মানুষ হত্যা ও নাশকতা বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বে ১৮-দলীয় জোট যে অবরোধ কর্মসূচি পালন করছে, তার উদ্দেশ্য কি সুষ্ঠু নির্বাচনের দাবি আদায়, নাকি মানুষ হত্যা? এ প্রশ্ন ওঠে, যখন দেখি প্রথম ২৪ ঘণ্টায় অন্তত ১১ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তাঁদের কেউ পথচারী, কেউ সিএনজিচালিত অটোরিকশার চালক, একজন ব্যাংক কর্মচারী, কয়েকজন রাজনৈতিক কর্মী। একজন বিজিবি সদস্যও অবরোধকারীদের হামলায় প্রাণ হারিয়েছেন। এটা উদ্বেগজনক। আহত ব্যক্তিদের তালিকায় রয়েছেন সাংবাদিক, অফিসকর্মীসহ অনেকে। এই যদি অবরোধের চিত্র হয়, তাহলে তা কি রাজনৈতিক কর্মসূচি বলে গণ্য হতে পারে? এ তো সোজাসাপটা হত্যা ও নাশকতার পর্যায়ে পড়ে।
ব্যাংককেও রাজনৈতিক দাবিতে অবরোধ চলছে। কিন্তু সেখানে কি একজন মানুষকেও হত্যা করা হয়? শান্তিপূর্ণ অবরোধে কারও আপত্তি থাকে না। বিরোধী নেতৃত্বকে তা বিবেচনায় রাখতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা ও হত্যা গুরুতর অপরাধ। কোনো দেশেই এ ধরনের হামলা সহ্য করা হয় না। আমাদের দেশেও উনসত্তরের গণ-অভ্যুত্থান হয়েছে। আসাদ, মতিউরসহ অনেকে শহীদ হয়েছেন। কিন্তু একজন পুলিশকেও আন্দোলনকারীরা আঘাত বা হত্যা করেনি। বরং সে সময় কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করে তাঁদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। অথচ এখন একদল উচ্ছৃঙ্খল দলীয় ক্যাডার নির্বিচারে ককটেল ফুটিয়ে মানুষ মারে।
রেললাইন তুলে ফেলার চেয়ে বড় অপরাধ আর কী হতে পারে? নিরীহ রেলযাত্রীদের ওপর আক্রোশ কেন? আন্দোলনকারী নেতা-কর্মীরা কেন শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করেন না? তাহলে তো মানুষ প্রাণে বাঁচে। রাতের অন্ধকারে চুপি চুপি রেললাইনের নাটবল্টু খুলে ফেলে, রেলের বগিতে আগুন দিয়ে, বাস-সিএনজি জ্বালিয়ে যাত্রী-চালক হত্যাকে কোনোভাবেই গণ-আন্দোলন বলা চলে না।
অন্যদিকে, পুলিশকেও ধৈর্য ধরতে হবে। বিক্ষোভ দমনের নামে রাবার বুলেট বা সরাসরি গুলি চালানো গণতান্ত্রিক সমাজের রীতি নয়।
মানুষ হত্যা ও নাশকতানির্ভর কোনো আন্দোলনই সফল হতে পারে না। এ ধরনের কাজ জনসমর্থন হারায়। হত্যা ও নাশকতা এখনই বন্ধ করতে হবে।