মাদকের কবলে তরুণ প্রজন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চামেলিবাগে পুলিশ কর্মকর্তা ও তাঁর স্ত্রীর হত্যাকাণ্ডে এই দম্পতির কিশোরী মেয়ে ঐশী রহমানের জড়িত থাকার খবরটি যতটা আমাদের বিস্মিত করে, তার চেয়ে বেশি উদ্বিগ্ন করে সেই অভিযুক্ত মেয়েটির মাদকাসক্ত হওয়ার ঘটনা।
পুলিশের ভাষ্যমতে, হত্যাকাণ্ডের সঙ্গে নিহত দম্পতির কিশোরী মেয়ে জড়িত। বিষয়টি পুরো তদন্তের আগেই গণমাধ্যমে মেয়েটিকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে, তাতে নিঃসন্দেহে সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘিত হয়েছে। জিজ্ঞাসাবাদের নামে ঐশীসহ দুটি মেয়েকে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে; যাদের বয়স আঠারোর নিচে।
সাম্প্রতিক কালে দেশে মাদকের বিস্তার ঘটলেও সরকারের সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে প্রতিকারের উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরটির অবস্থা ‘ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের’ মতো। ১৫ কোটি মানুষের দেশে গুটি কয়েক লোকবল এবং অতি সামান্য বাজেট নিয়ে যে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তা কর্তাব্যক্তিদের অজানা নয়।
প্রথম আলোর খবর অনুযায়ী, বাংলাদেশে ইয়াবা নামক মারাত্মক মাদকটি আসে মিয়ানমার থেকে চোরাই পথে এবং এর সঙ্গে স্থানীয় সাংসদের ভাইয়েরাও জড়িত বলে অভিযোগ রয়েছে। মাদকের সর্বনাশা ছোবল থেকে সমাজ তথা তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এর উৎসগুলো অবশ্যই বন্ধ করতে হবে। কিন্তু সেটি কীভাবে সম্ভব? পাড়া-মহল্লায় খুচরা মাদক ব্যবসায়ীদের পাকড়াও করাই যথেষ্ট নয়। নেপথ্যের রাঘব-বোয়ালদের ধরতে হবে।
পুলিশ কর্মকর্তা ও তাঁর স্ত্রী হত্যার ঘটনাটি সবার চোখ খুলে দিক। কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল পর্যায়েও শিক্ষার্থীদের মধ্যে মাদক সেবনের মাত্রা যে ব্যাপকভাবে বেড়ে গেছে, এ ঘটনা তারই প্রমাণ। মাদকের ছোবল থেকে দেশকে রক্ষা করতে হলে সরকার, বেসরকারি সংস্থাসহ সবাইকে এগিয়ে আসতে হবে। প্রথম আলো ধারাবাহিকভাবে মাদকের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, যার মূল স্লোগান ‘মাদককে না বলুন’। অন্যান্য সংগঠনও মাদকবিরোধী অভিযানে ঝাঁপিয়ে পড়ুক।
আমরা চাই, পুলিশ কর্মকর্তা ও তাঁর স্ত্রী হত্যার সুষ্ঠু তদন্ত হোক, অপরাধীরা শাস্তি পাক। তবে বিচারিক শাস্তির আগে অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তদের ‘মিডিয়া ট্রায়াল’ কোনোভাবেই কাম্য নয়।