প্রায় এক সপ্তাহ ধরে দেশের ১৪টি জেলায় চলছে শৈত্যপ্রবাহ। সকাল থেকেই ঘন কুয়াশায় সূর্যের মুখ দেখা যাচ্ছে না। সঙ্গে যুক্ত হয়েছে কনকনে ঠান্ডা বাতাস। তীব্র শীতে জনজীবন স্থবির। এই শীতে দুর্ভোগ বেড়েছে দরিদ্র মানুষের। শিশু ও বয়স্ক মানুষ আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে। হাসপাতালেও ভর্তি করতে হয়েছে অনেককে। ওদিকে হরতাল-অবরোধের কারণে শীতার্ত মানুষের কাছে সরকারিভাবে শীতের কাপড় পৌঁছানো সম্ভব হচ্ছে না।
আবহাওয়া অফিস জানাচ্ছে, দেশের আরও কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে। সে ক্ষেত্রে আরও মানুষের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ঋতু পরিবর্তনের ধারাবাহিকতায় দেশে শীত ঋতু আসে। কিন্তু শীতের প্রস্তুতি দেশের দরিদ্র জনগোষ্ঠীর থাকে না। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল, যেখানে প্রাকৃতিক কারণেই শীতের প্রকোপ বেশি, সেখানকার দরিদ্র মানুষের কষ্ট অবর্ণনীয়।
উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টি করেছে। শীতজনিত শ্বাসকষ্ট, ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক লোকদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু বগুড়াতেই ২৪ ঘণ্টায় নিউমোনিয়ায় আক্রান্ত ১১টি শিশুকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১৬৫। দিনাজপুরে শীতজনিত রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫০ ছাড়িয়েছে। শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকলে আক্রান্তের সংখ্যা বাড়বে।
শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কৃষিকাজও। এই সময়ের স্বাভাবিক বীজতলা তৈরি করা যাচ্ছে না। কুয়াশায় অনেক ফসল নষ্ট হচ্ছে। কৃষককে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
এ সময় সবার আগে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
সরকারের পাশাপাশি দেশের বিত্তবান মানুষদেরও এ সময় এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত চেষ্টায়ই শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। তবে সবার আগে প্রয়োজন শীতবস্ত্র। আমরা আশা করি, সমাজের সবাই দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসবেন।
অমিত বণিক
কটিয়াদী, কিশোরগঞ্জ।