ঘূর্ণিঝড় মহাসেন সামলানোর জন্য শুরুতে যে তৎপরতা দেখা গিয়েছিল, এখন এই ঝড়ে ক্ষতিগ্রস্ত দুর্গতদের প্রতি উল্টো অবহেলাই লক্ষণীয় হয়ে পড়েছে। গতিপথ পরিবর্তন ও তুলনামূলকভাবে দুর্বল হয়ে ঘূর্ণিঝড়টি যেসব অঞ্চলে আঘাত হেনেছে, সেখানে ধ্বংসযজ্ঞ ও সম্পদহানি কম হয়নি। কিন্তু ঘরবাড়ি হারানো এসব দুর্গত মানুষ এখন দুমুঠো খাবারও পাচ্ছে না।
ঘূর্ণিঝড় মহাসেনের ব্যাপারে শুরুতে যে পূর্বাভাস ছিল তা হচ্ছে ঝড়টি কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রামের দিকে আঘাত হানতে পারে। সেই বিবেচনায় ঘূর্ণিঝড় ও পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকার ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতার কথা জানা যায়। পরে ঘূর্ণিঝড়টি অনেকটা দুর্বল হয়ে আঘাত হানে মূলত উপকূলীয় জেলা বরগুনা, পটুয়াখালী, ভোলাসহ আশপাশের এলাকায়। ঘূর্ণিঝড়টি দুর্বল হওয়ায় সবাই স্বস্তির নিঃস্বাস ফেলেছেন, কিন্তু এর পরও এই ঘূর্ণিঝড়, সেই সঙ্গে জলোচ্ছ্বাস যে লাখ লাখ মানুষের সম্পদহানি ঘটিয়েছে এবং জীবন-জীবিকাকে বিপন্ন করে তুলেছে, তা উপেক্ষিতই রয়ে যাচ্ছে।
ঘূর্ণিঝড়ের কারণে শুধু বরগুনা জেলাতেই এক লাখ লোক পানিবন্দী হয়ে পড়েছে। ভোলা ও পটুয়াখালীর বিভিন্ন স্থানে অনেক লোক রোদ ও বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। এসব দুর্গত মানুষের জন্য যে সাহায্য এসেছে তা সামান্য। এই দুর্গতদের অনেকে একদিকে ঘরবাড়ি হারিয়ে সর্বস্বাস্ত, অন্যদিকে হাতে কাজ না থাকায় আয়-রোজগারও বন্ধ।
প্রথম আলোর বরগুনা প্রতিনিধি বঙ্গোপসাগরের তীরবর্তী তালতলী উপজেলার দুটি ইউনিয়ন সরেজমিনে পরিদর্শন করে দেখেছেন যে সেখানে প্রায় ছয় হাজার পরিবার পানিবন্দী অবস্থায় খোলা আকাশের নিচে বাস করছে। ঘূর্ণিঝড়ের ছয় দিন পরও সেখানে কোনো ত্রাণের খাবার পৌঁছেনি। এটা অনেকটাই স্পষ্ট যে সরকার ও প্রশাসন মহাসেন-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ভূমিকা নিতে পারছে না।
বর্তমান পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাঠানোর বিকল্প নেই। আঞ্চলিক পর্যায়ে প্রশাসন থেকে যে ত্রাণ গেছে, তা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। এ ব্যাপারে কেন্দ্রীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে।