মাদ্রাসায় বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মাদ্রাসায় বিস্ফোরণের কারণ নিয়ে আইন প্রয়োগকারী সংস্থা ও মাদ্রাসা কর্তৃপক্ষ পরস্পরবিরোধী ব্যাখ্যা দিয়েছে। পুলিশের দাবি অনুযায়ী, বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা সত্য হলে তা অবশ্যই অশনিসংকেত। হেফাজতে ইসলাম ও কওমি মাদ্রাসা সাম্প্রতিক কালে গণমাধ্যমে ও রাজনীতিতে বিশেষভাবে আলোচিত। অতীতে দেশের বিরোধ-বিসম্বাদের রাজনীতির সঙ্গে মাদ্রাসাগুলোর সংশ্লিষ্টতা তেমন ছিল না। কিন্তু শাপলা চত্বরের বহুল আলোচিত সমাবেশের মধ্য দিয়ে এর অনুসারীরা একটি বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ ইজাহারুল ইসলাম চৌধুরী একটি কৌতূহলোদ্দীপক রাজনৈতিক চরিত্র। তিনি বিএনপি ও আওয়ামী লীগ উভয়ের সাবেক মিত্র। তিনি নেজামে ইসলাম পার্টির একাংশের সভাপতি ও হেফাজতের নায়েবে আমির। বাংলাদেশে ধর্মের নামে সহিংসতার ঘটনা নিকট অতীতে অনেক ঘটেছে। যদিও কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা সাধারণভাবে ভারতের ঐতিহ্যবাহী দেওবন্দের অনুসারী হিসেবে পরিচিত এবং তারা মূলত অহিংস নীতিতে বিশ্বাসী, জাতীয় রাজনীতির মূলধারা থেকেও এতকাল নিজেদের তফাতে রেখেছে। কিন্তু এখন তা বলা যাবে না।
ইসলাম ও হজরত মুহাম্মদ (সা.)-এর কোনো অবমাননা প্রতীয়মান হলে তা যেকোনো ধর্মপ্রাণ মুসল্লির অনুভূতিতে আঘাত দিতে যথেষ্ট। কেবল এই দৃষ্টিভঙ্গি থেকেও হেফাজতের সমাবেশে বিপুলসংখ্যক মাদ্রাসাছাত্র যোগ দিয়েছিলেন। তবে স্বার্থান্বেষী কোনো মহল হীন রাজনৈতিক স্বার্থে তাদের ব্যবহার করছে কি না, তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। বিবদমান রাজনৈতিক প্রেক্ষাপটে লালখান বাজারের ওই মাদ্রাসার ধ্বংসস্তূপ থেকে পুলিশের ভাষ্যমতে গ্রেনেড বা তাজা বোমা উদ্ধারের ঘটনা অবশ্যই উদ্বেগের।
এ ঘটনায় মুফতি ইজাহার ও তাঁর ছেলেকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ। কিন্তু ইজাহারের দাবি, ছাত্রদের ল্যাপটপ ও কেরোসিনের চুলা থেকে বিস্ফোরণ ঘটেছে। অপর এক শিক্ষার্থী আইপিএস থেকে দুর্ঘটনার কথা বললেও তাঁর আরেক সহপাঠী বলেছেন, ওই কক্ষে কোনো আইপিএস ছিল না। সে কারণে বলা যায়, পুলিশের দাবি খণ্ডন করে দেওয়া মাদ্রাসা কর্তৃপক্ষের ভাষ্য বিভ্রান্তিকর।
আবার এটাও লক্ষণীয় যে, হেফাজতের নেতা দিনভর দুর্ঘটনার কারণ মিডিয়ার কর্মীদের কাছে ব্যাখ্যা করলেন, আর বিকেলে তল্লাশি চালানোর পরে তাঁকে আর দেখা যায়নি। পুলিশ বলেছে, বিকেল পর্যন্ত তারা বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত ছিল না। জানালা উড়ে যাওয়া বিকট বিস্ফোরণটি ঘটল বেলা ১১টার দিকে। আর তার কারণ বুঝতে বিকেল পর্যন্ত সময় লাগাও অস্বাভাবিক।
এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। যারা দোষী, তাদের শাস্তি হোক। কিন্তু তাই বলে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন।