মন্ত্রী-সাংসদদের জাহাজ-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের মন্ত্রীরা রাষ্ট্রের নির্বাহী হিসেবে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, এটাই প্রত্যাশিত। মন্ত্রী পদে থেকে তাঁরা কোনো ব্যবসা-বাণিজ্যে জড়িত থাকতে পারেন না। আর সাংসদেরা ব্যবসা করতে পারলেও সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সেটি করার ক্ষেত্রেও আইনি বিধিনিষেধ আছে। কিন্তু আমাদের মন্ত্রী-সাংসদেরা যে এসব বিধিনিষেধের তোয়াক্কাই করেন না, তার অনেক উদাহরণের একটি হলো জাহাজ-বাণিজ্য।
সম্প্রতি প্রথম অলোর খবর অনুযায়ী মন্ত্রী, সাংসদ ও তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা কনটেইনারবাহী ৩২টি জাহাজের লাইসেন্স (অনুমতিপত্র) নিয়ে গত দুই বছরেও জাহাজ নামাননি। এ কারণে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানগাঁও কনটেইনার টার্মিনালটি ২০১১ সালে সাড়ম্বরে উদ্বোধন করা হলেও বর্তমানে অব্যবহূত অবস্থায় পড়ে আছে। জাহাজের অনুমতি পাওয়া ব্যক্তিদের তালিকায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর (যখন তিনি লাইসেন্স পান, তখন মন্ত্রী ছিলেন না), পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের স্ত্রী, সাংসদ শেখ হেলালউদ্দিন, আবুল হাসনাত আবদুল্লাহ, সংরক্ষিত আসনের সাংসদ নাজমা আক্তারের স্বামী, চট্টগ্রামের সাংসদ শামসুল হকের ছেলেও রয়েছেন।
যে ৩২টি প্রতিষ্ঠানকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, তাদের বেশির ভাগেরই জাহাজ ব্যবসার অভিজ্ঞতা ও পুঁজি, কোনোটাই নেই। অনুমতিপত্র পাওয়ার পর কেউ মালিকানার আংশিক বা পুরোটা বিক্রির চেষ্টা করেছেন। তাঁদের কোম্পানি আসলে কাগজপত্রে আছে, বাস্তবে নেই।
সমুদ্র পরিবহন অধিদপ্তর বারবার তাগাদা দিয়েও অনুমতি পাওয়া কোম্পানিগুলোর কাছ থেকে সদুত্তর পায়নি। এখন অনুমতি পাওয়া কোম্পানিগুলোর অক্ষমতা ঢাকতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জাহাজ কিনে পানগাঁও কনটেইনার টার্মিনালটি চালু করতে যাচ্ছে। কিন্তু জাহাজের অনুমতি দেওয়ার ক্ষেত্রে যে বড় ধরনের অনিয়ম এবং রাষ্ট্র বিপুল পরিমাণ ক্ষতির সন্মুখীন হলো, তার দায় কে নেবে? কারা, কীভাবে অনৈতিক প্রভাব খাটিয়ে অনুমতিপত্র ভাগিয়ে নিয়েছেন, তা জানার অধিকার দেশবাসীর আছে।
বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। যেসব প্রতিষ্ঠান অনুমতিপত্র নিয়েও দুই বছরে জাহাজ নির্মাণ বা আমদানি করতে পারেনি, তাদের অনুমতিপত্র রাখারও যুক্তি নেই।