মন্ত্রী-সাংসদদের হলফনামা নিয়ে রাজনীতিতে যখন সমালোচনার ঝড় বইছে, তখনই এই অদ্ভুত খবর প্রচারিত হলো যে তাঁরা নির্বাচন কমিশনে ভুল তথ্য দিয়েছেন। গতকাল সোমবার প্রথম আলোর খবরে অন্তত তিনজনের হলফনামায় ভুল তথ্য দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন। এই তিনজন হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান ও ঢাকার সাংসদ আসলামুল হক। তাঁদের কেউ বলেছেন, স্ত্রীর ব্যাংক আমানত ভুলবশত বেশি দেখানো হয়েছে, কেউ বলেছেন অঙ্কের ঘরে দশমিক পড়েনি বলে জমির পরিমাণ বহুগুণে বেড়ে গেছে। আবার কারও দাবি আয়কর উপদেষ্টা ভুল তথ্য দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) যাঁদের সম্পদের হিসাব নিয়েছে, তাঁরাই ভুল তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন। আর সবাই সঠিক তথ্য দিয়েছেন, সেটি ভাববার কারণ নেই। তারা যদি অন্যদের সম্পদের হিসাব চাইত, তাহলে এই স্বঘোষিত ভুল তথ্যদাতার সংখ্যা অনেক বেশি হতো।
এসব জনপ্রতিনিধির পাঁচ বছর আগে দেওয়া তথ্যের সঙ্গে পরের হিসাব মিলিয়ে নিলেই বোঝা যাবে আসলে ভুলটি হিসাবের নয়, ভুলটি অতিরিক্ত সম্পদ আহরণের। মন্ত্রী-সাংসদ হওয়ার আগে তাঁদের আয়ের চেয়ে পরের আয়ের বিশাল ফারাকটি কোনোভাবে গোপন রাখা যাচ্ছে না। এসব হলফনামা প্রার্থীরা স্বেচ্ছায় দিয়েছেন। কেউ জবরদস্তি করেননি। মন্ত্রী-সাংসদ হয়েই কোটিপতি থেকে শত কোটিপতি হওয়ার গূঢ়রহস্যের মধ্যেই ভুলটি রয়ে গেছে। প্রথম আলোর খবরের প্রতিবাদ জানিয়ে একজন সাংসদ তো বিভিন্ন পত্রিকায় গাঁটের টাকা খরচ করে বিজ্ঞাপনও দিয়েছেন। আগামী নির্বাচনে দেওয়া হলফনামায় তিনি সেই টাকার উত্স জানাবেন আশা করি।
অসত্য তথ্য দেওয়ার জন্য ফৌজদারি আইনেই শাস্তি নির্ধারিত আছে। আর দুদক বিষয়টি তদন্ত করলেই বুঝতে পারবে, সত্যিকার ভুল কোথায় হয়েছে। এ কারণেই সবার সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করলে আরও অনেক ভুল বেরিয়ে আসবে। এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন ভুল তথ্য দেওয়ার জন্য সদস্যপদ বাতিল করার বিধান রাখার যে প্রস্তাব করেছিল, সেটিই পুনর্বিবেচনার দাবি রাখে।