মানিকগঞ্জবাসীর আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৩ সালে মানিকগঞ্জ জেলায় রেললাইন নির্মাণের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। তারপর দীর্ঘ ৪০ বছরেও প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। এখন মানিকগঞ্জবাসীর মনে প্রশ্ন জেগেছে: যোগাযোগের সবচেয়ে নিরাপদ, আরামদায়ক এবং স্বল্প ব্যয়সাপেক্ষ মাধ্যম হিসেবে স্বীকৃত রেল যোগাযোগের সুবিধা পাওয়ার আশায় মানিকগঞ্জবাসী আর কতকাল অপেক্ষা করবে?
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে মানিকগঞ্জ সদর, ঢাকার ধামরাই ও সাভার হয়ে টঙ্গী রেলওয়ে জংশন পর্যন্ত ৬৮ কিলোমিটার দীর্ঘ একটি লিংক রেললাইন নির্মাণ করতে হবে। এটা করা হলে পাটুরিয়া ফেরিঘাট থেকে ঢাকা (কমলাপুর) পর্যন্ত কমিউটার ট্রেন চালু করা যাবে। তখন মানিকগঞ্জের মানুষ ঢাকায় নিয়মিত অফিস করতে পারবে। স্বল্প খরচে ও অপেক্ষাকৃত দ্রুতগতিতে কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল পরিবহন করা যাবে।
সাভারে অবস্থিত ঢাকা ইপিজেডের অন্তর্গত শিল্প-কারখানায় উৎপাদিত পণ্য খুব কম খরচে কনটেইনার ট্রেনে চট্টগ্রাম বন্দরে পৌঁছানো যাবে।
পাটুরিয়া-দৌলতদিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু এবং পাটুরিয়া-কাজীরহাট পয়েন্টে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের পর মানিকগঞ্জসহ খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগের মানুষও এই রেললাইন দিয়ে ঢাকা-চট্টগ্রাম এবং সিলেট বিভাগের জেলাগুলোতে স্বল্প খরচে নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণের সুযোগ পাবে।
সেই সঙ্গে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। খুলনা-ঢাকা রুটে ট্রেন ভ্রমণের সময় পাঁচ ঘণ্টা এবং রাজশাহী-ঢাকা রুটে ট্রেন ভ্রমণের সময় দুই ঘণ্টা কমে যাবে।
সুতরাং এই রেললাইনটি নির্মাণ করা অত্যন্ত জরুরি। তাই এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য মাননীয় রেলমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি।
রফিকুল বাশার
পূর্ব শেওড়াপাড়া, কাফরুল, ঢাকা।