মন্ত্রী-উপদেষ্টাদের সরকারি গাড়ির অব্যাহত অপব্যবহার নিশ্চিত করে যে নির্বাচন কমিশন (ইসি) তার সাংবিধানিক দায়িত্ব পালনে অপারগ ও অনিচ্ছুক। ইসি প্রমাণ রাখছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রধান বিরোধী দলের বর্জন বাধা নয়।
নির্বাচনের তফসিল ঘোষণার পরে পদত্যাগী কিংবা কর্মরত মন্ত্রীরা নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। অথচ এর বিরুদ্ধে ইসি কোনো পদক্ষেপ গ্রহণে বিরত রয়েছে। সিইসি জাতির উদ্দেশে দেওয়া তাঁর ভাষণে নির্দিষ্টভাবে জানিয়েছিলেন, নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে মন্ত্রী ও সংসদ সদস্যরা সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন না। কিন্তু বাস্তবতা হচ্ছে, নির্বাচনী তফসিল ঘোষণার আগে তাঁরা যেভাবে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেছেন, এখনো সেভাবে করছেন।
এলজিইডির বিভিন্ন প্রকল্পের ৭৭টি গাড়ি নির্বাচনী তফসিল ঘোষণার পরও মন্ত্রী-উপদেষ্টাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেভাবে ব্যবহার করে চলেছেন, আমরা তাঁদের এই দৃষ্টিভঙ্গি ও মন-মানসিকতার নিন্দা জানাই। এসবের ফলে তাঁদের প্রতি জনগণের অনাস্থা বাড়াটাই স্বাভাবিক। স্থানীয় সরকারের এবং কয়েকটি উপনির্বাচন অনুষ্ঠানে রকিব কমিশন কৃতিত্ব দাবি করেছিল। ওই নির্বাচনগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মেয়াদ হ্রাস পাওয়ারও আশঙ্কা ছিল না। কিন্তু এবারের সাধারণ নির্বাচনের সঙ্গে ক্ষমতার পালাবদলের প্রশ্নটি প্রবল।
নির্বাচন কমিশনের কাছে সবাই যেটা আশা করছে, তা হলো প্রচলিত নির্বাচনী আইনের বিধিবিধান কার্যকর করা। প্রতিদ্বন্দ্বিতা ও পরিচ্ছন্ন খেলার জন্য মাঠ সমতল করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়া। কিন্তু সেখানেই বিরাট ঘাটতি লক্ষ করা যাচ্ছে। বরং সরকারি দলের লেকজনের মন জুগিয়ে চলাটাই যেন তাদের ঘোষিত নীতি হয়ে পড়েছে। ইসি এ পর্যন্ত ক্ষমতাসীন দল বিব্রত হতে পারে, এমন কাজ করেনি। অননুমোদিত পোস্টার-ফেস্টুন দেয়াললিখনের মতো মামুলি বিষয়েও আচরণবিধি লঙ্ঘন নিয়ে তারা সরব হতে পারছে না। ইসির এই ঔদাসীন্য ও নিষ্ক্রিয়তাকে সাধারণ মানুষ সুনজরে দেখতে পারে না। রাজনৈতিক সহিংসতার কারণে তাদের সামর্থ্য হ্রাস কিংবা আরও সীমিত হওয়ার বাস্তবতা বোধগম্য। কিন্তু ইসিকে অন্তত সাংবিধানিক প্রতিষ্ঠানের ন্যূনতম মর্যাদা ও স্বকীয়তা বজায় রাখতে সচেষ্ট থাকতে হবে। গাড়িবিলাস বন্ধে তাদের কাছে কার্যকর ব্যবস্থাই প্রত্যাশিত।