স্থানীয় নির্বাচনগুলো জাতীয় নির্বাচনেরই মহড়া মাত্র। তাই সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের আমলনামা দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবারের প্রার্থীদের মধ্যে মিশ্র অবস্থা লক্ষ করা যাচ্ছে। যেমন রাজশাহীতে মেয়র পদে প্রধান চার প্রার্থীর বিরুদ্ধেই মামলা রয়েছে, পাশাপাশি বিদায়ী মেয়রের বিরুদ্ধে মামলা থাকলেও বর্তমানে তা মীমাংসিত। বরিশালে তিন মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধেও মামলা রয়েছে। একই কথা প্রযোজ্য কাউন্সিলর পদপ্রার্থীদের বেলাতেও।
মামলা থাকা না-থাকার অন্য কার্যকারণও আমলে নিতে হবে। যাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাঁরা বলছেন, মামলাগুলো রাজনৈতিক হয়রানিমূলক। আর যাঁদের বিরুদ্ধে অতীতে মামলা ছিল, কিন্তু বর্তমানে অব্যাহতিপ্রাপ্ত, তাঁরা বর্তমানে ‘রাজনৈতিক বিবেচনায়’ মামলামুক্ত। সুতরাং, কে সত্যিকারের কালিমামুক্ত এবং কে কালিমাযুক্ত, তা বোঝার উপায় নেই। এখানেই রাজনীতি, প্রশাসন ও বিচারব্যবস্থার গর্হিত যোগাযোগের বিষয়টি ধরা পড়ে। ধরা পড়ে যে প্রশাসন ও বিচারব্যবস্থা সম্পূর্ণ রাজনীতিমুক্ত না হলে, রাজনৈতিক বিবেচনায় মামলা করা বা মামলা থেকে অব্যাহতি দেওয়ার রেওয়াজ দূর করা না গেলে, প্রকৃত কালিমাহীন প্রার্থীদের চেনা সম্ভব হবে না। এমন ঘোলাটে অবস্থায় ভোটারদের পক্ষেও সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন।
এই যখন অবস্থা, তখন ভোটাররা ভোট দেবেন নিজস্ব কাণ্ডজ্ঞান ও রাজনৈতিক পক্ষপাতের ওপর ভর করে। তাতে করে হয়তো অপরাধে জড়িত প্রার্থীদের কেউ কেউ দিব্যি নির্বাচিত হয়ে আসবেন এবং জনপ্রতিনিধিত্বের সুযোগে ভাবমূর্তিকে উজ্জ্বল করে নিতে পারবেন। এভাবেই রাজনীতি ও নির্বাচন হয়ে ওঠে অপরাধীদের পুনর্বাসনের ক্ষেত্র।
এ অবস্থা থেকে উত্তরণের দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকেই। তাদের উচিত, যাচাই-বাছাই ও খোঁজখবরের মাধ্যমে প্রত্যেক প্রার্থীর অতীত ভূমিকা খতিয়ে দেখে মনোনয়নপত্র গ্রহণ করা। অন্তত তারা যদি রাজনীতির শোধনজালি বা ফিল্টার হিসেবে কাজ করে, তাতেও কিছুটা অগ্রগতির সম্ভাবনা থাকে।