মন্ত্রী আসবেন বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রী আসছেন, এ খবর পেয়ে রাস্তার সংস্কারকাজ শুরু হলেও তিনি চলে যাওয়ার পরই কাজ বন্ধ হয়ে যায়
মন্ত্রী আসছেন, এ খবর পেয়ে রাস্তার সংস্কারকাজ শুরু হলেও তিনি চলে যাওয়ার পরই কাজ বন্ধ হয়ে যায়

‘যোগাযোগমন্ত্রী আইতাছে, তাই এহন ভাঙা রাস্তা মেকাব দিয়া সাজাইতাছে!’
এই উক্তি কেরানীগঞ্জের রুহিতপুর গ্রামের বাসিন্দা বশির মিয়ার। গত মঙ্গলবার ভোর থেকে হঠাৎ সড়কের সংস্কারকাজ শুরু হওয়া দেখে তিনি সাংবাদিকদের সামনে এই শ্লেষমাখা উক্তিটি করেছেন। সন্দেহ নেই যে বশির মিয়া রসিক লোক, তাঁর শ্লেষের রসিকতাই খাঁটি বস্তু। তাঁর উচ্চারণে ‘মেকাব’ শব্দটা আসলে ইংরেজি ‘মেকআপ’, মানে প্রসাধন। রসিক ছাড়া সড়কের মুখে স্নো-পাউডার ইত্যাদি প্রসাধন লাগিয়ে তাকে ভদ্রস্থ করার কথা কে আর বলতে পারে?
আমাদের যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরও কম রসিক নন: তিনি সড়ক দর্শনে যান! ঈদের সপ্তাহ খানেক আগে তিনি গিয়েছিলেন কেরানীগঞ্জে; ঢাকা-নবাবগঞ্জ সড়কের হাল-হকিকত আপন চক্ষে দর্শন করতে। যোগাযোগমন্ত্রীদের এসব সড়ক দর্শন নিখাদ রসিকতা। ভূতপূর্ব যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকেও আমরা ঝটিকা সড়ক দর্শনে যেতে দেখেছি এবং সংবাদমাধ্যমে তা নিয়ে বেশ মজা হয়েছে। যোগাযোগমন্ত্রীরা অপ্রতিরোধ্য মোটরযানে করে দুর্গম সড়ক দর্শনে গেলে তাঁর মন্ত্রণালয়ের অধীন বিভাগগুলোর লোকবলের মধ্যে যে হুলুস্থুল পড়ে যায়, সংবাদমাধ্যমে তা বেশ উপভোগ্য হয়।
তো ঈদের আগে মন্ত্রী ওবায়দুল কাদের কেরানীগঞ্জের যে জায়গায় সড়ক দর্শনে গিয়েছিলেন, সেখানে সড়কের দশা এমন যে মৎস্য চাষের উদ্যোগ নিলে কেরানীগঞ্জের মানুষের ভাগে বাড়তি কিছু আমিষ জুটত। যোগাযোগমন্ত্রী আসছেন—এহেন দুঃসংবাদ পেয়ে তাঁর মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) লোকজন পড়িমরি শুরু করলেন সড়কের সংস্কার। কিন্তু সড়কটি তো সংস্কারেরও অনুপযোগী হয়ে পড়েছে। তাই সংস্কারকর্ম শুরু করার আগে তাঁদের দমকল বাহিনীর শরণাপন্ন হতে হলো। দমকল ভাইয়েরা দয়া করে এসে পাম্প বসিয়ে পানি সেঁচে দেওয়ার পরেই কেবল শুরু করা গেল সেই সড়কের মেরামত। কিন্তু ওই মেরামত আসলে রুহিতপুরের বশির মিয়ার ভাষায় ‘মেকাব’: বালু আর ইটের খোয়ার প্রসাধন। অবশ্য তাও বেশিক্ষণ চলেনি। সড়ক দর্শন শেষে মন্ত্রী ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে বালু-খোয়ার চালান বন্ধ করে সওজের কর্তারা যে যাঁর মতো বাড়ি ফিরে গেছেন; বাড়িতে রমজানের রোজার শেষে এসেছে খুশির ঈদ। সেই খুশিতে তাঁরা ভুলে গেলেন সড়কটির কথা।
কিন্তু দেখা গেল, যোগাযোগমন্ত্রী নাছোড় মন্ত্রী! ঈদের খুশি ফুরাতে না-ফুরাতেই তিনি আবার গেলেন সেই সড়ক দেখতে। গিয়ে যা দেখলেন, তার ফলে তাঁর সুললিত কণ্ঠে ধ্বনিত হলো এই হতাশার বাণী: ‘কাজের কোনো অগ্রগতি হয়নি।’ সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী, তাঁর ওই হতাশার বাণীতে কিছু ক্ষোভও মিশ্রিত ছিল। অতঃপর তিনি সওজের কর্তাদের উদ্দেশে উচ্চারণ করলেন এই হিতোপদেশ: ‘আপনারা নতুন নতুন বিল তৈরি করা বন্ধ করেন।’
জনগণের করের টাকা লুটপাট করাই যে সওজের কর্তাদের নৈমিত্তিক কর্ম—এই সত্য সম্পর্কে যোগাযোগমন্ত্রী দৃশ্যত অজ্ঞ নন। অজ্ঞ হলে তিনি তাঁদের বলতেন না ‘রাস্তা আজ ঠিক করবেন, কালই তা আবার নষ্ট হবে—এটা হতে পারে না।’ এই মন্ত্রী আরও জানেন, যা ‘হতে পারে না’ বলে তিনি মনে করেন, অর্থাৎ যা হতে দেওয়া যায় না বলে তাঁর বিবেচনা, আসলে সারা দেশে সব সময় তা-ই হচ্ছে এবং হতে থাকবে। সড়ক-মহাসড়ক ইত্যাদি সর্বপ্রকার যোগাযোগ পথের নির্মাণ, পুনর্নির্মাণ, সংস্কার ইত্যাদির নামে দরিদ্র জনগণের করের টাকা লুটেপুটে খাওয়া একটা নিয়মিত ব্যবস্থায় পরিণত হয়েছে। এটা কোনো আকস্মিক বা ব্যতিক্রমী ব্যাপার নয়, বরং একটা স্থায়ী ব্যবস্থা। রাস্তা আজ মেরামত করলে আগামীকালই যদি তা আবার ভেঙে না যায়, তাহলে সেই মেরামতকর্মে সওজের কর্তাদের কী লাভ? ঠিকাদারদের কী লাভ? চাঁদাবাজ-টেন্ডারবাজদের কী লাভ? বরং যত ঘন ঘন রাস্তা মেরামতের প্রয়োজন হবে ততই লাভ—শুধু করদাতা জনগণের ছাড়া সবার লাভ।
মন্ত্রী এসব জানেন। তিনি সেদিন সওজের কর্মকর্তাদের উদ্দেশে এই কথাও বলেছেন: ‘কাজের মান খারাপ করে এক কাজ দুবার করার মানসিকতা বদলাতে হবে।’ এই ‘মানসিকতা’ বদলানোর তাগিদ অনুভব করা এবং তা জনসমক্ষে প্রকাশ করাও যারপরনাই রসিকতা। এক কাজ দুবার করে দুবার টাকা কামানোর উদ্দেশ্যে কাজের মান খারাপ করা শুধু খারাপ মানসিকতা নয়, গুরুতর ফৌজদারি অপরাধ, যার শাস্তি হিসেবে কারাদণ্ড, অর্থদণ্ড এবং একই সঙ্গে উভয় দণ্ডের আইনি বিধান এই মরার দেশেও চালু আছে। কিন্তু আইন প্রয়োগ করে এসব অপরাধীকে শাস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া দূরের কথা, চিন্তাও করা হয় না। আজ রাস্তা মেরামত করলে কালই যদি তা আবার নষ্ট হয় এবং তা মেরামতের জন্য আবারও অর্থ ব্যয় করতে হয়, তাহলে কি মন্ত্রীর ‘এটা হতে পারে না’ বলে ক্ষোভ প্রকাশ করেই দায়িত্ব শেষ হয়ে যায়?
সেদিন যোগাযোগমন্ত্রী কেরানীগঞ্জে সাংবাদিকদের জানিয়েছেন, ওই সড়ক সংস্কারের জন্য তিনি ১০ দিন সময় বেঁধে দিয়েছেন। ১১ দিনের মাথায় তিনি আবার খোঁজ নেবেন, হয়তো বা আবারও মোটরগাড়ির জ্বালানি পুড়িয়ে লোকলস্কর নিয়ে সেখানে যাবেন সড়ক দর্শনে। এই সময়ের মধ্যে সড়কটির সংস্কার ‘ঠিকমতো’ না হলে, মন্ত্রী হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’!
মন্ত্রীদের মুখে এই ধরনের কথা ইয়ার্কি বলে মনে হয়। তাঁরা এসব ইয়ার্কি করেন সম্ভবত সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য। রুহিতপুরের বশির মিয়ারাও এটা জানেন। তাই বুঝি সড়ক সংস্কারের তোড়জোড় দেখে তাঁরা রসিকতা আর শ্লেষ প্রকাশ ছাড়া আর কিছু করণীয় দেখেন না। শুধু কেরানীগঞ্জে কেন, সারা দেশের চিত্রই এক। কিন্তু বশির মিয়ারা জানেন না, যারা কর দেয়, যাদের টাকা চোর-বাটপারের দল এভাবে লুটেপুটে খায়, সেই জনতা একজোট হলে এসব ‘মেকাব’ যে বন্ধ করা সম্ভব।
মশিউল আলম: সাংবাদিক।
[email protected]