মাহাথির মোহাম্মদের পর্যবেক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অপার সম্ভাবনার বাস্তবায়ন রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে অনিশ্চিত থেকে যাবে। দেশি-বিদেশি বিনিয়োগের জন্য সর্বাগ্রে পুঁজির নিরাপত্তা দরকার। পাশাপাশি দরকার জ্বালানি প্রাপ্তির নিশ্চয়তাসহ অবকাঠামোগত সুযোগ-সুবিধা। কিন্তু শিল্পে শ্রমশৃঙ্খলা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ছাড়া কিছুই হবে না। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদের এ পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ।
মাহাথির মোহাম্মদের কথায় আরও দুটি বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রথমত, তিনি মনে করেন, নির্বাচন বর্জন বা নির্বাচনের পর ফলাফল বর্জন কোনো সমাধান নয়। এ ধরনের সিদ্ধান্ত দেশ ও জাতির জন্যও কল্যাণকর নয়। দ্বিতীয়ত, রাজনৈতিক ক্ষেত্রে ধ্বংসাত্মক কর্মসূচি এড়িয়ে চলা। তিনি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সহনশীল হওয়ার যে পরামর্শ দিয়েছেন, তা সর্ববিচারে যথার্থ।
বাংলাদেশের দুর্ভাগ্য, নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর গণতন্ত্রের অবাধ বিকাশের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও পারস্পরিক আস্থার অভাবে তা বারবার বাধাগ্রস্ত হয়েছে। নির্বাচন সুষ্ঠু হলেও প্রতিবারই বিরোধী দল ফলাফল মেনে নিতে রাজি হয়নি। সংসদ বর্জন একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়। রাজনৈতিক সহিংসতা ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং গত বছর ভয়াবহ মাত্রায় পৌঁছায়।
বিগত দেড় দশকের অভিজ্ঞতায় বলা যায়, রাজনৈতিক সহিংসতার কারণে আমাদের গণতন্ত্র গভীর সংকটের মুখে পড়েছে। বিভিন্ন সময় প্রতিপক্ষ রাজনৈতিক দলের মূল নেতাদের হত্যার মতো ঘৃণ্য ঘটনা ঘটেছে। ২০০৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা চালানো হয়। তা ছাড়া ‘ক্রসফায়ার’, গুম, খুন অব্যাহত রয়েছে। এই সহিংসতার মধ্যে চলতে থাকে জঙ্গিগোষ্ঠীর বোমা হামলা ও হত্যা। এই পরিস্থিতির অব্যর্থ শিকারে পরিণত হয়েছে গণতন্ত্র, অর্থনীতি ও দেশের উন্নয়ন।
এত সব নেতিবাচক ঘটনার মধ্যেও মানব উন্নয়ন ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ যে ঈর্ষণীয় অগ্রগতি অর্জন করেছে, তা সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে দেশে একটি স্বস্তিজনক পরিবেশ বজায় রাখলে উন্নয়ন ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেতে পারে।
মাহাথির মোহাম্মদের বাস্তব অভিজ্ঞতালব্ধ পর্যবেক্ষণ আমাদের জন্য একটি ভালো ব্যবস্থাপত্র হিসেবে বিবেচিত হওয়া উচিত।