যে শিশুটি তার মাকে গাড়ির চাকার নিচে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখল, সেই শিশুটি কতটা বাকরুদ্ধ হয়ে যাবে কিংবা এই স্মৃতি কোনো দিন সে ভুলতে পারবে কি না, জানি না। তবে এ ধরনের হতভাগ্য শিশুর করুণ দৃশ্যের ছবি যেন পত্রিকার পাতায় আর ছাপতে না হয়; সে জন্য সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে প্রয়োজন কঠোর প্রতিরোধ গড়ে তোলা।
রাস্তায় নামলেই দেখা যায় চালকদের মধ্যে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর মানসিকতা। সেই সঙ্গে চলে সামনের গাড়িকে অতিক্রম করে যাওয়ার উন্মত্ত প্রতিযোগিতা। আর এই অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানোয় ‘বলির পাঁঠা’ হতে হয় নিরীহ পথচারীকে, যা দুঃখজনক। ‘নিরাপদ সড়ক চাই’ বলে যে স্লোগানকে মানুষ প্রতিষ্ঠা করতে চায়, তা আজ পদে পদে ভূলুণ্ঠিত হচ্ছে। ব্যস্ততম নগরের সড়কগুলো এখন মৃত্যুপথযাত্রীদের সংখ্যা বৃদ্ধিতে পাগলা ঘণ্টা বাজাচ্ছে।
সড়ক দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান না রেখে কম শাস্তির ব্যবস্থা রাখা হলো। যেখানে রাস্তায় স্পিডব্রেকার দিয়েও গাড়ির গতিবেগ কমানো যায় না, সেখানে কম শাস্তির বিধান রেখে নিরাপদ সড়ক দেখার স্বপ্ন আকাশপথে ট্রেন চালনার মতোই দিবাস্বপ্নে পরিণত হতে পারে।
প্রতিদিন পত্রিকার পাতা খুললে অন্যান্য খবর ছাপিয়ে সড়ক দুর্ঘটনার একাধিক খবর চোখে বেশি পড়ে। ঢাকার রাস্তায় গাড়িগুলোর ক্ষিপ্র গতি আর চালকদের গন্তব্যে পৌঁছার প্রতিযোগিতা দেখলে ‘মানবতাবোধ’ নামক শব্দটি লজ্জায় মুখ লুকাবে। যে শিশুটি তার মাকে হারিয়ে এই পৃথিবীতে নিঃস্ব হলো, সেই শিশুটির কান্না হয়তো সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো আরও অনেক শিশুর আর্তনাদের সঙ্গে মিলিয়ে যাবে। কিন্তু একের পর এক সড়ক দুর্ঘটনাগুলো নিরাপত্তাব্যবস্থাকে চরম হুমকির মুখে যেভাবে ঠেলে দিচ্ছে নির্বিকারভাবে, তার জবাব কর্তৃপক্ষ কীভাবে দেবে?
সঞ্জয় কুমার ভৌমিক
আলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল।