মানবতাবিরোধী অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর সাক্ষীদের নিরাপত্তাহীনতার দিকে এখনই নজর দিতে হবে। সাধারণ নির্বাচন নিয়ে রাজনৈতিক অস্থিরতা ও সম্ভাব্য সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে পিরোজপুরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য প্রদানকারীর ওপর হামলা উদ্বেগজনক। গত শনিবার রাতে সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদার গুরুতর আহত হন।
এ ব্যাপারে এখনো মামলা হয়নি। পুলিশও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অবশ্য জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানা প্রশাসন গতকাল পর্যন্ত হামলাকারীর উদ্দেশ্য বা পরিচয় নিশ্চিত হতে পারেনি। অথচ স্থানীয় বিএনপির একজন নেতা তাৎক্ষণিক বলে দিয়েছেন, এই হামলার সঙ্গে বিএনপি ও জামায়াতের কেউ জড়িত নয়।

এর আগেও এই আলোচিত মামলার বাদী কমান্ডার মাহবুবুর রহমান অভিযোগ করেছেন, তিনি দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে থেকে ক্রমাগত হুমকি-ধমকির শিকার। সম্প্রতি বিরোধী দলের ডাকা কর্মসূচির মধ্যে তাঁর বাড়িঘরে বিএনপি-জামায়াতের কর্মীরা প্রকাশ্যে হামলা ও ভাঙচুর করেছেন বলে অভিযোগ আছে। একটি মামলায় তিনি নির্দিষ্টভাবে ১৫ জনকে আসামি করে মামলা করেছেন। এ ক্ষেত্রেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বরং অভিযুক্ত ব্যক্তিরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন।

পুলিশ এই মামলার তদন্তে যে অভ্যাসগত ঔদাসীন্য প্রদর্শন করে চলেছে, তা একেবারেই অগ্রহণযোগ্য। তাদের অবশ্যই সুষ্ঠু তদন্তে উদ্যোগী হতে হবে। এটা মেনে নেওয়া যায় না এবং আইনের শাসনের শর্ত পূরণ করে না যে পুলিশ আসামি ধরবে না, আবার চূড়ান্ত প্রতিবেদনও দাখিল করবে না।
পিরোজপুরের ঘটনাটি হালকাভাবে নেওয়া উচিত হবে না। মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা প্রদানে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন মহল দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ উদাসীন বলেই প্রতীয়মান হয়। পিরোজপুরের ঘটনার পর তাদের চৈতন্যোদয় হবে বলে আশা করি।