বাঙালি জাতির শ্রেষ্ঠতম আত্মদানে অর্জিত শ্রেষ্ঠতম গৌরবের বিজয় দিবস আজ। ১৯৭১ সালের ২৬ মার্চ যে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের রক্তাক্ত অভ্যুদয় ঘটেছিল, সে বছরেরই ১৬ ডিসেম্বর সেই রাষ্ট্র শত্রুকে পরাজিত করে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে। স্বাধীনতার সেই লড়াইয়ে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছিলেন, তাঁদের সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। শহীদদের উদ্দেশে বলি: আমরা তোমাদের ভুলিনি, ভুলব না।
গত বিজয় দিবসের প্রত্যয় ছিল যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা। এবারের বিজয় দিবসের প্রাক্কালে আদালতের রায়ে একজন যুদ্ধাপরাধীর শাস্তি নিশ্চিত করার ঘটনা তাই অর্থবহ। এই বিচারকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। বাংলাদেশের সামনে এখন দুটি কর্তব্য: যুদ্ধাপরাধের বিচার চালিয়ে যাওয়া এবং গণতন্ত্রের যাত্রাকে সংকটমুক্ত করা। উভয় কর্তব্যের মধ্যে যেমন বিরোধ নেই, তাই উভয়কেই যথাযথভাবে সম্পন্ন করার ওপরই দেশের বিজয়যাত্রা অব্যাহত থাকা নির্ভরশীল।
সাড়ে সাত কোটি মানুষের অসীম ত্যাগ আর সাহসিকতার ফসল ছিল মুক্তিযুদ্ধের বিজয়। রাজনৈতিক নেতৃত্বের অকুতোভয় সংগ্রাম, রাজনৈতিক নির্দেশনায় সামরিক নেতৃত্বের বুদ্ধিদীপ্ত ও অবিচল লড়াই, বুদ্ধিজীবী-লেখক-শিল্পীদের আত্মত্যাগ ছাড়া এই বিজয় সম্ভব হতো না। এসবের সঙ্গে যুক্ত হয়েছিল ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের জোরালো সহযোগিতা এবং পৃথিবীর বিভিন্ন দেশের অনেক রাজনীতিক, সাংবাদিক, মানবাধিকারকর্মী, শিল্পী, কবি ও সাহিত্যিকের নৈতিক সমর্থন। আমরা তাঁদের অবদানও কৃতজ্ঞচিত্তে স্মরণ করি।
স্বাধীন স্বদেশকে নিয়ে আমাদের স্বপ্ন ছিল অনেক। কিন্তু গত ৪৩ বছরের ইতিহাস আশাহত হওয়ার ইতিহাস। সন্দেহ নেই, দারিদ্র্য-পরিস্থিতির উন্নতি ঘটেছে, শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিস্তার ঘটেছে, উৎপাদনের ভিত্তি কিছুটা জোরালো হয়েছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। কিন্তু তবু শহীদদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে আজও আমরা অনেক দূরে। জাতীয় রাজনীতি কলুষিত; দুর্নীতি ও সন্ত্রাস হয়ে উঠেছে রাজনীতির প্রধান বৈশিষ্ট্য। দলে গণতন্ত্রচর্চা নেই; দলে দলে সম্পর্কের ক্ষেত্রেও গণতান্ত্রিক সহনশীলতার বড্ড অভাব। সুশাসন প্রতিষ্ঠা পায়নি, আইনের শাসন দুর্বল, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো মজবুত হয়নি। মানুষে মানুষে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে, দুর্নীতি কমেনি। তবে আশাব্যঞ্জক বিষয়, জনসাধারণের গণতান্ত্রিক চেতনা বেড়েছে। শাসনব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি হয়েছে আগের চেয়ে অনেক জোরালো।
নির্বাচন ও যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে চরম হানাহানি বিজয়ের গরিমাকে ম্লান করে দিচ্ছে। দুঃখজনক যে মানবতাবিরোধী অপরাধের বিচার এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বিষয়ে জাতীয় সমঝোতা সৃষ্টিতে বাংলাদেশের রাজনীতি ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতা বহু গুণে প্রতিফলিত হয়েছে রাষ্ট্রের দুর্নীতিমূলক চরিত্রে, মানবাধিকার লঙ্ঘনে এবং আইনের শাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিহীনতায়। সোনার বাংলার স্বপ্ন বারবার হাতছানি দিয়েও অধরাই থেকে যাচ্ছে।
এই হতাশার মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষই আশার আলো বাঁচিয়ে রেখেছে। অর্থনৈতিক অগ্রগতির চালিকাশক্তি তারাই। ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে তারা বারবার দৃঢ় অবস্থান নিয়েছে। আশা করি, জনতার এই অবস্থান বিজয় দিবসে আরও শক্তিশালী হবে।