‘শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত।’ যে শিক্ষা জাতির কল্যাণ সাধন করে থাকে সে শিক্ষার কথাই উপরিউক্ত বাক্য দুটিতে বলা হয়েছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে লক্ষ করলে দেখা যায়, উন্নত দেশগুলোতে উচ্চশিক্ষার ক্ষেত্রে মাতৃভাষাকেই মাধ্যম করা হয়েছে, ফলে সামগ্রিক মেধা-মননে তারা শীর্ষে অবস্থান করে আছে।
আমাদের দেশে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষায় মাতৃভাষায় শিক্ষার চর্চা থাকলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার পুরোপুরি চর্চা নেই বললেই চলে অথচ আমাদের মতো উন্নয়নশীল দেশের উন্নতি-অগ্রগতির কথা চিন্তা করলে মাতৃভাষায় উচ্চশিক্ষাচর্চা একান্ত আবশ্যক।
ভিন দেশীয় ভাষায় উচ্চশিক্ষা অনেকটা নির্ভরশীল থাকায় আমাদের দেশের শিক্ষার্থীরা শিক্ষার প্রকৃত মর্ম উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছেন, তা ছাড়া শিক্ষার্থীদের ওপর বিদেশি ভাষায় শিক্ষা গ্রহণে বাধ্য করায় জাতি রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং নৈতিক মেধা-মননে পিছিয়ে পড়ছে।
এমতাবস্থায় আমাদের দেশের সার্বিক উন্নতির কথা বিবেচনা করে জাতির কর্ণধারেরা মাতৃভাষার মাধ্যমে উচ্চশিক্ষাচর্চার ব্যবস্থা করে প্রাণের বাংলা ভাষার মর্যাদা আরও বৃদ্ধি করতে এগিয়ে আসবেন বলে আশা করি।
মো. তাজুল ইসলাম খান
সতীশ সরকার রোড,
গেন্ডারিয়া, ঢাকা।