মামলা দায়ের করতে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতি ও প্রতারণার মামলা থানা, আদালত কিংবা দুদক নিচ্ছে কি নিচ্ছে না, তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এতে লক্ষণ ফুটে উঠছে যে সংসদ ও সরকারব্যবস্থা কার্যকারিতা হারিয়েছে। তা-ই যদি না হবে, তাহলে যে দেশে প্রতিদিন গড়ে দণ্ডবিধির ৪২০ ধারার আওতায় কমপক্ষে ১০ হাজার মামলা হয়, সেই দেশের সংসদ কী করে থানার এখতিয়ার রহিত করে তাকে দুদকের তফসিলভুক্ত করতে পারে!
সন্দেহ নেই যে ২০১৩ সালের নভেম্বরে দুদক আইন সংশোধনের ক্ষেত্রে তুঘলকি নীতি অনুসরণ করা হয়েছে। বলা হচ্ছে যে এই পদক্ষেপের পরেই উল্লিখিত অভিযোগ ও মামলা নিয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে, ওই সংশোধনীর আগেও এ ধরনের অপরাধের বিচার-প্রক্রিয়া গতিসম্পন্ন ছিল, বলা যাবে না। সংশোধনীর ফলে মানুষের হয়রানি আরও বেড়েছে। দুদক চেয়ারম্যান এতে বাধা দেখেন না। তাঁর এই ধারণা এটা ঠিক নয়। তাঁর মতে, সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা ইচ্ছে করেই এড়িয়ে যাচ্ছেন। এটা ঠিক যে আইন পুলিশকে মামলা নিতে মানা করেনি। আইনে যদি বাধা হতো, তাহলে সাম্প্রতিক স্বর্ণ উদ্ধারের মামলা রেকর্ড করে দুদকে পাঠাতে পারত না সংশ্লিষ্ট থানা। কিন্তু লাভটা হচ্ছে অপরাধীদেরই এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভুক্তভোগী।
আইনমন্ত্রী সংশোধনের ইঙ্গিত করেছেন। এটা দ্রুত হোক। তবে তার আগ পর্যন্ত এ বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা জারি করার কথা ভাবা যেতে পারে। সরকারি কর্মচারী হয়ে ঘুষ নেওয়া, বেআইনিভাবে নিলাম ডাকা, ব্যক্তিস্বার্থে সরকারি কর্মচারী হয়ে আইন ভঙ্গ করা, ভুয়া দলিল প্রণয়ন করা ইত্যাদি হরহামেশাই ঘটে থাকে। এর বিরুদ্ধে যে সামাজিক যুদ্ধ দরকার, তার লক্ষণ নেই। কেবল আইন ধারালো করা হচ্ছে।
প্রতিদিন দেশের কোথাও না কোথাও এ ধরনের অপরাধ সংঘটিত হয়ে চলেছে। এসব অপরাধ দমনে জনপ্রশাসন এবং বিচারব্যবস্থার অপারগতা ও অসামর্থ্যবিষয়ক আলোচনা সংসদ কেন এড়িয়ে যাচ্ছে? তারা যেটা করছে, তাতে কাগজ-কলমে বিরাট কিছু মনে হলেও বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই অপরাধ দমনে আইনের উপযুক্ত সংশোধনী এবং তা বাস্তবায়নে সদিচ্ছাও থাকা চাই।