মানুষের নথি, নথি থেকেই ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় আর্কাইভস ভবন
জাতীয় আর্কাইভস ভবন

৯ জুন—আন্তর্জাতিক আর্কাইভস দিবস। আর্কাইভস ও নথি ব্যবস্থাপনা বিষয়ে সর্বোচ্চ বৈশ্বিক সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল অন আর্কাইভস বা সংক্ষেপে আইসিএ ২০০৭ সাল থেকে দিবসটি উদ্যাপন করে আসছে। আর্কাইভস দিবসের মূল লক্ষ্য হচ্ছে, সাধারণ মানুষ ও নীতিনির্ধারকদের মধ্যে আর্কাইভস ও নথি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ২০০৪ সালে ভিয়েনায় আইসিএ তার ১৫তম কংগ্রেসে আন্তর্জাতিক আর্কাইভস দিবস পালনের উদ্যোগ নেয়। পরে ২০০৭ সালে আইসিএ তাদের বার্ষিক সাধারণ সভায় ৯ জুনকে আন্তর্জাতিক আর্কাইভস দিবস হিসেবে ঘোষণা দেয়। দিবস হিসেবে ৯ জুন বেছে নেওয়ার কারণ হচ্ছে, ১৯৪৮ সালের ওই দিনে জাতিসংঘের (ইউনেসকো) পৃষ্ঠপোষকতায় আইসিএ গঠিত হয়েছিল। এ থেকে সারা বিশ্বে ৯ জুন আন্তর্জাতিক আর্কাইভস দিবস হিসেবে উদ্যাপিত হচ্ছে। বিভিন্ন দেশে আর্কাইভস ও নথি ব্যবস্থাপনা নিয়ে সভা, সেমিনার, র‌্যালি, বক্তৃতা, বিবৃতি ইত্যাদির সাহায্যে দিনটি উদ্যাপিত হয়।
একটি জাতির অতীতের সব কর্মকাণ্ডের স্বাক্ষর আর্কাইভসে সংরক্ষিত থাকে। এসব সংরক্ষিত নথি সরকার বা সরকারবহির্ভূত সংস্থা ও ব্যক্তিকে নিকট ও দূর অতীতের অর্থ-নৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এমনকি ব্যক্তিগত তথ্য সরবরাহ করে। অতীতের এসব তথ্য বর্তমানকে অনুধাবন আর ভবিষ্যৎকে পরিকল্পনা করতে সহায়তা করে।
প্রশ্ন উঠতে পারে, এত বিশ্ব দিবস থাকতে আর্কাইভস ও নথি ব্যবস্থাপনার জন্য আলাদা দিবস কেন। উত্তর খুব সহজ। বিশ্বের বেশির ভাগ মানুষই ইতিহাস, ঐতিহ্য এবং জ্ঞানের আধার হিসেবে গ্রন্থাগার ও জাদুঘর সম্পর্কে সাধারণ ধারণা রাখলেও আর্কাইভসের বিষয়ে বলতে গেলে অজ্ঞ। অনেকের ধারণা, আর্কাইভসের নথিপত্র শুধু ইতিহাসবিদদের ব্যবহারের জন্য; আবার অনেকের ধারণা, এ থেকে সেবা নেওয়া খুব জটিল ও কঠিন। এমনকি যাঁরা নিয়মিতভাবে নথি সৃষ্টি ও সংরক্ষণ করছেন, তাঁরাও এ বিষয়ে স্বচ্ছ ধারণা রাখেন না। এই ভ্রান্ত বা অস্বচ্ছ ধারণা প্রতিটি সংস্থার আর্কাইভস ও নথি ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলছে।

