রাজধানী ঢাকার অভ্যন্তরে চলাচলকারী বাসগুলোতে মহিলাদের জন্য আলাদা সিট বরাদ্দ থাকলেও মহিলারা বাসে উঠে তাঁদের সেই নির্ধারিত সিট পাচ্ছেন না। প্রায়ই লক্ষ করা যায়, সেসব সিটে পুরুষেরা বসে জায়গা দখল করে থাকেন। এমতাবস্থায় কোনো স্টপেজ থেকে মহিলা যাত্রী উঠে বাধ্য হয়ে ভদ্রতার খাতিরে দাঁড়িয়ে থাকেন। তখন ওই সব পুরুষের সিট ছাড়তে বললেও তাঁরা বসা থেকে উঠতে রাজি হন না। তাই বাধ্য হয়ে মহিলাদের বাসের প্রবেশমুখে কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হয়। কোনো কোনো ক্ষেত্রে মহিলাদের বাসে উঠতে দেওয়া হয় না এই অজুহাতে যে মহিলা সিটে জায়গা নেই। অথচ তখন তাঁদের সিট দখল করে থাকেন ভদ্রবেশী কিছু পুরুষ।
তাই বাসযাত্রী ও কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে, তারা যেন মহিলাদের নির্ধারিত সিটে কোনো পুরুষকে বসতে না দেয়। আর যদি কেউ বসেই থাকে, তাহলে কোনো মহিলা ওঠামাত্রই যেন তাকে ওই সিট থেকে নামানো হয়। এসব ব্যাপারে সদয় দৃষ্টি দেওয়ার পাশাপাশি মহিলাদের জন্য বাসে আরও সিট বরাদ্দ করলে তাঁদের যাতায়াতের পথ সুগম হবে।
মুহাম্মদ মনসুর আলম
হরিরামপুর, মিরপুর, ঢাকা।