প্রতিবছর ঈদের সময় ঘরমুখী মানুষকে ট্রেনে, লঞ্চে ও বাসে অবর্ণনীয় দুঃখ-কষ্ট ও ভোগান্তিতে পড়তে হয়।
রেল কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে ট্রেনের টিকিট বিক্রির ঘোষণা দিলেও সারা রাত জেগে লাইনে দাঁড়িয়ে টিকিট পায় না যাত্রীরা। টিকিট চলে যায় কালোবাজারিদের হাতে। একটি টিকিট যেন সোনার হরিণ! অন্যদিকে শিডিউল বিপর্যয়ের কারণেও যাত্রীদের নানা দুর্ভোগে পড়তে হয়।
নৌপথে লঞ্চ-স্টিমারের ক্ষেত্রেও একই অবস্থা। লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঝুঁকি নিয়ে চলাচল করে। অতিরিক্ত মুনাফালোভী এসব লঞ্চের কারণে প্রতিবছর নানা দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। স্বজনদের সঙ্গে একত্র হওয়ার তাগিদে ঘরমুখী এই মানুষদের অনেকেই এভাবে ঝুঁকি নিয়ে চলতে গিয়ে স্বজনদের ছেড়ে চলে যায় আরও অনেক দূরে—না–ফেরার দেশে।
সড়কপথে বাসে বাড়তি ভাড়া, সময়মতো বাস না ছাড়া, দীর্ঘ অসহনীয় যানজট, জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে ভ্রমণ ইত্যাদি কারণে যাত্রীদের নানা দুর্ভোগে পড়তে হয়। উপরন্তু মলম পার্টি, অজ্ঞান পার্টির হাতে সর্বস্ব খোয়ানোর ভয় তো রয়েছেই!
এত কিছুর পরও নাড়ির টানে ঘরে ফেরা মানুষের তালিকা দীর্ঘ হয়—আপনজনদের সঙ্গে মিলিত হতে পারলেই পথের সব ভোগান্তি দূর হয়ে যায়!
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, এখনই যথাযথ ও সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রেলপথ, নৌপথ ও সড়কপথে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্য ভ্রমণের নিশ্চয়তা দেওয়া হোক।
সাবিনা পারভীন, গোড়ান, ঢাকা।