এটি বোঝা বেশ জরুরি যে প্রতিটি নথির সৃষ্টি হয় সংস্থা বা ব্যক্তির কর্মকাণ্ডের সাক্ষ্য বা তথ্যসংশ্লিষ্ট দলিল হিসেবে। সৃষ্ট নথির একটি অংশ তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য সৃষ্টি হলেও এর বড় একটি অংশ ভবিষ্যতের সঙ্গে যোগসূত্র রক্ষার প্রয়োজনে সংরক্ষণ করতে হয়। আর এ কারণেই জন্ম নেয় আর্কাইভস। আর্কাইভসের জন্ম হয় জাতি বা সমাজের ঐতিহ্যের ধারক ও তথ্যের ভান্ডার হিসেবে। তাই আর্কাইভসে রক্ষিত তথ্যের বৈচিত্র্য গুরুত্বের দিক দিয়ে অপরিসীম। আর্কাইভস একটি জাতির অর্থনীতি, রাজনীতি এবং সমাজ বিকাশের সাক্ষ্য বহন করে। আর্কাইভস তথ্যের বিশ্বাসযোগ্য উৎস, যা প্রশাসনিক কর্মকাণ্ডের জবাবদিহি ও স্বচ্ছতার ভিত্তি নির্মাণ করে। আর্কাইভস ব্যক্তি ও গোষ্ঠীর স্মৃতিরক্ষা এবং সংগঠনের মাধ্যমে সমাজ উন্নয়নে প্রয়োজনীয় ভূমিকা রাখে। আর্কাইভসে উন্মুক্ত প্রবেশাধিকার মানবসমাজ সম্পর্কে আমাদের জ্ঞান সমৃদ্ধ করে, গণতন্ত্রকে সচল রাখে, নাগরিকের অধিকার সুরক্ষা করে এবং জীবনযাত্রার মান বৃদ্ধি করে।

উন্নত বিশ্বে আর্কাইভস ও নথি ব্যবস্থাপনা একটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে গেছে, তার পরও তারা এর পক্ষে অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিপরীতে বাংলাদেশে নথি সংরক্ষণের অবস্থা বেশ নাজুক অথচ সচেতনতার স্তর অনেক নিচে। বেশির ভাগ কার্যালয়ে নথি সংরক্ষণের যথাযথ কোনো স্থান নেই, নেই কোনো দক্ষ জনবল। সময়ের সঙ্গে সঙ্গে প্রাচীন নথিগুলো সব বিনষ্ট বা ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে আর স্থায়ীভাবে হারিয়ে যাচ্ছে আমাদের ইতিহাস ও ঐতিহ্য। এই অবস্থার পরিবর্তন না হলে খুব শিগগির জাতি ইতিহাসশূন্য হয়ে পড়বে আর প্রশাসনে দুর্নীতি ও অস্বচ্ছতা বৃদ্ধি পাবে।

তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং সর্বসাধারণকে তথ্যের সর্বাধিক ব্যবহারে উদ্বুদ্ধ করতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। আরও প্রয়োজন আর্কাইভস ও তথ্য ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা। এ জন্যই আন্তর্জাতিক আর্কাইভস দিবসকে উপলক্ষ করে আর্কাইভস ও নথি ব্যবস্থাপনা বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে। আর্কাইভস ও নথি ব্যবস্থাপনার উন্নতির জন্য আমরা নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি—

১. সাধারণ মানুষকে জানানো যে তাদের ইতিহাস ও অধিকার নির্ভর করে নথি ও আর্কাইভসের ওপর। তাই নথি ও আর্কাইভসকে যথাযথ গুরুত্ব দিতে হবে।

২. যথাযথ নথি ব্যবস্থাপনা সুশাসন ও উন্নয়নের জন্য যে সহায়ক, তা নীতিনির্ধারকদের উপলব্ধিতে আনতে হবে।

৩. ব্যক্তি, সামাজিক এবং সরকারি প্রতিষ্ঠানকে আর্কাইভসের দীর্ঘকালীন সংরক্ষণের প্রয়োজন এবং সেবাদানে উৎসাহিত করতে হবে।

৪. আর্কাইভসে থাকা অসাধারণ, অনন্য এবং দুর্লভ দলিল বিষয়ে বৃহত্তর জনগোষ্ঠীকে অবহিত এবং তাদের আগ্রহ সৃষ্টি করতে হবে।

৫. আর্কাইভস ও নথির অবদানকে উন্নত করতে হবে, একই সঙ্গে একে আন্তর্জাতিকভাবে দৃশ্যমান করতে হবে।

উন্নত বিশ্ব উন্নত হয়েছে জ্ঞানের সহায়তায়। জ্ঞান সৃষ্টি হয় তথ্যকে অবলম্বন করে। আর তথ্য সঞ্চিত থাকে নথিতে। আসুন, আমরা সবাই নথি ব্যবস্থাপনা এবং এর সংগ্রহশালা অর্থাৎ আর্কাইভসকে এগিয়ে নিয়ে যাই।

মুহাম্মদ লুৎফুল হক: গবেষক।