পোশাকশিল্পের শ্রমিকেরা যখনই তাঁদের অসন্তোষ প্রকাশ করেন, তখনই মালিকেরা দুনিয়ার সবাইকে দায়ী করেন, ষড়যন্ত্র খোঁজেন; কিন্তু নিজেদের দায় দেখতে পান না। মজুরি বোর্ডের সিদ্ধান্তের জন্য যখন দেশের ৪০ লাখ পোশাকশ্রমিক তৃষ্ণার্ত চাতকের মতো তাকিয়ে ছিলেন, তখন মালিকপক্ষ মাত্র ৬০০ টাকা বেতন বাড়ানোর প্রস্তাব দিয়ে তাঁদের অশান্ত মনে আঘাত দিয়েছে। তার পরই শ্রমিক অঞ্চলে বিক্ষোভের ঢল নামে। গণমাধ্যম বা শ্রমিক সংগঠন বা নাগরিক সমাজের সত্যভাষণে যাঁরা ভীত ও বিরক্ত, তাঁরা বাস্তবতা থেকে অনেক দূরেই আছেন। মালিকপক্ষের অবাস্তব কথামালা কি তাদের মুনাফার পাহাড় লুকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা নয়?
বছরের পর বছর শ্রমিকেরা মানুষের মতো জীবনের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। তাঁদের ন্যায্য আন্দোলনকে মানবিক আর্তনাদ হিসেবে না দেখে, ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখা কেবল নির্বুদ্ধিতাই নয়, হঠকারিতা। শ্রমিককে মানুষের মতো জীবনে বাঁচার সুযোগ না দিলে শ্রমিক কাজ করবেন না, শিল্প টিকবে না। বেতনবৃদ্ধি প্রয়োজন শিল্পকে স্থিতিশীল রাখার জন্য, দেশের সার্বিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নতির জন্যও। সরকারের দায়টা এখানেই। মজুরি বাড়লে শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়বে, তাতে করে দেশীয় পণ্যের বিক্রি বাড়বে, অর্থনীতি সবল হবে। বেশি পুষ্টি মানে বেশি উৎপাদনশীলতা এবং অধিক মুনাফা।
এই সার্বিক জাতীয় স্বার্থ থেকেই মজুরি বাড়ানোর কথা বলে গণমাধ্যম, গবেষণা সংস্থা, নাগরিক সমাজের বিভিন্ন অংশ। দুঃখের বিষয়, ৩০ বছর বয়সী পোশাকশিল্পের মহানায়কেরা কোনোভাবেই তাঁদের ব্যক্তিগত ও শ্রেণীস্বার্থের বাইরে শিল্পটির বৃহত্তর স্বার্থ দেখতে পাচ্ছেন না। যদি পেতেন, তাহলে সমাজের সচেতন অংশকে তাঁদের দরবারে বারেবারে আবেদন-নিবেদন করতে হতো না, শ্রমিকদেরও রাস্তায় নামতে হতো না। আমরা পোশাকশিল্পে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে যেমন নৈরাজ্যকর আন্দোলন চাই না, তেমনি চাই না মালিকদের অপরিণামদর্শিতার কারণে শ্রমিকদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা তৈরি হোক।
জনগণের অর্থ থেকে সরকার পোশাকশিল্পকে বিপুল সুবিধা দিয়ে যাচ্ছে। গত পাঁচ বছরে তারা চার হাজার ২১৫ কোটি টাকা নগদ সহায়তা নিয়েছে। চলতি অর্থবছরের ১৯ মার্চ পর্যন্ত পেয়েছে ৯২৩ কোটি দুই লাখ টাকা। আগে ২৫ শতাংশ হারে এবং বর্তমানে ৫ শতাংশ হারে এই নগদ সহায়তাও তারা পায়। অন্য কোনো রপ্তানিমুখী খাত পরিমাণের দিক থেকে এর অর্ধেক সহায়তাও নিতে পারেনি। এই শিল্পের মালিকেরা তুলনামূলক বেশি কর সুবিধা পান, আমদানিতে পান শুল্ক ছাড় ও রপ্তানি ঋণে বড় সুবিধা। ফলে শ্রমিকের ন্যায্য বেতনটা তাঁরা দেবেন, এই প্রত্যাশা খুবই যৌক্তিক।
ন্যূনতম মজুরি বোর্ড নভেম্বরের আগে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবে না বলেছে। ভিয়েতনাম, থাইল্যান্ড প্রভৃতি দেশে গিয়ে মজুরি নিয়ে ‘জ্ঞান’ অর্জন করতে চান তাঁরা। ইন্টারনেট ও বিশ্বায়নের যুগে এ রকম অজ্ঞ থাকা কি সময়ক্ষেপণের কৌশল? শ্রমিক আর মালিকের মধ্যে চূড়ান্ত মধ্যস্থতাকারী হলো সরকার। মালিকদের মুনাফার খোঁজ সরকারই ভালো রাখে। পোশাকশিল্পে অচলাবস্থা নিরসনে সরকারকেই মজুরি বাড়ানোর বন্দোবস্ত করতে হবে। বিলম্বে সমস্যা জটিল বৈ সরল হবে না।