মনোনয়ন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে জনপথ বলে কিছু নেই, আমাদের সবই রাজপথ। সেই রাজপথে হবুচন্দ্র আর গবুচন্দ্র রাজাদের দোর্দণ্ড প্রতাপ। একদল ককটেল, পেট্রল ও ঢিল নিয়ে রাজপথের রাজা হয়, আরেক দল হাতি-ঘোড়া-গাড়ি-মোটর নিয়ে শোভাযাত্রা করে রাজপথকে রাজকীয় কাজে ব্যবহার করে। দুই দলের শক্তি প্রদর্শনের চাপে জনতা আর পথ পাচ্ছে না।
নির্বাচন নিয়ে তুমুল অশান্তি বিরোধীদলীয় শিবিরে, সেই অশান্তি তারা জনগণের মধ্যেও ছড়িয়ে দিচ্ছে লাগাতার হরতাল করে। সরকারও সমঝোতার বিপরীতে কঠোরতা, গ্রেপ্তার ইত্যাদি দিয়ে জনজীবনে উৎকণ্ঠা বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে রাজধানী ঢাকায় চলছে মড়ার উপর খাঁড়ার ঘা: রাজপথজুড়ে মনোনয়নপ্রত্যাশীদের হইহুল্লোড়। একেকটি মিছিল-গাড়িবহর যায়, আর সেই এলাকার যান চলাচল ঘণ্টার পর ঘণ্টা বন্ধ হয়ে থাকে। এরই প্রতিক্রিয়া পড়ে রাজধানীর মূল সড়কগুলোতে। সেসবেও চলাচলের গতি শ্লথ হয়ে আসে। এক দিন নয়, সপ্তাহজুড়েই এভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা রাজপথে উৎকট শোভাযাত্রা করে যাচ্ছেন। জনভোগান্তির কথা বাদ দিলেও, নির্বাচনী আচরণবিধিতে এটা কতটা বৈধ?
নির্বাচন কোন সরকারের অধীনে এবং কীভাবে হবে, সেসব নিষ্পত্তি না করেই ক্ষমতাসীন দলটির মনোনয়ন উৎসব নানা প্রশ্নের জন্ম দিয়েছে। নির্বাচনী আচরণবিধিতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সর্বোচ্চ পাঁচজনের থাকার কথা বলা আছে। দলীয় মনোনয়নপত্র কেনার ব্যাপারে কোনো কথা না থাকলেও জনদুর্ভোগ সৃষ্টি কেবল অনৈতিক নয়, বেআইনিও। হবু প্রার্থীরা গণতন্ত্রের নামে, সংবিধানের নামে আইনকে তুচ্ছ করার মধ্য দিয়েই নির্বাচনী কাজ শুরু করলেন। নির্বাচিত হলে এঁরা কী করবেন, এ থেকেই সেটা অনুমান করা যায়।
রাজপথ যে আসলে জনপথ; এটা গণতন্ত্রের শিক্ষা। সেই শিক্ষাটা ক্ষমতাবানেরা মানেন না বলেই জনপথকে রাজপথের মতো ব্যবহার করেন। অর্থাৎ ওই পথে জনগণ নয়, রাজকীয় ক্ষমতাধর এবং রাজকীয় দলের লোকজনই রাজার হালে চলবেন। অন্যদের কাজ হচ্ছে, ঘণ্টার পর ঘণ্টা রাজাদের চলাচলের জন্য অপেক্ষা করা। মনোনয়ন উৎসবের এই নৈরাজ্যই বলে দেয়, সাধারণ মানুষ কতটা উপেক্ষিত। নির্বাচনের নামে এভাবে পদে পদে জনদুর্ভোগ সৃষ্টির মহড়া চলতে পারে না।