মাত্র ১৪০ সফরসঙ্গী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো সরকার মেয়াদের শেষে এসে যেসব উদ্যোগ নেয় ও কর্মকাণ্ড করে, তাতে সামনে নির্বাচনের বিষয়টিই থাকে মূল বিবেচনা। মেয়াদের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন, সেখানেও সম্ভবত একই বিবেচনা কাজ করছে। গত চার বছর প্রতিবারই তিনি এই অধিবেশনে যোগ দিয়েছেন, কিন্তু এবার তিনি নিয়ে যাচ্ছেন সবচেয়ে বেশি সংখ্যক সফরসঙ্গী। মাত্রা ছাড়ানো এই সংখ্যাটি ১৪০! প্রশ্ন হচ্ছে, নির্বাচনই যদি বিবেচনার বিষয় হয়ে থাকে, তবে নির্বাচনের ওপর কী প্রভাব ফেলবে এত সফরসঙ্গী নিয়ে এই জাতিসংঘ সফর?
ক্ষমতাসীন দল নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন সমাবেশে সামনের নির্বাচনে তাঁর দলকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। বর্তমান সরকার কোন কোন ক্ষেত্রে কী কী উন্নয়ন করেছে, সেসব জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ সরকার তার ভাবমূর্তি জনগণের সামনে ভালোভাবে তুলে ধরার কাজ করছে। কিন্তু প্রধানমন্ত্রী ১৪০ জন সফরসঙ্গী নিয়ে জাতিসংঘ যাচ্ছেন, তাঁদের মধ্যে মূল সফরসঙ্গী ৯৪ জনেরই খরচ বহন করবে সরকার—জনগণের করের টাকা অপচয়ের এই সংবাদে কি ক্ষমতাসীন দলের পক্ষে ভোট আদৌ বাড়বে?
প্রধানমন্ত্রীর এই সফরসঙ্গীরা বিভিন্নভাবে বিভক্ত। সরকারি কর্মকর্তা, নিরাপত্তা দল, সাংবাদিক ও গণমাধ্যমের কর্মীদের বাইরেও বিশিষ্ট নাগরিক হিসেবে যাচ্ছেন ৩০ জন। এই ‘বিশিষ্ট’ নাগরিকদের মধ্যে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুব মহিলা লীগের দুই সাংগঠনিক সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের এক সাধারণ সম্পাদক যেমন আছেন, তেমনি আছেন মহাজোটের শরিক কয়েকটি দলের নেতারাও। এই নির্বাচনী মৌসুমে মহাজোটের শরিক নেতাদের না হয় সন্তুষ্ট করার একটা ব্যাপার আছে! কিন্তু তাই বলে ছাত্রলীগ ও মহিলা লীগের নেতাদেরও কি সরকারি অর্থ খরচ করে সন্তুষ্ট করতে হবে? আর এভাবে তাঁদের তুষ্টি ঘটিয়ে কি সরকারের ভোট বাড়বে?
অভিজ্ঞতা অর্জনের জন্য অনেক সময় সরকার ও রাষ্ট্রপ্রধানেরা তাঁদের সফরসঙ্গী হিসেবে অনেক ব্যক্তিকে বিদেশে নিয়ে যান। জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভাষণ দেবেন, তখন বাংলাদেশের সর্বোচ্চ ১০ জন প্রতিনিধি সেখানে অংশ নিতে পারবেন। বাকি এই যে এত লোক প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন, তাঁরা সেখানে গিয়ে আসলে কী করবেন? একাধিক কূটনীতিক এ ধরনের সফরের অভিজ্ঞতা বর্ণনা করে প্রথম আলোকে বলেছেন, সফরসঙ্গীরা মূলত বনভোজনের মেজাজে ঘুরে বেড়ান আর কেনাকাটা করেন। হিসাব বলছে, এ ধরনের একটি সফরে একজন সফরসঙ্গীর পেছনে ন্যূনতম ব্যয়ও পাঁচ লাখ টাকা ছাড়িয়ে যাবে। সেই হিসাবে ৯৪ জনের পেছনে এত অর্থ ব্যয় করে কী প্রাপ্তি ঘটবে? এটা রাষ্ট্রের তথা জনগণের অর্থের চরম অপচয় ছাড়া আর কিছুই নয়। মেয়াদের শেষে এত সফরসঙ্গী নিয়ে প্রধানমন্ত্রীর এই জাতিসংঘ সফর একটি মন্দ দৃষ্টান্ত হিসেবেই বিবেচিত হবে।