
ওয়াল্টার সি. ক্লিমেন্স নিউইয়র্ক টাইমস পত্রিকায় সম্প্রতি লিখেছেন, গণতন্ত্র সম্পর্কে প্লেটো যেসব নেতিবাচক অনুমান করেছিলেন, মিসরের ঘটনাপ্রবাহ সেগুলোর সত্যতা প্রমাণ করে। ক্লিমেন্স ব্যাখ্যা করে বলেছেন, মিসরের অবস্থা কী করে খারাপ থেকে খারাপতর হয়েছে। দেশটিতে মধ্যপন্থী একটি একনায়কতন্ত্রের পর নির্বাচিত একটি বিশেষ ভাবাদর্শের স্বৈরতন্ত্র আসে এবং তা থেকে তৃতীয় ধারার স্বৈরতন্ত্রের উত্থান ঘটে, যা কিনা আরও বেশি পীড়নমূলক ও কম সহনশীল।
যে সকালে আমি এসব কথা লিখেছিলাম (১৩ সেপ্টেম্বর ২০১৩, শুক্রবার), সেদিন মিসরের সংবাদপত্রগুলো দেশে জরুরি অবস্থা আরও দুই মাস বাড়ানোর খবর নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ইতিমধ্যে সেনাবাহিনীর কারিগরি দলটি সিনাই উপদ্বীপের রাফা এলাকায় নিজেদের গোয়েন্দা শাখার সদর দপ্তর পুনর্নির্মাণ শুরু করে দিয়েছে। আত্মঘাতী এক হামলায় গত সপ্তাহে দপ্তরটি উড়িয়ে দেওয়া হয়েছিল। সন্দেহ করা হচ্ছে, বিদেশি উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে ওই হামলা হয়েছিল।
ওই হামলায় মিসরীয় ছয়জন সেনাসদসস্য নিহত ও ১৭ জন আহত হন। এটি ছিল গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপে সক্রিয় রহস্যময় সন্ত্রাসবাদী সংগঠনগুলোর সর্বশেষ পরিকল্পিত সহিংস আঘাত। এসব সংগঠন কাদের পক্ষে কাজ করছে, তা অজানা। কিন্তু আল-কায়েদা ও অন্যান্য জিহাদি আন্দোলনের সঙ্গে তাদের যোগসাজশের খবর নতুন কিছু নয়। তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে কর্তৃপক্ষও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ১৯৮০ ও ১৯৯০-এর দশকের পর এদের বিরুদ্ধে কর্তৃপক্ষকে আর কখনো এতটা কঠোর হতে দেখা যায়নি।
এসব সন্ত্রাসী সংগঠনের তৎপরতা গত বছর তুলনামূলক সীমিত ছিল। কিন্তু তাদের আসল চেহারা প্রকাশিত হয় ইসলামপন্থী সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও তাঁর সমর্থক মুসলিম ব্রাদারহুডকে ক্ষমতাচ্যুত করার পর থেকে। তখন তারা মিসর রাষ্ট্র এবং স্পষ্টত সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে।
সিনাই এলাকাটি গোটা বিশ্বের কাছে এখন অরাজকতা, সহিংসতা ও সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল হিসেবে উপস্থাপিত হচ্ছে। কারণ, জঙ্গিরা সেখানে তাদের আক্রমণাত্মক কৌশল এবং অস্ত্র ও মাদক চোরাচালানের মধ্য দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
বিখ্যাত সাংবাদিক মোহামেদ হাসানেইন হেইকল টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সিনাই এলাকাটি ১৯৭৯ সালের শান্তি চুক্তির পর থেকে ইসরায়েলের করুণার অধীনে রয়েছে। ১৮ থেকে ২৪ হাজার জিহাদির উপস্থিতিতে উপদ্বীপটি এখন মিসরের সবচেয়ে অরক্ষিত এলাকায় পরিণত হয়েছে। দাগি অপরাধী ও সন্ত্রাসীরা সেখানে বসবাস করছে।
রাফার গোয়েন্দা সদর দপ্তরে হামলার সপ্তাহ খানেক আগে ‘আনসার বিত আল-মাকদাস’ নামের একটি সংগঠন কায়রোসংলগ্ন নাসর সিটি এলাকায় হামলা চালিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিমকে হত্যার ব্যর্থ চেষ্টা চালায়। এ স্থানেই মুরসিপন্থীদের দমনের জন্য গত আগস্টে রক্তাক্ত অভিযান চালানো হয়েছিল।
সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, মুরসিকে উৎখাতের পর সামরিক বাহিনী সিনাই উপদ্বীপে অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত সন্ত্রাসবাদীদের ৩৯০টি আস্তানা ধ্বংস করা হয়েছে, ১০১টি যানবাহন ও ৯০টি মোটরসাইকেল আটক করে বাজেয়াপ্ত বা ধ্বংস করা হয়েছে এবং ৩৬৯টি সুড়ঙ্গপথ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ১০৭ জন সন্ত্রাসী নিহত, ৩৫৩ জন আহত ও ৬১৭ জন গ্রেপ্তার হয়েছে এবং গাজা উপত্যকা দিয়ে পাচার করা অস্ত্রশস্ত্রের ৭৩ শতাংশ বাজেয়াপ্ত করার তথ্য বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, সিনাইয়ের সন্ত্রাসীদের জন্য দেশি-বিদেশি অর্থায়ন বন্ধ করতে মিসর কর্তৃপক্ষ সফল হয়েছে। ফলে সব মিলিয়ে সন্ত্রাসীদের জনবল ও অর্থবল দুই-ই দুর্বল হয়ে এসেছে। আর তাদের মধ্যে যোগাযোগের মাধ্যমগুলোও সেনা অভিযানে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বিভিন্ন সূচকে দেখা যায়, জঙ্গি সংগঠনগুলোর হাতে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এখনো রয়ে গেলেও সন্ত্রাসের বিরুদ্ধে সিনাই উপদ্বীপে মিসরের সামরিক লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এসব অস্ত্র সিনাই এলাকা দিয়ে গত দুই বছরে পাচার হয়েছে। বিশেষ করে লিবিয়া ও ফিলিস্তিন সীমান্ত দিয়ে চোরাচালানি দল, জঙ্গি সংগঠন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গোয়েন্দাদের সহায়তায় এসব অস্ত্র মিসরে ঢোকে। তাদের উদ্দেশ্য ছিল সিনাইয়ে একটি সন্ত্রাসী রাষ্ট্র কায়েম করা এবং উপদ্বীপটিকে মিসর থেকে বিচ্ছিন্ন করে সন্ত্রাসী তৎপরতার মধ্য দিয়ে মিসরের জাতীয় নিরাপত্তার ওপর হুমকি তৈরি করা। কায়রোর আল-আহরাম পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়, গোয়েন্দা সদর দপ্তরে গত শুক্রবারের হামলাকারীরা আরেকটি মারাত্মক হামলার ষড়যন্ত্র করছে। একইভাবে, স্থানীয় সংবাদপত্র আল-ওয়াতান ভবিষ্যদ্বাণী করেছে যে মুরসিকে উৎখাতের প্রতিক্রিয়ায় মিসরে সন্ত্রাসী কার্যক্রম আরও ব্যাপক হবে এবং সিনাই ছাড়াও দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়বে। পত্রিকাটি আরও আশঙ্কা করছে, ১৯৭৩ সালের যুদ্ধের ৪০তম বর্ষপূর্তির দিন ৬ অক্টোবর এসব সন্ত্রাসী তৎপরতা সর্বোচ্চ মাত্রায় পৌঁছাতে পারে। তখন মৌলবাদীদের দমনাভিযান অব্যাহত রাখার ব্যাপারে কর্তৃপক্ষ একটি বড় সংকটে পড়তে পারে। ওই মৌলবাদীরা গত ৩০ জুনের গণ-আন্দোলনের পর মিসর রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই ঘোষণা করে।
