মাছ-মুরগির খাবারে ক্রোমিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় যে মাছ-মুরগি থাকে, তা প্রধানত আসে খামার থেকে। এসব খামারে ব্যবহূত খাদ্যের গুণগত মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এক শ্রেণীর কারখানা ট্যানারিতে ব্যবহূত চামড়ার অব্যবহূত ঝুট চামড়া কুড়িয়ে এনে গুঁড়া করে মাছ-মুরগির খাবারে মেশায়। ট্যানারির চামড়ায় থাকে বেশি মাত্রায় ক্রোমিয়াম। মাছ-মুরগির প্রোটিনে সেই ক্রোমিয়াম যায়। আমরা পরম আনন্দে সেগুলো খাই। সেই সঙ্গে খাই অতিরিক্ত ক্রোমিয়াম। মানুষের শরীরে সহনীয় মাত্রার চেয়ে কয়েক শ থেকে কয়েক হাজার গুণ বেশি ক্রোমিয়াম আমরা না জেনে-বুঝেই খাচ্ছি। অতিরিক্ত ক্রোমিয়াম মানুষের কিডনি, যকৃৎসহ অন্যান্য অঙ্গের ক্ষতি করে।
গত বুধবার র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রাজধানীর হাজারীবাগ এলাকায় এ রকম একটি কারখানা সিলগালা করে দিয়েছেন। সেখানে মজুত ছিল তিন হাজার বস্তা অতিরিক্ত ক্রোমিয়ামযুক্ত মাছ-মুরগির খাবার। সেসব ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে। আর জরিমানা করা হয়েছে মাত্র দুই লাখ টাকা। অনাদায়ে মালিকের ছেলেকে তিন মাসের জেল খাটতে হবে।
দেশে লাখ লাখ মানুষের কিডনি বিকল ও যকৃৎ নষ্ট হওয়ার জন্য দায়ী এক শ্রেণীর অসাধু কারখানা-মালিক মাছ-মুরগির বিষাক্ত খাবারের ব্যবসা করে কোটি কোটি টাকা মুনাফা করবে আর ধরা পড়লে তাদের দিতে হবে মাত্র দুই লাখ টাকা জরিমানা! সামান্য দণ্ডি দিয়ে যদি কোটি কোটি টাকা বানানো যায়, তাহলে এর চেয়ে লাভজনক ব্যবসা আর কী হতে পারে?
র‌্যাব তাদের একজনকে ধরেছে, ভালো করেছে। কিন্তু আইনে আরও কঠোর সাজার ব্যবস্থা থাকা উচিত। এক শ্রেণীর বিবেকহীন ব্যবসায়ী নির্বিকারভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারছে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার জন্য। জনস্বাস্থ্য দেখার কি কেউ নেই? যে যেমন খুশি কারখানা খুলে ব্যবসা করার ছাড়পত্র পায় কীভাবে? এ বিষয়ে খাদ্যের মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে সব সময় সতর্ক তদারকি চালাতে হবে।
বিভিন্ন কারখানায় তৈরি মাছ-মুরগির খাদ্য কতটা নিরাপদ, তা অবিলম্বে পরীক্ষা করে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।
আমরা নিরাপদ মাছ-মুরগি চাই।