কোনো ডাক্তার বা হাসপাতালের প্রয়োজন হবে না। প্রথমে দেশকে ভালোবাসার শপথ গ্রহণ করতে হবে অর্থাৎ খাঁটি দেশপ্রেমিক হতে হবে। দেশপ্রেমের মনোভাব এ দেশের রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডে ফুটে ওঠা প্রয়োজন। আসলে মুখে সবাই দেশকে ভালোবাসে কিন্তু কাজের বেলায় অন্য রকম।
দেশকে ভালোবাসা সবার দায়িত্ব ও কর্তব্য হওয়া উচিত। এক দল আরেক দলের ওপর আক্রমণাত্মক ভাব ছেড়ে দিয়ে বড়কে শ্রদ্ধা করুন, ছোটকে স্নেহের বন্ধনে আবদ্ধ করলে দেখবেন, নিজের মনের কালিমা দূর হবে। এ কালিমা দূর হলেই সবার মনের চিকিৎসাও হবে। নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন। চিকিৎসা নিলেই আপনি একজন দেশপ্রেমিক বাংলাদেশি নাগরিক। দেশপ্রেমিক নাগরিকই পারবে দেশের অস্থিরতার অবসান ঘটাতে।
তাই দেশের সবার প্রতি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা দেশকে ভালোবাসার শপথ নিন। আসুন, আমরা সবাই দেশের শান্তি ফিরিয়ে আনি।
এস এম গোলাম মোস্তফা
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।