চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীদনগর চারতলার মোড়, রৌফাবাদসংলগ্ন স্টারশিপ গলি, বাংলাবাজার ব্যাংক পাহাড় ও আমিন জুট মিলস কলোনিতে ইয়াবা, বাংলা মদ-গাঁজার ব্যবসা, পতিতাবৃত্তিসহ নানা অনৈতিক কার্যকলাপ প্রকাশ্যে চলছে দীর্ঘদিন ধরে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনকে বিভিন্নভাবে অবহিত করেও প্রতিকার পাচ্ছেন না।
উল্টো মাদক ব্যবসায়ীরা অভিযোগকারীদের নানাভাবে হয়রানি করছে। পশ্চিম শহীদনগর এবং আমিন জুট মিলস কলোনি ফুটবল খেলার মাঠ ও বেলতলা এলাকায় ইয়াবা ও দেহ ব্যবসা চলছে প্রশাসনের নাকের ডগায়।
এলাকার উঠতি যুবসমাজ হাতের নাগালে এসব মাদকদ্রব্য পেয়ে ডুবে যাচ্ছে অন্ধকারে। অভিভাবকেরা এ নিয়ে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাই জরুরি ভিত্তিতে এসব এলাকার সব ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও স্থানীয় বায়েজিদ বোস্তামী থানার দৃষ্টি আর্কষণ করছি।
সৈয়দ আল মাহমুদ
বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।