‘মাদককে না বলুন’ কথাটি শুধু পত্রপত্রিকা ব্যানার-পুস্তকে স্থান পায় কিন্তু যুবকের হূদয়পটে অঙ্কিত হয় না। পারিবারিক সমস্যা, বেকারত্ব, নৈতিক শিক্ষার অভাব ইত্যাদি মাদকে আসক্ত করতে প্রভাব বিস্তার করে।
তরুণ বয়সের মাদকাসক্তি ভবিষ্যতে সাংসারিক জীবনেও প্রভাব ফেলে। এরই জের ধরে যৌতুক, নারী নির্যাতনের মতো বর্বর আচরণের সৃষ্টি হয়, শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদও ঘটে।
নৈতিক শিক্ষা যদি মানবমনে বাসা বাঁধতে পারে, তখন পরিবার থেকে যুবকেরা বিতাড়িত হবে না, পরিবার বুঝতে চেষ্টা করবে যুবকের চাহিদাগুলো। সঠিক শিক্ষা পেলে যুবক-যুবতীরা অভিভাবকের সম্মান-সমৃদ্ধি বিবেচনা করে সমাজ থেকে সুষ্ঠু ও ন্যায়সংগত বিষয় বেছে নেবে, মাদকের মতো ক্ষতিকর জিনিস এড়িয়ে চলবে। কারিগরি শিক্ষার আঙ্গিকে বিজ্ঞানচর্চাকে প্রসারিত করতে হবে, যাতে যুবকেরা মাদকের কুপ্রভাব সম্পর্কে সচেতনতা লাভ করতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা প্রসারে প্রয়োজনীয় ব্যবস্থা এবং বেকারত্ব নিরসনে সরকারকে বেশি পদক্ষেপ নিতে হবে।
এ ছাড়া, বর্তমান তথ্যপ্রযুক্তির অগ্রগতির যুগে সিনেমা, নাটক, টেলিফিল্মসহ বিভিন্ন কর্মসূচির আগে অথবা মধ্যে (যখন মাদকদ্রব্য ব্যবহূত হয়) মাদকবিরোধী প্রচারণা জোরদার করতে হবে। সর্বোপরি, গ্রাম-মহল্লায়, মাস-বছরে মাদকবিরোধী কর্মসূচির আয়োজন করতে, মাদকদ্রব্য নিষিদ্ধ আইন জোরদার করতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।
দ্বীন মোহাম্মদ
রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী।