
তিন মাস আগে প্রেসিডেন্ট মুরসিকে বলপ্রয়োগের মাধ্যমে সেনাবাহিনীর দ্বারা উচ্ছেদ এবং পরপরই মুসলিম ব্রাদারহুডের নেতাদের গ্রেপ্তার ও নিষিদ্ধকরণের সত্যিকার তাৎপর্য কী, তা-ই হলো এ মুহূর্তে আরবজগতের অন্যতম প্রধান বিতর্কিত বিষয়। এই বিতর্কের মধ্যেই নিহিত রয়েছে মিসরের রাজনৈতিক বাস্তবতার মর্ম। এর জন্য বহু আরব সংগ্রাম করছে, কখনো কখনো জীবন দিচ্ছে। তারা চাইছে তিন বছর ধরে চলা গণ-অভ্যুত্থানের চরিত্র নির্ধারণ করে নিতে। জানতে চাইছে, জনতার শক্তি ও রাষ্ট্রীয় ক্ষমতা কি বৃহত্তর জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং তাদের সম্মতি অর্জন করতে পারবে? নাকি তা আগের মতোই গুটি কয়েক বন্দুকধারীর দ্বারা বাস্তবতা পরিচালিত হতে থাকবে?
যে চিন্তাধারা আমি লালন করি, তাতে মনে হচ্ছে, ২০১১ সালের জানুয়ারি থেকে চলে আসা মিসরের গণতান্ত্রিক রূপান্তরের বেপথে যাওয়ার মধ্যে সেনাবাহিনীর জনসমর্থিত অভ্যুত্থান হলো একটা পশ্চাদপসরণ। যে দ্রুততা ও ভয়াবহতার সঙ্গে সেনাবাহিনী মুরসির সরকারকে উচ্ছেদ, মুরসিসহ মুসলিম ব্রাদারহুডের বেশির ভাগ নেতাকে কয়েদ করেছে, হত্যা করেছে কয়েক হাজার মুরসির সমর্থককে এবং তারপর গণমাধ্যমকে জেনারেলদের হুকুমমতো চলার জন্য চাপ দিচ্ছে, তাতে করে মিসরের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা মারাত্মকভাবে আহত হয়েছে। আরও খারাপ হলো, অনেক মিসরীয়ও মুসলিম ব্রাদারহুডের বিনাশ সমর্থন করছে। এদের মধ্যে সেসব মানুষও আছে, যারা নিজেদের লিবারাল বলে মনে করে।
আমি একে সাময়িক পশ্চাদপসরণ বলেছি ২০১১ সালের জানুয়ারি থেকে কয়েকটি ঘটনায় মিসরীয়দের প্রতিক্রিয়া দেখে। প্রথমে মোবারক, তাঁর সেনাবাহিনী এবং পুঁজিপতিচক্রের শাসন উচ্ছেদ করা হলো। এরপর ২০১২ সালের জুন মাসে সেনাবাহিনীকে বাধ্য করা হলো বৈধভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে। সেনাশাসনের প্রতি সেই গণ ও ক্রমাগত প্রত্যাখ্যান ছিল গভীরভাবে অনুভব করা রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। একে কোনোভাবেই সাময়িক হুজুগ বলা চলে না। এটা ছিল ৬০ বছরের সামরিক শাসনের প্রতিক্রিয়া। এই সামরিকতন্ত্র মিসরকে আরবজগতের নেতা ও উন্নয়নশীল দেশের অবস্থান থেকে মাঝারি মানের দেশ ও গণলাঞ্ছনার দেশে পরিণত করেছে।
আমার ধারণা, সময় গেলে আজ যেসব মিসরীয় নীরব আছে বা সামরিক বাহিনীকে সমর্থন করছে, তারা বিপরীত প্রতিক্রিয়া করবে। তারা বুঝতে পারবে, মিসরের যাবতীয় সংকটের মূলে আছে জেনারেলদের শাসন এবং এই উপলব্ধি থেকেই তারা একসময় মোবারককে উচ্ছেদে শামিল হয়েছিল। তারা সূচনা করেছিল গণতান্ত্রিক ও সাংবিধানিক বহুত্ববাদ। মিসরে আসলেই কী ঘটেছে, তা দেখতে আরও সময় লাগবে। হতে পারে, আমি স্বপ্ন দেখছি এবং সত্যি সত্যিই হয়তো মিসরের গণতন্ত্রের উষালগ্ন শেষ হয়ে গেছে।
যাঁরা মনে করেন গত তিন মাসের ঘটনাবলি নিশ্চিতভাবে মিসরের গণতান্ত্রিক রূপান্তরের সমাপ্তি চিহ্নিত করছে এবং ফিরে এসেছে বেসামরিক শাসনের লেবাস পরা জেনারেলদের শাসন, তাঁরা ঠিকই ভাবেন। নির্মমভাবে মুসলিম ব্রাদারহুডকে গুঁড়িয়ে দেওয়া তাঁদের কাছে ফ্যাসিবাদের চিহ্ন বহন করে; যদিও এই ফ্যাসিবাদ একই সঙ্গে বহন করছে জাতীয়তাবাদী উন্মাদনা। এ ধরনের চিন্তাভাবনা মিসরে সফলভাবে গণতান্ত্রিক পালাবদলের ব্যর্থতায় হতাশ। বিশেষ করে, সেনাবাহিনীর নৃশংসতা এবং ব্যাপকসংখ্যক মানুষের দ্বারা তা সমর্থিত হওয়া হতাশাজনক।
মিসরে আখেরে কী টিকবে আর কী টিকবে না, তা বলার সময় এখনো আসেনি। খুবই সম্ভব, আমরা যা দেখছি তা হয়তো আশির দশক থেকে নব্বইয়ের দশকের শুরুর সময়ে আরবে যে উদারীকরণ চলছিল; এটা হয়তো তা থেকে আলাদা। ভবিষ্যতে যে গণতন্ত্র আসবে আর অতীতে যে ভালো অবস্থা ছিল, বর্তমান হয়তো ওই দুই অবস্থার মাঝামাঝি একটি পর্যায়। আরবের সংস্কারের বিশেষ বৈশিষ্ট্য হলো, এখানে গণতন্ত্র ছাড়াই উদারীকরণ ঘটেছে। কোনো ঝকমকে জেনারেল হয়তো আবার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন এবং স্থিতিশীলতা রক্ষার ইনাম হিসেবে এমন এক দেশে নির্বাচিতও হবেন, যে দেশকে মুসলিম ব্রাদারহুড বিশৃঙ্খলা আর ভয়ের আবহে নিয়ে গিয়েছিল।
কোটি কোটি মিসরীয় একদা এমনভাবে অপমানিত হয়েছিল যে, তারা মোবারকের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেছিল। সেই তারাই আবার মুসলিম ব্রাদারহুডের ক্ষমতা কুক্ষিগত করার বিরুদ্ধে সেনাবাহিনীর ক্ষমতারোহণকে সমর্থন করে। কিন্তু শুধুই কি তারা মুসলিম ব্রাদারহুড থেকে মুক্তি পেতে চাইছিল?
খুবই সম্ভব যে, মিসরের মানুষ এখন মানুষের যে মৌলিক চাহিদা, সেই নিরাপত্তা, কাজ, খাদ্য, জ্বালানি এবং স্বাস্থ্য ও শিক্ষার অধিকারকে রাজনৈতিক অধিকারের চেয়ে বড় করে দেখছে। রাজনৈতিক স্তরে মর্যাদা, অধিকার ও মুক্তির চেয়ে বড় হয়ে উঠেছে মানবিক স্তরের চাহিদাগুলো। এটাও খুবই সম্ভব যে, মিসরীয়রা এ মুহূর্তে বিপ্লবী উত্থান-পতনের মধ্যে একটা বিরতি চায়, কিছুটা স্থিতি চায় তারা; আর সেনাবাহিনী এ মুহূর্তে তাদের সেটাই দিচ্ছে। এটা হতো না, যদি মুসলিম ব্রাদারহুড রাজনৈতিক পালাবদলের সুযোগকে হাতছাড়া না করত। কিন্তু জনগণ একটু গুছিয়ে নিয়ে আবার ফিরে আসবে সত্যিকার গণতন্ত্রকে প্রতিষ্ঠার পথে।
এ মুহূর্তে মিসরীয়দের সামনে কোনো বিকল্প নেই। মুসলিম ব্রাদারহুড সাময়িকভাবে পতিত হলেও তারাও ফিরে আসবে অন্য চেহারায়। ইসলামপন্থীদের মতো সেক্যুলারপন্থীরাও নিজেদের সার্বিক অযোগ্যতা প্রমাণ করেছে। এরই সুযোগ নিয়েছে সেনাবাহিনী। আবার তারা মসনদে, কিন্তু কত দিনের জন্য?
রামি জি খৌরি: লেবাননের দ্য ডেইলি স্টার পত্রিকার এডিটর-অ্যাট-লার্জ এবং বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির ইসসাম ফারেস ইনস্টিটিউট ফর পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক।