মানববন্ধনে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী হত্যা, গুম ও অপহরণের প্রতিবাদে গত শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধাদান যেমন মানবাধিকারের চরম লঙ্ঘন, তেমনি সংবিধানের পরিপন্থী। সংবিধানে প্রত্যেক মানুষের শান্তিপূর্ণ সভা-সমাবেশ করার অধিকার স্বীকৃত। নাগরিক সমাজের শান্তিপূর্ণ মানববন্ধনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা দেওয়ার বিষয়টি একেবারেই অগ্রহণযোগ্য। আমরা এর নিন্দা জানাই।
মানুষের ন্যূনতম যে চাহিদা, তার জানমালের নিরাপত্তার দাবিতেই নাগরিক সমাজ শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে মানববন্ধন কর্মসূচি নিয়েছিল। গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে পুলিশ মাইক ও ব্যানার কেড়ে নেওয়ার ঘটনা ঘটাতে পারত না। এই ঘৃণ্য কাজটি কতিপয় অত্যুৎসাহী পুলিশ কর্মকর্তার, না উচ্চমহলের সিদ্ধান্তে করা হয়েছে, সে প্রশ্নের জবাব সরকারকেই দিতে হবে। যেকোনো ভিন্নমত কিংবা সমালোচনা যদি সরকার এভাবে শক্তিবলে খামোশ করতে চায়, তার পরিণাম কখনোই ভালো হতে পারে না। এর আগে ধানমন্ডি মাঠ উদ্ধারে যাঁরা আন্দোলন করেছিলেন, তাঁদেরও নানাভাবে নাজেহাল করা হয়েছে। একটি সরকারকে গণবিরোধী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য এ ধরনের পুলিশ কর্মকর্তারা যথেষ্ট।
জনগণের অর্থে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব তাদের জানমালের নিরাপত্তা দেওয়া। সেই দায়িত্ব পালনে তারা যে পদে পদেই ব্যর্থ হচ্ছে, সম্প্রতি নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা তারই প্রমাণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নাগরিকদের নিরাপত্তা দিতে পারত, তাহলে দেশের মানুষকে এতটা উদ্বেগ ও উৎকণ্ঠায় থাকতে হতো না, এ নিয়ে মানববন্ধনের জন্য রাস্তায়ও দাঁড়াতে হতো না।
আরও উদ্বেগের বিষয় হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ডিএমপির অনুমোদনের দোহাই দিল, তখন নাগরিক সমাজের পক্ষ থেকে এ-সংক্রান্ত আবেদনপত্র দেখালে একজন কর্মকর্তা নতুন বাহানা তোলেন যে স্পিকারের অনুমতি লাগবে। অথচ মানিক মিয়া অ্যাভিনিউ কোনো সংরক্ষিত এলাকা নয়, এটি জাতীয় সংসদের পাশে হলেও জনগণের চলাচলের জন্য উন্মুক্ত। সেই উন্মুক্ত স্থানে নাগরিক সমাজের শান্তিপূর্ণ মানববন্ধন ভেঙে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যতটা তৎপর দেখা গেছে, সন্ত্রাসীদের দমনে তাদের ততটাই নিষ্ক্রিয়তা লক্ষ করা গেছে।
ব্যস্ততম গুলিস্তান এলাকায় রাস্তা বন্ধ করে ক্ষমতাসীন দলটি প্রায়ই সভা-সমাবেশ করলেও সেদিকে ডিএমপির নজর নেই। তাদের নজর পড়েছে নাগরিক সমাজের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর। এ ধরনের দ্বৈতনীতি গণতন্ত্রের জন্য মহাবিপৎসংকেত বলে আমরা মনে করি। সরকার যদি সত্যি সত্যি নাগরিকদের ভিন্নমত প্রকাশের এবং প্রতিকার চাওয়ার সব কটি পথ বন্ধ করে দেয়, তাহলে দেশে গণতন্ত্র বলে কিছু থাকবে না, স্বৈরতন্ত্রই জেঁকে বসবে।
পুলিশের বাধা উপেক্ষা করে ব্যানার ও মাইক ছাড়াই সেখানে সমাবেশ করেছে নাগরিক সমাজ। তাদের এই সাহসের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি।