মসুল অভিযানের জটিল সমীকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সেনাবাহিনী, হিজবুল্লাহ ও ইরানের মিত্ররা আইএসের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। কারণ, মসুলের পতন হলে তারা ইরাক থেকে সিরিয়ার দিকে চলে আসবে। সিরিয়ার সেনাবাহিনী সন্দেহ করে, মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল প্রচারিত মসুলের ‘স্বাধীনতার’ উদ্দেশ্য হলো, সিরিয়াকে আইএসের সেনা দিয়ে ভরে ফেলা। মসুল আইএসের ইরাকের রাজধানী। আর রাকা তো আইএসের সিরিয়ার ‘ছোট রাজধানী’।
কয়েক সপ্তাহ ধরেই পশ্চিমা গণমাধ্যম ও মার্কিন বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করছেন, আইএস মসুলে স্তালিনগ্রাদ স্টাইলে আমৃত্যু যুদ্ধ চালিয়ে যাবে। অথবা ইরাকি বাহিনী সহজেই আইএসকে হারিয়ে দেবে। এরপর ইরাকের বিভিন্ন গোষ্ঠী এই শহরের দখল নিতে যুদ্ধ শুরু করবে। জাতিসংঘ এই বলে সতর্ক করে দিয়েছে যে মসুল শহর ঘেরাও করে রাখা হলে বহু মানুষ সেখান থেকে পালিয়ে আসতে পারে। ফলে শরণার্থীদের আরেকটি স্রোত সৃষ্টি হবে। কিন্তু সিরীয় মানুষের সন্দেহ হচ্ছে, আইএস এমনিতেই মসুল ছেড়ে দিয়ে সিরিয়ায় তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে চলে আসবে। গত বছর তাদের সেনাবাহিনী পালমিরা দখল করার পর এ রকমটাই হয়েছিল।
এদিকে সিরিয়ার গোয়েন্দারা ইতিমধ্যে কিছু খারাপ খবর পেয়েছে। সিরিয়ার শহর হাসাকার দক্ষিণের কিছু গ্রাম ও শহরতলিতে আইএস মসুল থেকে তাদের সহযোদ্ধাদের আগমনের প্রতীক্ষায় নতুন করে পানি ও বিদ্যুৎ সরবরাহের দাবি করেছে, যদিও এই শহর সরকারের সেনাদের নিয়ন্ত্রণে। অন্য কথায়, মসুলের পতন হলে আইএসের পুরো খেলাফত আসাদ সরকার ও তঁার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। এ দৃশ্য দেখে ওয়াশিংটন হয়তো আনন্দিত হবে। কথা হচ্ছে, এ বছরের শুরুতে যখন ইরাকের ফালুজা শহর সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আসে, তখন অনেক আইএস যোদ্ধাই সঙ্গে সঙ্গে সিরিয়ায় পালিয়ে যায়।
হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরাল্লাহ আশুরার বক্তৃতায় বলেছেন, মার্কিনরা ‘যখন আইএসকে পূর্ব সিরিয়ায় পালিয়ে যাওয়ার সুযোগ দিল, তখনই বোঝা গেছে, তারা ফালুজার ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চায়।’ তিনি তখন সতর্ক করে দিয়েছিলেন, ‘মসুলেই হয়তো একই ধরনের প্রতারণাপূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’ অন্য কথায়, আইএস মসুলে পরাজিত হলে তারা পশ্চিমে সিরিয়ার দিকে যাত্রা শুরু করবে, যার লক্ষ্য হচ্ছে, সিরিয়ার আসাদ সরকারকে পরাজিত করা।’
মার্কিন জেনারেল ও সামরিক সূত্র গত কয়েক সপ্তাহে যেসব মন্তব্য করেছে, তাতে এই সন্দেহ তেমন একটা দূর হয়নি। মধ্যপ্রাচ্যে নিযুক্ত নতুন মার্কিন কমান্ডার লে. জেনারেল স্টিফেন টাউনসেন্ড বলেছেন, শুধু মসুল নয়, ‘তাঁর আমলেই’ রাকাও দখল হয়ে যাবে। কিন্তু তিনি আসলে কার কথা ভেবেছেন, যিনি রাকা দখল করবেন! সিরীয় সেনাবাহিনী এখনো দামেস্ক-আলেপ্পো সামরিক সড়কের ভিত্তি থেকে রাকার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চায়। এ বছরের শুরুতে তারা একটি চেষ্টা করেছিল, কিন্তু সেটা সামরিক নয়, রাজনৈতিক কারণে বাতিল হয়ে গিয়েছিল। আর রাশিয়া তো দৃশ্যত নুসরা/আল-কায়েদার ওপর বেশি মনোযোগ দিতে চায়। মস্কো ও দামেস্ক মনে করে, এরা আইএসের চেয়েও বেশি ভয়ংকর।
মস্কো ও দামেস্ক খেয়াল করেছে, কীভাবে পশ্চিমা রাজনীতিক ও সাংবাদিকেরা নুসরাকে ক্রমাগত ‘বিদ্রোহী’ আখ্যা দিয়ে যাচ্ছে, যারা অন্য আরও বিদ্রোহীদের সঙ্গে সিরিয়ার সরকারের সঙ্গে যুদ্ধ করছে। নুসরা সম্প্রতি নাম পরিবর্তন করে জাবাত ফতেহ আল-শাম নাম ধারণ করেছে। শরীর থেকে আল-কায়েদার গন্ধ দূর করতে তারা এ কাজ করেছে। একজন অজ্ঞাতপরিচয় মার্কিন জেনারেলকে গত মাসে উদ্ধৃত করে বলা হয়েছে, ইরাকি শিয়া সেনারা তাল আফার শহর দখল করে সেখানে আইএস যোদ্ধাদের ফাঁদে ফেলতে পারে, যাতে তারা সিরিয়ায় ঢুকতে না পারে। জানা যায়, আইএস কিছুদিন আগে তাল আফার ছেড়ে চলে গেছে।
মার্কিনভিত্তিক অনলাইন ম্যাগাজিন মিলিটারি টাইমস (শোনা যায়, এরা পেন্টাগন ঘনিষ্ঠ) যুক্তি দিয়েছে, জেনারেল টাউনসেন্ডের উচিত, ‘আইএসকে তাড়িয়ে সিরিয়ায় ঢুকিয়ে দেওয়া, যেখানে যুক্তরাষ্ট্রের কিছু স্থলসেনা মিত্র রয়েছে।’ এটা একটু অত্যুক্তি হয়ে গেল। কারণ, টাউনসেন্ড নিজেই তো বলেছেন, মসুল দখলের যুদ্ধ ‘দীর্ঘ ও কঠিন হবে’। তিনি মসুল ‘ঘেরাও’-এর কথাও বলেছেন। কথা হচ্ছে, এসব ভীষণ রকম ভবিষ্যদ্বাণীতে সিরীয়রা বিশ্বাস করে না।
গত পাঁচ বছরের গৃহযুদ্ধে আসাদের সেনাবাহিনীর ৬৫ হাজার যোদ্ধা মারা গেছে। ইতিমধ্যে মার্কিনরা দিয়ের এজোরে বোমাও ফেলেছে, যাতে ৬০ জন মানুষ মারা গেছে, যদিও ওয়াশিংটন বলছে, এটি ভুল ছিল। এখন তারা প্রস্তুতি নিচ্ছে, মসুল পতনের পর আইএস যোদ্ধারা তাদের দেশে আসতে শুরু করলে কীভাবে তাদের মোকাবিলা করা হবে। নাসরাল্লাহ নিজের বক্তৃতায় এ প্রসঙ্গটি এনেছেন, যেটা বেশ কৌতূহল সৃষ্টি করেছে। তিনি বলেছেন, ইরাকি সেনারা যদি মসুলে আইএসকে পরাজিত করতে না পারে, তাহলে ইরাকিদেরই—সম্ভবত, শিয়া যোদ্ধাদের, যারা সরকারি সেনাবাহিনীর অগ্রভাগে রয়েছে—‘সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে পূর্ব সিরিয়ায় চলে যেতে বাধ্য হতে হবে।’
এমন সম্ভাবনা আছে যে, সিরীয় সামরিক বাহিনী ও রুশ মিত্রদের একই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে হবে। সে পরিপ্রেক্ষিতে তারা যে মসুল পতনের আগেই পূর্ব আলেপ্পো দখল সম্পন্ন করতে চাইছে, তাতে তো বিস্মিত হওয়ার তেমন কিছু নেই, তা যত প্রাণহানিই ঘটুক না কেন।
অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া।
রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্টের মধ্যপ্রাচ্য প্রতিনিধি।