প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮-দলীয় জোট দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে। এ ব্যাপারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জাতির উদ্দেশে একটি আহ্বানও জানিয়েছেন। সে আহ্বান তিনি জানাতেই পারেন। সরকার যেমন কাউকে নির্বাচন করার ব্যাপারে জবরদস্তি করতে পারে না, তেমনি বিরোধী দল বা জোটও নির্বাচন বন্ধ করতে জনগণের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে না। অথচ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই হরতাল-অবরোধের নামে দেশের বিভিন্ন স্থানে জনগণের ওপর সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে শতাধিক মানুষ মারা গেছে।
উদ্বেগের বিষয় হলো, বিরোধী দল নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েই ক্ষান্ত হয়নি, তারা হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে জনজীবনকে স্থবির করে দিয়েছে। সেটিও হয়তো তারা গণতান্ত্রিক অধিকার হিসেবে চালানোর চেষ্টা করবে। কিন্তু বোমা মেরে ও আগুনে পুড়িয়ে মানুষ মারার ঘটনাকে কীভাবে ব্যাখ্যা করা যাবে? গতকাল অন্তত ২৫টি জেলায় শতাধিক ভোটকেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে। আগুনের হাত থেকে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানও রক্ষা পায়নি। এসবের দায় বিরোধী দল এড়াবে কীভাবে? দেশ ও জনগণের প্রতি যাদের ন্যূনতম দরদ আছে, তারা এ ধরনের ঘৃণ্য কাজ করতে পারে না। বিরোধী দলকে মনে রাখতে হবে, দাবি যতই যৌক্তিক হোক না কেন, সন্ত্রাস ও সহিংসতাভিত্তিক এই আন্দোলন কখনোই জনসমর্থন পেতে পারে না।
অব্যাহত সন্ত্রাস ও সহিংসতার মুখে জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকার কেন গুটি কয়েক সন্ত্রাসীর বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না। সংবিধান রক্ষার জন্য নির্বাচনের চেয়ে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়।
এ কথাও স্বীকার করতে হবে, যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া শুরু হওয়ার পরই একটি চিহ্নিত মহল এটি বন্ধ করতে সারা দেশে নৈরাজ্যকর ও ভয়ের পরিস্থিতি তৈরি করে। বিশেষ করে, গত মাসে জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার পর তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। এর সঙ্গে বিরোধী দলের নির্বাচনকেন্দ্রিক আন্দোলন চলতে থাকলে সহিংসতার মাত্রা বেড়ে যায়।
দেশে আইনানুগ সরকার ও সরকারের আইনানুগ বাহিনী আছে, প্রশাসনিক কাঠামো আছে। তার পরও এ ধরনের সন্ত্রাসী ঘটনা কীভাবে তারা ঘটিয়ে চলেছে?