মহিলা বাস
ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশের অগ্রযাত্রা ঈর্ষণীয়। যেখানে রয়েছে নারী ও পুরুষের সমান অবদান। আজকের নারীরা আর রান্নাঘর অথবা গৃহস্থালির কাজেই সীমাবদ্ধ থাকতে চান না অথবা থাকেন না। বাংলাদেশের অগ্রযাত্রায় তাঁরা অনবদ্য অবদান রাখছেন। নারীরা পুরুষের সঙ্গে
তাল মিলিয়ে দেশের অগ্রগতির ধারা নিরবচ্ছিন্ন রাখছেন। তাঁরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। কিন্তু আমরা লক্ষ করলে দেখতে পাই, অফিসের সময় অথবা অফিস ছুটির সময় অনেক নারীকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে।
এ সময় গণপরিবহনগুলো পরিপূর্ণ থাকে যাত্রীতে। এই নারীরা যখন এসব পরিবহনগুলোর দিকে এগিয়ে যান, বাসের সংশ্লিষ্ট কর্মচারীরা দূর থেকেই বলে রাখেন, মহিলা সিট নেই। নারীদের পক্ষে গাদাগাদি করা বাসে দাঁড়িয়ে যাওয়া সম্ভব হয় না। তখন তাঁরা অন্য পরিবহনের জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু অপেক্ষার শেষ কোথায়?
একই ঘটনা ঘটতে থাকে বারবার। এখানে কি তারা অবহেলিত নন? তাঁরা একই সঙ্গে চাকরি ও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।
এই অবস্থায় সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে বলতে চাই, ঢাকা ও যেসব শহরে নারীদের প্রতি এই অবহেলা, সেসব শহরে শুধু নারীদের জন্য বাসের ব্যবস্থা করা হোক, যাতে তাঁরা কর্মজীবন এবং সংসারজীবনে সাফল্য বয়ে আনতে পারেন।
মো. রাশেদুল
নাখালপাড়া, ঢাকা।