মার্কেট বন্ধের আইন
বর্তমান সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যানজট নিরসন ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছিল। সেটা হচ্ছে এলাকাভিত্তিক মার্কেট বন্ধ ও খোলার নিয়ম। এতে করে ওই দিনগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি যানজটও অনেক কমেছিল। ওই সময়গুলোতে আমরা স্বস্তিতে ছিলাম। লক্ষণীয় ব্যাপার ছিল, এই আইন সব শ্রেণীর পেশাজীবীরাই সাদরে গ্রহণ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে ওই আইনটির ‘ন’ও নেই। দিনবদলের সঙ্গে সঙ্গে আইনটির কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। স্বাভাবিক নিয়মে আমরা আমাদের দোকানপাট সপ্তাহে এক দিন (পূর্ণ দিবস) বন্ধ রাখি কিন্তু আমরা যদি আমাদের দোকানপাট ছুটির পরের দিন সকাল ১০টার মধ্যে না খুলে বেলা এক-দুইটার মধ্যে খুলি, তাহলে যানজট ও বিদ্যুৎ সাশ্রয় দুটোই কার্যকর হবে, পাশাপাশি আইনটিও মানা হবে। আইনটি যখন চালু করা হয় তখন প্রশাসন তা বাস্তবায়নের জন্য বেশ তৎপর ছিল। বর্তমানে প্রশাসনও নিশ্চুপ। হয়তো মার্কেট সমিতিগুলোর সঙ্গে প্রশাসনের অন্য রকম একটা বোঝাপড়া হয়েছে, তা না হলে প্রশাসন কেন এমন নীরব ভূমিকা পালন করছে?
তাই মার্কেট সমিতি ও প্রশাসনের প্রতি অনুরোধ, মার্কেট বন্ধের আইনটি পুনরায় বাস্তবায়নে বা বহাল করে এবং প্রদত্ত আইনটির প্রতি শ্রদ্ধা দেখিয়ে যানজট নিরসন ও বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখুন।
নাম প্রকাশে অনিচ্ছুক