নিরাপত্তাবিষয়ক প্রতিবেদনগুলোয় ইঙ্গিত দেওয়া হয় যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো ভবিষ্যতে নতুন অস্ত্রশস্ত্র ও কৌশল প্রয়োগ করতে পারে। সুয়েজখাল দিয়ে বিভিন্ন জাহাজে বিস্ফোরক, অন্যান্য অস্ত্রসহ হামলার আশঙ্কাও রয়েছে।
সিনাই উপদ্বীপে মৌলবাদী সংগঠনের তৎপরতার শুরু ১৯৮০-এর দশকের শেষ পর্যায় থেকে। ১৯৯০-এর দশকের শুরুতে সেখানে তিনটি মৌলবাদী সংগঠনের উত্থান ঘটে—‘সালাফি জিহাদিস্ট’, ‘দ্য জিহাদ’ ও ‘দ্য মুসলিম গ্রুপ’। এর মধ্যে শেষ সংগঠনটি পরবর্তী সময়ে ‘আল-তাকফির ওয়া আল-হেগরা’ নামে আত্মপ্রকাশ করে। হাইকলের মতে, এসব সন্ত্রাসীর সংখ্যা আগে এক হাজারে সীমিত থাকলেও মুরসির শাসনামলে ২৪ হাজার ছাড়িয়ে যায়। ১৪টি জঙ্গি সংগঠনের মধ্যে রয়েছে ‘আনসার বিত আল-মাকদাস’। এটি সবচেয়ে বিপজ্জনক সংগঠন হিসেবে বিবেচিত। এরপর রয়েছে ‘আনসার আল-জিহাদ’, ‘শুরা আল-মুজাহিদিন’ এবং কালো ব্যানার বহনকারী সংগঠনগুলোর স্থান, যারা ২০১১ সালের ২৫ জানুয়ারির বিপ্লবের পর সিনাইকে একটি ইসলামি রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়।
নিরাপত্তা-বিষয়ক প্রতিবেদন অনুসারে সন্ত্রাসীদের পরিচয় সিনাইয়ের জিহাদি। কিন্তু এদের মধ্যে অন্যান্য অঞ্চল ও গাজা উপত্যকা দিয়ে অনুপ্রবেশকারী ফিলিস্তিনের নাগরিক এবং কুখ্যাত আসামিরাও অন্তর্ভুক্ত। এটা উল্লেখ করাও জরুরি যে সিনাই উপদ্বীপে সন্ত্রাসী তৎপরতার মধ্যে জাতিগত সহিংসতাও অন্তর্ভুক্ত। যেমন আরিশ, রাফা ও শেখ জুয়াইদ এলাকায় বন্দুকধারীদের মাধ্যমে মিসরীয় খ্রিষ্টানদের অপহরণ কর্মকাণ্ড। এতে বহু খ্রিষ্টান পরিবার শহর ছেড়ে পালিয়ে গেছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার হওয়ার আগ পর্যন্ত তাদের ফিরে আসার নিশ্চয়তা নেই। এ ছাড়া রাফা ও শেখ জুয়াইদ এলাকার গির্জাগুলোয় প্রার্থনা এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং আরিশের কেবল একটি গির্জায় প্রার্থনা চালু রয়েছে।
এদিকে সিনাইয়ের উত্তর অংশে সন্ত্রাসী কার্যক্রমের কারণে সব ধরনের দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রা বন্ধ হয়ে গেছে। এ ছাড়া বিভিন্ন পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্থিতিশীল অবস্থাও এখন আর নেই। এ ছাড়া বহু পরিবার ও অনেক বিনিয়োগকারী বাধ্য হয়ে সরে গেছেন এবং স্থানীয় পর্যটনব্যবস্থা সংকটে পড়েছে।
আমি আশা করি, মিসর নিয়ে ক্লিমেন্সের উপসংহার ভুল এবং গণতন্ত্রের অন্বেষণে উদগ্রীব মিসরের ভাগ্য আরও অন্ধকারাচ্ছন্ন হবে না।
ইংরেজি থেকে অনুবাদ: আশিস আচার্য
কামাল গাবালা: মিসরের আল-আহরাম পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক।