গত ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পর বিভিন্ন এলাকায় মন্ত্রী ও সাংসদদের সংবর্ধনা নেওয়ার হিড়িক পড়ে যায়। যাঁরা প্রকৃত জনপ্রতিনিধি, নিজ নিজ এলাকায় গিয়ে তাঁদের সাড়ম্বরে গণসংবর্ধনা নেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু যাঁদের নেতৃত্বগুণ ও জনপ্রিয়তায় ঘাটতি আছে, তাঁরাই নানা অছিলায় সংবর্ধনা নিয়ে থাকেন।
সরকারি পরিপত্রে স্পষ্ট বলা হয়েছে, সংবর্ধনার নামে বিদ্যালয় বন্ধ রাখা কিংবা শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না। অথচ পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে ৪ মে তাঁর নির্বাচনী এলাকা খুলনার ডুমুরিয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে উপজেলার ২১০টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখেই। প্রতিমন্ত্রী সম্ভবত দেশের পানিসম্পদ রক্ষায় তেমন ভূমিকা রাখতে পারেননি। তাই তাঁকে সংবর্ধনা নিতে হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও উপজেলা শিক্ষা কার্যালয়ের কাছ থেকে। তারা কেবল সংবর্ধনা দিয়েই ক্ষান্ত হয়নি, প্রতিমন্ত্রীকে ছয় ভরি ওজনের রুপার নৌকাও উপহার দিয়েছে। স্বল্প বেতনভোগী প্রাথমিক শিক্ষকদের ওপর এই বাড়তি দায় চাপানোর নৈতিক অধিকার কি প্রতিমন্ত্রীর আছে?
অন্যদিকে, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সংবর্ধনা দেওয়ার জন্য নাঙ্গলকোট উপজেলা মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা থেকে ৭২ হাজার ৮০০ টাকা কেটে নেওয়া হয়েছে। মন্ত্রীর সংবর্ধনার ‘খরচাপাতি’ জোগাড় করতে গরিব ও দুস্থ মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মানী ভাতার ওপর ভাগ বসানো হয়েছে। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে?
তবে গতকালই নাঙ্গলকোট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে আটক করা হয়েছে। আর পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, তিনি এ সংবর্ধনা সম্পর্কে অবগত নন। এ ধরনের সংবর্ধনা তিনি পছন্দও করেন না। মন্ত্রীর এ অবস্থান নিঃসন্দেহে স্বস্তিদায়ক। আর যেসব শিক্ষকনেতা সংবর্ধনার নামে বিদ্যালয়ের শিশুদের পড়াশোনা বন্ধ রেখেছেন কিংবা যেসব মুক্তিযোদ্ধানেতা দুস্থ ও অসহায় মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা থেকে অর্থ কেটে নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাই কাম্য। পাশাপাশি ফেরত দিতে হবে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে নেওয়া অর্থও।
দুটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হোক। বন্ধ হোক মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংবর্ধনাবিলাস।