মন্ত্রী-সাংসদ থেকে শুরু করে সরকারি দলের লোকজনের মধ্যে সহনশীলতা ও সমালোচনা সহ্য করার ক্ষমতা সম্ভবত দিনে
দিনে কমে আসছে। সরকারের যেকোনো সমালোচনায় তাঁরা যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তাকে আক্রমণ হিসেবেই বিবেচনা করতে হচ্ছে।
গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে বা পরে বিভিন্ন হামলার ঘটনা থেকে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে সরকারের ব্যর্থতার জন্য সমালোচনা করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। রাষ্ট্রের যেকোনো সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা বিধানের দায় সরকারের। সরকার সে দায়িত্ব সঠিকভাবে পালন করলে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো এড়ানো যেত। সরকারের এই ব্যর্থতার সমালোচনা করা যাবে না?
মিজানুর রহমান এসব ঘটনায় হাজার হাজার মানুষকে আসামি করে ব্যবসা করা হচ্ছে বলে যে মন্তব্য করেছেন, সেটি তার একার কথা নয়। ভুক্তভোগীরা তা-ই মনে করেন। আর পুলিশের এই গ্রেপ্তার-বাণিজ্য নতুন কিছু নয়। কিন্তু তাঁর এই মন্তব্যে সরকারের দুই মন্ত্রী এর যে প্রতিক্রিয়া দেখালেন, তাতে অসহিষ্ণুতাই প্রকাশ পেয়েছে।
কমিশনের চেয়ারম্যান সাম্প্রদায়িক হামলায় জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ না করায় মন্ত্রীদের কাছে হয়ে গেছেন হামলাকারীদের পক্ষশক্তি ও সাম্প্রদায়িক হামলাকারীদের অর্থের জোগানদাতা! হামলার সঙ্গে কারা জড়িত, সেটা খুঁজে বের করা সরকারেরই দায়িত্ব। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তো আক্রান্তদের পক্ষে কথা বলবেনই। তিনি সমস্যাগুলো উল্লেখ করেছেন, সমাধানের দায়িত্ব সরকারেরই।
একটি সাধারণ প্রবণতা দুঃখজনকভাবে লক্ষণীয় হয়ে উঠেছে যে সরকারের কোনো কাজ বা পদক্ষেপের সমালোচনা বা ভুলত্রুটি তুলে ধরা হলেই সরকারের বিভিন্ন পর্যায় থেকে চরম অসহিষ্ণু প্রতিক্রিয়া দেখানো হচ্ছে। সরকারের কাজে কী ভুলত্রুটি বলে কিছু নেই? কোনো ক্ষেত্রে কী তাদের ব্যর্থতা নেই?
সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনে সংসদের মূল্যবান সময় নষ্ট করার খতিয়ান প্রকাশিত হয়েছে। সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিরোধী দলের দিনের পর দিন সংসদ অধিবেশন বর্জন বা কোরাম সংকটের বিষয়টি কি নতুন কিছু? এ নিয়ে সংসদে আলোচনায় কয়েকজন সাংসদ যে মন্তব্য ও যে ভাষায় কথা বলেছেন, তাতে সহনশীলতার পরিচয় পাওয়া যায়নি। ‘খালেদার বক্তব্য আর টিআইবির বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই’—সরকারি দলের এক সাংসদের এ ধরনের বক্তব্যেঅগণতান্ত্রিক মনোভাবই প্রকাশ পেয়েছে। টিআইবির অর্থের উৎস নিয়ে সরকার খোঁজ নিতেই পারে কিন্তু সংসদ নিয়ে প্রতিবেদন প্রকাশ করার পর টিআইবির অর্থের উৎস নিয়ে অপ্রাসঙ্গিকভাবে প্রশ্ন তোলার বিষয়টি অরুচিকর এবং অর্থমন্ত্রীর মাধ্যমে এ ব্যাপারে প্রতিবেদন উপস্থাপনের দাবির বিষয়টি হুমকি ছাড়া কিছু নয়।
সমালোচনা নিতে পারা ও সহনশীলতা—গণতন্ত্রের এই সৌন্দর্য যেন বাংলাদেশ হারাতে বসেছে। ক্ষমতাসীনদের স্মরণ করিয়ে দিতে চাই যে সমালোচনা সহ্য করা এবং সেই পরিপ্রেক্ষিতে ভুলত্রুটি দূর করার মাধ্যমেই গণতন্ত্রকে এগিয়ে নেওয়া সম্ভব, অন্য কোনো পথে নয়।