মানুষ মারার রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৬ নভেম্বর অফিসের কাজ শেষ করে বের হতে সন্ধ্যা হয়ে গেল। সারা দেশে ১৮ দলের অবরোধ চলছিল। অফিস থেকে মোটরসাইকেলে করে বেরিয়েছি। গুলশান ২ থেকে কুড়িলে যাব। ঘড়িতে সাতটা পেরিয়ে গেছে। মার্কিন দূতাবাস পার হয়ে প্রগতি সরণিতে উঠে দেখি, রাস্তা একেবারে ফাঁকা। স্বাভাবিক গতিতেই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি। নদ্দার কাছাকাছি এসে দূর থেকেই লক্ষ করলাম, তিনটি লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তাদের একজন এগিয়ে এল রাস্তা পার হতে। আমি বুঝতে পারলাম, তার আসার আগেই আমি চলে যেতে পারব। কিন্তু লোকটা রাস্তা পার না হয়ে হঠাৎ থেমে আমার দিকে কিছু একটা ছুড়ে মারল। কিছু বুঝে ওঠার আগেই আমি প্রচণ্ড জোরে ব্রেক কষলাম। থামতে থামতেই ঢুকে গেলাম বিস্ফোরিত ককটেলের ঘন সাদা ধোঁয়ার ভেতরে।
লোকটার দিকে তাকিয়ে দেখি, সে আরেকটা ককটেল ছোড়ার প্রস্তুতি নিচ্ছে। বুঝলাম, বিপদে পড়েছি। পালাতে হবে। মুহূর্তে এক্সেলেটর চেপে ধরলাম। আমার মোটরসাইকেল লাফিয়ে উঠল। একই সঙ্গে তখনই ডান পাশের আইল্যান্ডে বিস্ফোরিত হলো দ্বিতীয় ককটেল। এক পশলা বৃষ্টির মতো স্প্লিন্টার এসে আমার শরীর আর মোটরসাইকেলে আঘাত করল। যে করে হোক বেঁচে থাকতে হবে—এ কথা ভাবতে ভাবতেই উড়ে এল তৃতীয় ককটেলটি। আমি মাথা নিচু করে ফেলায় ককটেলটি আমাকে আঘাত করতে ব্যর্থ হলো। আমি কোনোরকমে পালিয়ে বাঁচলাম।
পরে পুরো ঘটনা ঠান্ডা মাথায় ভেবে বুঝতে পারলাম, লোকটা শুধু ফাঁকা রাস্তায় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করতে চায়নি। সরাসরি মানুষ মেরে সে তীব্র আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল। সম্ভবত কূটনৈতিক এলাকায় লাশ ফেলতে পারলে তা একটি ভিন্নমাত্রা পেত। এই হচ্ছে এখন আমাদের রাজনীতি, যা মানুষের দোহাই দিয়ে হাজার কথার তুবড়ি ছোটায়; কিন্তু নিজেদের সংকীর্ণ স্বার্থ হাসিলের জন্য নিঃসংকোচে মানুষ খুন করতে পারে।
মোহাম্মদ তারেকুল হক

কুড়িল, ঢাকা।