মহাসড়কে মহা ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ গল্পের শেষ নেই। যখন বেশি দরকার তখনই সড়ক-মহাসড়কগুলো ভোগান্তির পরীক্ষায় ফেলবে যাত্রী ও চালকদের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খানাখন্দভরা দুরবস্থা নিয়ে লেখালেখি হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। অন্যান্য মহাসড়কের অবস্থাও ভালো নয়। শুক্রবার আন্তমন্ত্রণালয় বৈঠকে স্বয়ং যোগাযোগমন্ত্রীও সে কথা স্বীকার করেছেন। একদিকে বর্ষা, অন্যদিকে ঈদ এগিয়ে আসছে; জরুরি ব্যবস্থা নেওয়ার সময় কিন্তু পেরিয়ে যায়। এখন মেরামতের যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা জোড়াতালি ছাড়া আর কিছু নয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালের জানুয়ারিতে। অথচ এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র ৪৫ শতাংশ। নিয়মানুযায়ী প্রকল্পের চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানটির শাস্তি প্রাপ্য হলেও তারাই বরং যাত্রী ও সরকারকে শাস্তি দিচ্ছে। পাশাপাশি বাড়তি প্রায় ৫১১ কোটি টাকা দাবি করে বসেছে। রাষ্ট্রীয় পর্যায়ে বিষয়টি আলোচিত হলেও প্রতিকার হয়নি। ঢাকা–চট্টগ্রামের ছয় ঘণ্টার দূরত্ব পার হতে এখন ১৬ ঘণ্টাও লাগছে। এদিকে বর্ষায় দেশের সড়ক ও মহাসড়কগুলোর অবস্থা আরও খারাপ হয়েছে। প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের ৪১ শতাংশ সড়ক ও মহাসড়কের অবস্থাই খারাপ।
সড়কের শোচনীয় দশার কারণে গাড়ির চাকা ও যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে, যাত্রীদের ভোগান্তিরও শেষ নেই। অবস্থা বেগতিক দেখে পরিবহন মালিক সমিতি মহাসড়ক মেরামত না করলে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। ঈদের আগে ব্যবসা-বাণিজ্য, কেনাকাটা ও বাড়ি ফেরার ধুম লাগে। এ রকম সময়ে সড়কে অচলাবস্থা যেমন অসহনীয়, তেমনি গাড়ি চলাচল বন্ধ করাও অসম্ভব। এখানেই সরকারকে দৃঢ়তা দেখাতে হবে। কিন্তু ইট–বালু–সুরকি দিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের যে উদ্যোগ নেওয়া হচ্ছে, সেটা পরিস্থিতির উন্নতিতে আদৌ কোনো ভূমিকা রাখতে পারবে কি? এত দিন তারা কী করেছে? ঈদ সামনে রেখে শেষ সময়ে এই জোড়াতালি মেরামতি কেন?