আমাদের দেশের মন্ত্রীদের ক্যামেরার সামনে দাঁড়ালে মনের মধ্যে ভাবের উদয় হয়। ফলে, ভাব নিয়ে কী বলেন, তা দেশের মানুষ যেমন বুঝতে পারেন না, তেমনি তিনি নিজেও বোঝেন না। এ কারণেই এঁরা মন্ত্রী।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাত হাত মাটির নিচ থেকে অপরাধীকে খুঁজে বের করার হুংকার থেকে শুরু করে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর হুংকারের সঙ্গে সঙ্গে নানা বিষয়ে আমরা পরিচিত হচ্ছি। সাগর-রুনির হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের খুঁজে বের করা হবে। তারপর কত চন্দ্রভুক, অমাবস্যা পার হলো, ৪৮ ঘণ্টা শেষ হলো না। আমরা জানলাম, মন্ত্রীদের ৪৮ ঘণ্টা আর সাংবাদিকদের ৪৮ ঘণ্টা এক নয়।
এরপর প্রধানমন্ত্রী আমাদের জানালেন, ‘বেডরুমের নিরাপত্তা’ দেওয়ার ক্ষমতা তাঁর সরকারের নেই। আমরা ভাবলাম, আমরা তাহলে রাস্তাঘাট, কর্মক্ষেত্রে অন্তত নিরাপদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘তালাতত্ত্বের’ পর যখন স্বরাষ্ট্রমন্ত্রী বদল হলো, ভাবলাম যাক অন্তত এখন থেকে যে কথা আমরা বুঝি সে কথা শুনব। কিন্তু কিছুদিন না যেতেই দেখলাম আমাদের যা ছিল আগে তা-ই ভালো ছিল। কারণ, বিশ্বজিতের খুনিকে দেশের সবাই চিনলেও স্বরাষ্ট্রমন্ত্রী চিনতে পারলেন না। তিনি খুনিদের পূর্বপুরুষ কী মার্কায় ভোট দিত, তা নিয়ে গবেষণা শুরু করলেন। সর্বশেষ ‘নাড়াচাড়া তত্ত্বের’ অর্থ বুঝতে অক্ষম মিডিয়াগুলো বিব্রত। তবু ভালো বর্তমান সরকার ২০ হাজার টাকা অনুদান ঘোষণা করেছে। একটা করে ছাগল দিয়ে বলেনি, বাঁচা-মরা আল্লাহর হাতে।
সর্বশেষ এখন মন্ত্রীর যা করণীয় তা হলো, রানা আসলে ছাত্রলীগ না হাইব্রিড, তা নিয়ে গবেষণা করা, রানার পূর্বপুরুষ কিসে ভোট দিত তা জানা, যাঁরা এই দুর্যোগে রক্ত দান করেছেন তাঁদের রক্ত কোন দলের, তা নিয়ে বিশ্লেষণ করা এবং দেশের পত্রিকায় রানার কপালে মুরাদ জংয়ের যে ভালোবাসার চুম্বন, তা আদৌ সত্য, না প্রযুক্তির কারসাজি, তা নিয়ে তদন্ত কমিটি গঠন করা।
অর্থমন্ত্রীর উচিত এই ভবনমালিকের জন্য ব্যাংকঋণের ব্যবস্থা করা, পোশাকশিল্পের মালিকদের জন্য যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করা। সর্বোপরি, নিহত শ্রমিকদের জন্য গভীর শোক প্রকাশ করে পারলে দুই ফোঁটা অশ্রু বিসর্জন দেওয়া। মাত্র তিন দিনের বেতন কাটা যাবে বলে শ্রমিকেরা কেন ফাটল ধরা ভবনে কাজে গেলেন, তা তিনি বুঝতে পারেন না বলে বিরক্ত হওয়া।
শাকিলা নাছরিন
মুরাদপুর মাদ্রাসা রোড, ঢাকা।