মন্দিরে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট-বড় বিভিন্ন আকারে হিন্দু সমাজের ধর্মীয় প্রতিষ্ঠান ও বাসস্থানে হামলা চলছেই। বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে প্রবেশের সময় থেকেই দেশজুড়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের লক্ষ্যবস্তু হচ্ছে হিন্দু সম্প্রদায়। বিস্ময়করভাবে বড় বড় সাম্প্রদায়িক তাণ্ডবের সঙ্গে এক ‘সর্বদলীয়’ যোগসাজশ দেখা গেছে। প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। সরকার যদি হামলা প্রতিহত করতে এবং অপরাধীদের আইনের হাতে আনতে ব্যর্থ হয়, তাহলে জনসমাজকেই সামাজিক প্রতিরোধে শামিল হতে হবে।
স্থান দুটি দেশের দুই প্রান্তে, সিরাজগঞ্জের শাহজাদপুর ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া। কিন্তু কোন অদৃশ্য যোগাযোগে একই দিনে প্রকাশ্য ‘অজুহাত’ ছাড়াই দুই জায়গায় মন্দিরে হামলা হলো? দুটি স্থানেই রাতের অন্ধকারে দুর্বৃত্তরা হামলা চালায়। আবার দুটি স্থানেই এলাকাবাসী ঘুম ভেঙে আগুন নেভাতে আসে। বিষয়টিকে তাই দুটি সম্প্রদায়ের মানুষের মধ্যকার কলহের জের ধরে দুর্বল পক্ষের ওপর সবল পক্ষের সংঘবদ্ধ আক্রমণ বলা যাচ্ছে না। গুটি কয়েক লোক গোপনে চোরের মতো এসে সংখ্যালঘুদের স্থাপনাসমূহে আক্রমণ করেছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়।
সারা দেশে জমি দখল, রাজনৈতিক ক্ষমতা, ভোটের হিসাব-নিকাশসহ নানা স্বার্থগত কারণে হিন্দু সম্প্রদায়কে কোণঠাসা করার ইতিহাস সুদীর্ঘ। এসব ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে সরকারি কিংবা প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়াতেই ঘটনাগুলো ঘটেছে। ঘটনার কারণগুলো সর্বক্ষেত্রে ধর্মবিশ্বাস বা অপর সম্প্রদায়ের প্রতি ধর্মবিদ্বেষ নয়, বরং অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থই বড় হয়ে দেখা দিয়েছে। হামলায় জড়িতদের তাই খুঁজে বের করাও কঠিন নয়। কিন্তু অপরাধী যদি নিজ দলের হয়, তাহলে সরকারি দলপ্রভাবিত প্রশাসন নিষ্ক্রিয় থাকে। ভিন্ন দলের সাম্প্রদায়িক দুর্বৃত্তদেরও যে কঠিন শাস্তি হয়েছে তা নয়। এ কারণেই প্রশাসনের ওপর চাপ সৃষ্টিতে মানবাধিকারকর্মী, অগ্রণী নাগরিকেরা এবং জনসমাজের উদ্যোগী হওয়ার প্রয়োজন আছে।
দরকার হলে সাম্প্রদায়িক হামলার বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল এবং সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার জন্য ‘মাইনরিটি কমিশন’ গঠন করতে হবে। সম্প্রতি রামু, সাঁথিয়া, সাতক্ষীরা, বরিশালসহ সব সাম্প্রদায়িক হামলা-নির্যাতনের বিচার করতেই হবে। নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্যও এ বিষয়ে সতর্কতা জরুরি।