মিরপুর-পল্লবীর রাস্তার দুরবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরবাসী যাতে সহজেই নাগরিক সেবা পেতে পারে—এ লক্ষ্যেই ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে বিভক্ত করে ঢাকা সিটি করপোরেশন উত্তর এবং ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ করা হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো, বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সেবার মান আরও নিম্নগামী হয়েছে। মিরপুর-পল্লবীর রাস্তার দুরবস্থা দেখলে তা-ই প্রতীয়মান হয়।
মিরপুর ১০ নম্বর সেকশন ও পল্লবী ১১ নম্বর সেকশনের অধিকাংশ রাস্তা এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ১০ নম্বর সেকশন ডি-ব্লক রোড নম্বর ৩০-এর সামনের রাস্তায় (উদয়ন স্কুলের সামনে) বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এগুলো সব সময় সুয়ারেজের পানি দ্বারা পূর্ণ থাকে। এ রাস্তাটি টু-ওয়ে হলেও এর এক পাশের রাস্তার ওপর ঢাকা সিটি করপোরেশন উত্তর কর্তৃপক্ষ ময়লা-আবর্জনা ডাম্পিং করে। ফলে এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে পারে না। এতে রাস্তাটি অবৈধ স্থাপনায় ভরে গেছে। রাস্তাটি অবিলম্বে সংস্কার করা এবং রাস্তায় ময়লা ডাম্পিং বন্ধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে টু-ওয়ে রোড চালু করা প্রয়োজন।
অন্যদিকে, প্যারিস রোডে নির্মাণাধীন ঢাকা সিটি করপোরেশন মার্কেটের সামনের রাস্তাটি কয়েক বছর ধরে নর্দমার পানিতে ডুবে আছে। এখানে ম্যানহোলের ঢাকনা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে। তা সত্ত্বেও এ রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। দ্রুত এই রাস্তার ম্যানহোল মেরামত করে এটি চলাচলের উপযোগীর যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা সিটি করপোরেশন উত্তরের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আলী হায়দার
পল্লবী, ঢাকা।